সব শ্রেণী-পেশার জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করবে সরকার। গতকাল বুধবার ড্যাপ চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান সাংবাদিকদের এ কথা বলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সাতজন সদস্য ছাড়াও ড্যাপ পর্যালোচনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় বসবাসকারী সবার সহযোগিতা, মতামত, জনপ্রতিনিধিদের পরামর্শ-আপত্তি এবং অনাপত্তি নিয়েই ড্যাপ বাস্তবায়ন করা হবে। ড্যাপ বিষয়ে যে কেউ একটি গুরুত্বপূর্ণ মতামত দিলে ওই একটি মতামতই বিবেচনায় আনা হবে। ড্যাপের যে গেজেট প্রকাশিত হয়েছে তার কার্যকারিতা বাতিল করা হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি। তাহলে আগের গেজেটই চূড়ান্ত কি না জানতে চাইলে তিনি বলেন, পৃথিবীতে চূড়ান্ত বলে কিছু নেই।প্রতিমন্ত্রী বলেন, ড্যাপকে বাস্তবায়ন ও সমৃদ্ধ করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। এ নিয়ে অহেতুক জটিলতা যাতে না হয়, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠক বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, এটি ছিল মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক। বৈঠকে ড্যাপ বিষয়ে একটি উপস্থাপনা করা হয়েছে এবং কমিটির সদস্যকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। আগামী বৈঠকে কমিটির সদস্যরা তাঁদের মতামত উপস্থাপন করবেন। জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘ড্যাপ বাস্তবায়ন করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন আমাদের মতামত দেব।’ ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ড্যাপের যে পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে মতামত নিতেই মূলত এ কমিটি গঠন করা হয়েছে। ড্যাপ রিভিউ কমিটির সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ড্যাপ বিষয়ে উপস্থাপনার সময় কমিটির সদস্যরা ঢাকা শহরে কেন বন দেখানো হয়নি, রাস্তার পাশে রেললাইন কেন করা হয়নি, পুরান ঢাকার যানজট দূর করতে ফ্লাইওভার রাখা হয়েছে কিনাসহ কিছু কিছু বিষয়ে জানতে চেয়েছেন। এ সময় তাঁদের জানানো হয়, সব বিষয়ই ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ড্যাপ বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা আসতে পারে, এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।স্থপতি ইকবাল হাবীব বলেন, বৈঠকে কমিটির আহ্বায়কসহ সবাই ড্যাপ সম্পর্কে বোঝার চেষ্টা করেছেন। এ ছাড়া এ পর্যন্ত ড্যাপ বিষয়ে সাংসদেরা যত বৈঠক করেছেন সে সম্পর্কেও জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ জুন ড্যাপ চূড়ান্ত করতে এ কমিটি গঠন করা হয়। কমিটি জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।