এবারের এসএসসি পরীক্ষায় সবার ওপরে সিলেট বোর্ড। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৭৮ শতাংশ, যেখানে সারা দেশে এই হার ৮৬ দশমিক ৩৭ শতাংশ। এ বছর এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অন্য রকম উৎসাহের সঞ্চার হয়েছে।ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নওরত জাহান চৌধুরী বলল, ‘আমরা ভালো ফল করেছি বলেই সারা দেশে আমাদের বোর্ডও সেরা হয়েছে।’পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এবারের ফলাফলে সিলেটে শিক্ষা-দীক্ষার অতীত ঐতিহ্যের প্রত্যাবর্তন ঘটেছে। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাসের হারও বেড়েছে। এবার দেশসেরা ফল হওয়ায় ভবিষ্যতে আমাদের শতভাগ সাফল্য অর্জন করার চেষ্টা থাকবে।’ এই ফলাফলকে ‘শুভলক্ষণ’ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের এপ্রিলে শিক্ষায় সিলেটের অনগ্রসর থাকার বিষয়টি চিহ্নিত করার চেষ্টা শুরু করি। এভাবে সারা দেশের কয়েকটি অঞ্চলকে ভাগ করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু করা হয়। সারা দেশেই এর সুফল পাওয়া গেছে। এর মধ্যে সিলেট বোর্ড আলাদাভাবে প্রকাশ পেল এই ফলাফলের মাধ্যমে।’ ২০০০ সালে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা হয়। ২০০১ সালে প্রথম ফলাফল ঘোষণা হয়। ওই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ১৭৬। পাসের হার ছিল ৩৯ দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল মাত্র দুজন পরীক্ষার্থী। এর পর থেকে ধাপে ধাপে ফলাফল ভালো হতে থাকে।সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলা—হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট। এবার চার জেলার ৭৪৪টি বিদ্যালয়ের ৫৮ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৩ হাজার ৫৭৯ জন। এর মধ্যে ১২১টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গত বছর শতভাগ পাসের হারের বিদ্যালয়ের সংখ্যা ছিল ৪২। বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ২৩ শতাংশ। এবার পাসের হার ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের তুলনায় জিপিএ-৫ বেড়েছে ৪৬৩টি। নতুন চার প্রতিষ্ঠান: সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার নতুন করে চারটি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। ১৩তম স্থানে রয়েছে হবিগঞ্জের গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়, ১৪তম স্থানে একই জেলার শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুল, ১৬তম স্থানে শাহজীবাজারের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাইস্কুল, ১৮তম স্থানে মৌলভীবাজারের শমসেরনগর হাজি মুহামঞ্চদ উস্তার গার্লস হাইস্কুল। প্রত্যাশা: নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বললেন, ‘এ অর্জন সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সাফল্য। এ জন্য আমরা বেশি আনন্দিত ও গর্বিত।’ শিক্ষার পদ্ধতিগত পরিবর্তনে এমন ফল এসেছে জানিয়ে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হাসেম বলেন, ‘সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে আশানুরূপ সাফল্য ধরা দিয়েছে।’