সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই: যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট। তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্যের প্রয়োজনীয় সমর্থন থাকবে। এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট আজ বুধবার বাংলাদেশে তাঁর তিন দিনের সফর শেষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।সম্প্রতি বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাজ্যের গভীর উদ্বেগের কথা জানান এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে গত সপ্তাহে যুক্তরাজ্যের কমনসভায় এ সম্পর্কে আলোচনা হয়েছে। এ ঘটনার পরিপূর্ণ তদন্তের আহ্বান জানান তিনি।যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, সংলাপ করে একটি সুষ্ঠু নির্বাচন করা বাংলাদেশের জনগণের প্রত্যাশা। এটাই হলো বাংলাদেশের ভবিষ্যতের রক্ষাকবচ।অ্যালিস্টার বার্ট বলেন, আগামী নির্বাচন কী প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা অবশ্যই বাংলাদেশের জনগণকে নির্ধারণ করতে হবে। তিনি বলেন, কোনো কোনো গণমাধ্যমে খবরে বলা হয়েছে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে সমর্থন করেছেন। এটা ঠিক নয়। এটা নিয়ে যুক্তরাজ্য কোনো হস্তক্ষেপ করবে না। এই বিষয়টা দলগুলো আলোচনা করেই ঠিক করতে পারবে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য অবাধ গণমাধ্যম ও মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। বিচার-বহির্ভূত হত্যা, নিখোঁজ হয়ে যাওয়ার মতো ঘটনায় খুবই উদ্বিগ্ন যুক্তরাজ্য। এলিট বাহিনী র্যাবকে প্রশিক্ষণ দিয়ে যুক্তরাজ্যের বিতর্কিত হওয়ার বিষয় নিয়ে তাঁরা সজাগ। র্যাবকে তাঁরা এখন আর প্রশিক্ষণ দিচ্ছে না। সাম্প্রতিককালে পুলিশের বাড়াবাড়ির ঘটনারও তদন্ত হওয়া প্রয়োজন বলে প্রতিমন্ত্রী বার্ট মনে করেন।সফরের সময় বার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করেছেন। তিনি সিলেট এলাকায় যুক্তরাজ্যের সাহায্যপুষ্ট কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছেন।