সবার উচিত উচ্চ আদালতের রায়টি মেনে চলা
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়টি তিনি এখনো পড়েননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ায় সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। এ রায়ের ফলে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার কোনো কারণ বা আশঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন।আজ সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শফিক আহমেদ এসব কথা বলেন। ‘আইনের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবে।পরবর্তী নির্বাচন-পদ্ধতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘রায়ে দিকনির্দেশনা দেওয়া আছে। সবার উচিত উচ্চ আদালতের রায়টি মেনে চলা। সবাই রায়টি গ্রহণযোগ্য মনে করলে সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন কমিশন শক্তিশালী এবং তারা স্বাধীনভাবে কাজ করবে। এ কমিশন সাংবিধানিক পোস্ট। এ পোস্টে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে।’ এর আগে ব্লাস্টের অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকারের মতো বিষয়গুলো ধর্মীয় আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, এমন কোনো আইন সরকার করবে না। ধর্মীয় দিক বিবেচনা করেই হিন্দু বিবাহ নিবন্ধনকে সরকার ঐচ্ছিক রাখতে বাধ্য হয়েছে। এ ধরনের যেসব আইন আছে, তা খুব চিন্তাভাবনা করে সংস্কার করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। আইনমন্ত্রী বলেন, নারীরা বাড়িতে যে কাজ করছেন, তার আর্থিক মূল্য দেওয়া হয় না বা কখনো মূল্যায়নও করা হয় না। ইংল্যান্ডে বিবাহবিচ্ছেদের সময় স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পত্তি সমানভাবে ভাগ করে দেওয়া হয়। অর্থনৈতিক অধিকার আদায়ে নারীশিক্ষার হার বাড়ানোর বিকল্প নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন।আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, আইনজীবী রাবেয়া ভূঁইয়া আলোচনায় অংশ নেন। আলোচকেরা নারীর অধিকারের প্রশ্নে ধর্মের বিষয়টি সামনে না এনে যৌক্তিক ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে নতুন আইন তৈরি করা এবং বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।