সবার উপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল, বিশেষত বিশ্বকাপ ‘সেরা’দের কম দেখেনি। কেউ এ যুগের সেরা, কেউ ও যুগের সেরা। কেউ আক্রমণের সেরা, কেউ রক্ষণের। কিন্তু সর্বকালের সেরা কে?এই প্রশ্নটার জবাবে তালিকা সংক্ষিপ্ত হতে হতে অবশিষ্ট থাকে মাত্র দুটি নাম। বিতর্ক চলতেই থাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত একটা হয় বটে—সর্বকালের সেরা দুই ফুটবলারের নাম এডসন অরান্তেস দো নাসিমেন্তো ও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।বিল গেটস থেকে শুরু করে হরিপদ কেরানি পর্যন্ত; এই দুনিয়ার কোনো একটি মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে, যাঁরা ফুটবলের এই দুই মহানায়কের নামটা অন্তত জানেন না। আজ এই ২০১০ সালে এসে পেলে-ম্যারাডোনা সম্পর্কে নতুন আর কী-ই বা জানানোর আছে!চারটি বিশ্বকাপ খেলে ৩টি জিতেছেন পেলে। ১৭ বছর বয়সে এই ধরাধামকে চমকে দিয়ে আবির্ভাব হয়েছিল ১৯৫৮ বিশ্বকাপে। গোল করেছেন এক হাজারেরও বেশি। কিন্তু গোলের সংখ্যা দিয়ে পেলেকে বুঝতে চাইলে তা হবে বোকামি। পেলে মানুষের মন রাঙিয়েছেন ফুটবল মাঠে অসম্ভব সব ভাবনার বিচিত্র রূপায়ণে। ফুটবলটা যে এভাবে খেলা যায়, তা পেলের আগে কেউ ওভাবে দেখাতে পারেননি। পরেও কি পেরেছেন?ম্যারাডোনা যা করেছেন, সেটিই বা কজন পেরেছেন? বলতে গেলে একাই আর্জেন্টিনাকে জিতিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপ। আর কোনো বিশ্বকাপ এমন নির্দিষ্ট একজন খেলোয়াড়ের নামাঙ্কিত হয়ে থাকেনি। কাউকে বলুন ‘১৯৮৬ বিশ্বকাপ’, সঙ্গে সঙ্গেই উত্তর পাবেন—ওহ্, ম্যারাডোনা! ম্যারাডোনা মানেই রংধনু। কত রং, ‘কালো’ও হয়তো আছে। একই ম্যাচে হাত দিয়ে গোল করেছেন, আবার সেই ম্যাচেই এমন এক গোল, যেটি স্বীকৃতি পেয়ে গেছে শতাব্দী-সেরার।ফুটবল ছাড়ার পর দুজন চলেছেন ভিন্ন দুই মেরুতে। একদিকে পেলে হয়ে উঠেছেন সুশীল ফুটবলীয় ব্যক্তিত্বের প্রতিমূর্তি। আরেকদিকে মাদক, নিয়ন্ত্রণহীন জীবন, বলগাহীন কথাবার্তা দিয়ে ম্যারাডোনা হয়ে উঠেছেন ‘অ্যাংরি হিরো’।সবকিছুর পর আরেকটা বিশ্বকাপে এসে এখনো সমান প্রাসঙ্গিক এই দুই মহাতারকা। এখন পর্যন্ত বিশ্বকাপ মানেই পেলে—এ কারণে না থেকেও প্রতিটি ম্যাচে থাকবে তাঁর ছায়া। ম্যারাডোনা এবার আর ছায়া নন। আর্জেন্টিনা দল নিয়ে সশরীরেই থাকছেন এবারের বিশ্বকাপে।না থাকলেও কিছু আসত-যেত না। চার বছর পর পর বিশ্বকাপ আসে, আর ওই দুটি নাম আবারও নাড়িয়ে দেয় সবার হূদয়। পেলে! ম্যারাডোনা!