সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায় দাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থা। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ১৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা এই মত দিয়েছেন। নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচনে বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকে এমন দেশ ও দাতা সংস্থাগুলোকে নিয়ে এ মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘আমরা এসেছি জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের জন্য আরও যা যা দরকার, দাতারা সবই দিতে প্রস্তুত।’কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। একচুলও নড়চড় হবে না। অন্যদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, তাঁরা সে নির্বাচনে যাবেন না। এ অবস্থায় দাতা দেশ ও সংস্থাগুলো প্রধান দুই দলকে সংলাপে বসে রাজনৈতিক সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন। প্রধান দুটি রাজনৈতিক দলের বিরোধপূর্ণ অবস্থানের এই পর্যায়ে গতকালের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ কী, আলোচনায় তা জানতে চান মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ। এ ছাড়াও সারা দেশে এক দিনে ভোট হয়ে থাকে। তাই ভোট গ্রহণের দিন সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও একটা বড় চ্যালেঞ্জ। প্রতিনিধিদলের আরেকজন সদস্য প্রশ্ন করেন, আইন পাস করতে সময় লাগে। নির্বাচনের আগে হঠাৎ করে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে কেন? এর জবাবে সিইসি বলেন, বিদ্যমান আইনে নির্বাচন করা সম্ভব। তবে আরও ভালো নির্বাচনের জন্য আইন সংশোধনের প্রয়োজন আছে। আলোচনার শুরুতে সিইসি কাজী রকিব ভোটার তালিকা হালানাগাদ, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন দলের নিবন্ধন ইত্যাদি বিষয়সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দাতাদের অবহিত করেন। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, স্বচ্ছ ব্যালট বাক্সসহ কারিগরি ও নির্বাচনী উপকরণের ব্যাপারে কমিশন দাতা দেশগুলোর সহায়তা নিয়ে থাকে। সংসদ নির্বাচন সামনে রেখে এসব বিষয় নিয়ে বৈঠকে কথা হয়েছে। তিনি বলেন, ‘দাতারা সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের সঙ্গে একমত। আমাদেরও লক্ষ্য সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা।’সিইসি জানান, কমিশনের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) কাজ করছে। তাদের প্রকল্পে অন্য সব দাতা দেশ জড়িত রয়েছে। কমিশন এবারের নির্বাচন সামনে রেখে নির্ধারিত সময়ে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি সরবরাহ ও কিছু ভিডিও ক্যামেরা সরবরাহের জন্য দাতাদের সহায়তা চেয়েছে। আলোচনায় অন্যদের মধ্যে আরও ছিলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ক্রেইগ উইলকক, যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক লো, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়ং, সুইজারল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারোলিট ট্রটুইলারসহ জাতিসংঘ, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, সুইডেন, জাপান, নরওয়ে, নেদারল্যান্ডস, ডিএফআইডির প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের পক্ষে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।