সবার অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সব শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত না হলে গণতন্ত্রের প্রেক্ষাপটে উন্নয়ন টেকসই ও দীর্ঘস্থায়ী হতে পারে না। আর সবার অংশগ্রহণে উন্নয়নের প্রক্রিয়া সম্পন্ন হলেই কোনো দেশের প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়, নিশ্চিত হয় সে দেশের সমৃদ্ধি।গতকাল বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার গণতন্ত্র ও উন্নয়নবিষয়ক এক সংলাপে এই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য বিমোচনের জন্য গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক সংলাপের আয়োজন করে। সংলাপে অতিথি আলোচক হিসেবে বক্তৃতা করেন চন্দ্রিকা।শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক প্রবৃদ্ধি নিয়ে তাঁর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিস্ময়কর হলেও সত্যি, নানা রকম সংকট, বিভিন্ন দেশে রাজনৈতিক সংকট অমীমাংসিত থাকার পরও দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে এই প্রবৃদ্ধিকে আমরা সবার অংশগ্রহণের উন্নয়নে পরিণত করার কোনো ইঙ্গিত দেখছি না। উন্নয়নের প্রক্রিয়ায় সমাজের সবার অংশগ্রহণের মাধ্যমেই কোনো দেশের প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়, নিশ্চিত হয় সে দেশের সমৃদ্ধি।’গণতন্ত্রের বিকাশে চন্দ্রিকা সম্পদের সুষম বণ্টন ও বৈষম্য দূর করার পক্ষে মত দেন। তিনি বলেন, গণতন্ত্রকে বিকশিত করতে হলে সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে লোকজনের অর্থনৈতিক বৈষম্য দূর করা জরুরি। পৃথিবীর নানা প্রান্তে দেখা গেছে, বৈষম্য থেকেই জন্ম নিয়েছে সংঘাত ও বৈরিতার। আর এই বৈষম্য হতে পারে অর্থনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক।চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, ‘উপমহাদেশ বিভক্তির পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে সংঘাত ও সংকট সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করছে। বিকশিত হচ্ছে গণতন্ত্র। বৈচিত্র্যের মাঝে সংহতির এক অনন্য দৃষ্টান্ত ভারত।’চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, রাষ্ট্র যখন সংলাপের পথ ছেড়ে আজ্ঞাবাহী লোকজনকে দিয়ে শাসনকাজ পরিচালনার পথে হাঁটে, তখন বুঝে নিতে অসুবিধা হয় না যে অসৎ ও অনৈতিক পথে শাসকযন্ত্র দেশ পরিচালনায় আগ্রহী।শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের মতে, রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব যদি গণতন্ত্রের সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলেন, তবে তা বিরাট সংকট তৈরি করে। ইতিহাস সেই শিক্ষাই দেয়।বাংলাদেশ ও পাকিস্তানের তুলনা করে চন্দ্রিকা বলেন, বাংলাদেশের সংবিধানের কারণে বিশেষ করে সংবিধানের ভাষার অসাম্প্রদায়িক চরিত্রের কারণে এ দেশে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তানের মতো সংঘাত হয় না।শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট তাঁর দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে হতাশার ছবি তুলে ধরেন। তিনি বলেন, ‘গণমাধ্যম পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ২৪ জন গণমাধ্যমকর্মীকে খুন করা হয়েছে। প্রাণ দিয়েছেন ভিন্ন মতাবলম্বী তিন সাংসদ। সাবেক প্রেসিডেন্ট হিসেবে দেশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করায় আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আইনজীবীরা আদালতে ফিসফাস করেন। এ দেখে বুঝে নেওয়া যায়, দেশ ভালো চলছে না।’নির্ধারিত বক্তৃতার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে জানতে চান, বাংলাদেশের মতো সে দেশেও বিরোধী নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে জেলে পাঠানো হয় কি না। জবাবে চন্দ্রিকা বলেন, ‘শ্রীলঙ্কায় বিরোধী দলের রাজনীতিবিদদের জেলে পাঠানো হয় না। দেশ থেকে বের করে দেওয়া হয়।’সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল আহসান চৌধুরী, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনিসুল হক, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির প্রমুখ। সংলাপে স্বাগত বক্তৃতা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।