সবাইকে হুঁশিয়ার থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুর্নীতি ও ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি ফেরাতে মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তবে কোনোভাবেই এই ডুবন্ত নৌকা আর ওঠানো সম্ভব হবে না।আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুত্ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮-দলীয় জোট, ঢাকা মহানগর ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সমাবেশে মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকারের লুটপাটের জন্য বিদ্যুতের উত্পাদন-ব্যয় বেড়েছে। ফলে এই সরকার ছয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। তিনি বলেন, সংসদে দায়মুক্তি দিয়ে রেন্টাল, কুইক রেন্টাল করা হয়েছে লুটপাটের জন্য। এই রেন্টাল, কুইক রেন্টাল থেকে শতকরা ১৫ ভাগ বিদ্যুত্ আসে, আর ব্যয় হয় ৭৫ শতাংশ টাকা।সরকার বিএনপিকে বাইরে রেখে পাতানো নির্বাচন দেওয়ার ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ করে বিএনপির এই নেতা দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাছ থেকে দাবি আদায় করতে হলে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, জামায়াতের নেতা মজিবুর রহমান প্রমুখ।