সবার চেষ্টায় আবার স্বপ্নের পদ্মা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও দেশের বাইরে সবার সম্মিলিত চেষ্টাতেই পদ্মা সেতুর ঋণচুক্তি পুনর্বহাল করল বাংলাদেশ। বিলম্বে হলেও শর্ত পূরণ করতে বাংলাদেশ সব ধরনের উদ্যোগই নেয়। আর আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে সহায়তা ও সমর্থন দিয়েছে প্রভাবশালী চার দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ভারত। বিশ্বব্যাংকের সদর দপ্তরের সমর্থনও বাংলাদেশ পেয়েছে। ফলে নজিরবিহীনভাবে বাতিল করা প্রকল্পে আবার ফিরে এসেছে বিশ্বের বৃহত্তম এই দাতা সংস্থা।শর্ত পূরণ করে বাংলাদেশ সম্ভাব্য দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দাতাদের আশ্বস্ত করতে পেরেছে। অন্যদিকে, বিশ্বব্যাংকও দুর্নীতির সম্ভাবনা বন্ধ করতে তাদের ঘোষিত নীতি অক্ষুণ্ন রেখেছে। ফলে পদ্মা সেতুতে ফিরে আসায় লাভবান হয়েছে দুই পক্ষই। ঢাকা এবং ওয়াশিংটনের সংশ্লিষ্ট সূত্রে এমনই ধারণা পাওয়া গেছে। পদ্মা সেতু হলে ১৬ জেলার ছয় কোটি মানুষ সরাসরি উপকার পাবে। সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হবে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলার সঙ্গে। এতে দক্ষিণাঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়বে ১ দশমিক ৬ শতাংশ। আর সারা দেশের জিডিপি বাড়বে দশমিক ৬ শতাংশ।শর্ত পূরণ হলে পদ্মা সেতুতে অর্থায়নের সংকেত দিয়েই রেখেছিল বিশ্বব্যাংক। শেষ সময়ের আলোচনা করতে ওয়াশিংটনে হাজিরও ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। তা-ও শেষ মুহূর্তে ভেস্তে যেতে বসেছিল বিশ্বব্যাংকের ফিরে আসা। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছুটি নেননি বলে বক্তব্য দেওয়ায় হঠাৎ করে সংকট তৈরি হয়। ফলে আবার যোগাযোগ শুরু হয় ঢাকা-ওয়াশিংটনের মধ্যে। সক্রিয় হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। নিশ্চিত করা হয় মসিউর রহমানের ছুটির বিষয়টি। তার পরেই ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক। পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত এককভাবে নিয়েছিলেন বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। বিদায় নেওয়ার এক দিন আগে, গত ২৯ জুন তিনি এ সিদ্ধান্ত নেন। ২০০২ সালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে জরুরি ক্ষেত্রে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। তা-ই বাংলাদেশের বেলায় প্রয়োগ করেন তিনি। তবে ২০ সেপ্টেম্বর ঋণচুক্তি পুনর্বহালের যে সিদ্ধান্ত হয়, তা নেয় বিশ্বব্যাংক বোর্ড। এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেন বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়াং কিম।সরকারের নির্ভরযোগ্য বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোর ফলই হচ্ছে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ফিরে আসা। এ জন্য প্রভাবশালী কয়েকটি দেশ যৌথ ও সক্রিয়ভাবে বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে। দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ভারত। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ডসভায়ও এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের পক্ষে কথা বলেছেন বলে জানা গেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস প্রেসিডেন্টরাও বাংলাদেশের পক্ষে ছিলেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি টিমোথি গেইথনারও বাংলাদেশকে সমর্থন করেছেন। শুরু থেকেই সহ-অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপানের উন্নয়ন সংস্থা জাইকা বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছিল। সূত্রগুলো জানায়, এডিবি ও জাইকা বিশ্বব্যাংকের অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত ছিল না। তবে রীতি হচ্ছে, মূল দাতার সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানানো। ফলে এডিবি ও জাইকা বিশ্বব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে সহমত জানিয়েছে। আবার একই সঙ্গে তারা ঋণচুক্তির মেয়াদ একাধিকবার বাড়িয়ে বাংলাদেশের সঙ্গেও থেকেছে।কূটনৈতিক তৎপরতায় যুক্ত সূত্রগুলো বলছে, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়াং কিমও ছিলেন নানামুখী চাপের মুখে। সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক একজন রিপাবলিকান। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সাবেক এই বাণিজ্য প্রতিনিধিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন। রবার্ট জোয়েলিক আবার মার্কিন টি পার্টি আন্দোলনের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। মার্কিন সংবিধান কঠোরভাবে সমুন্নত রাখা এবং সরকারি ঋণ, কর ও ব্যয় কমানো নিয়ে প্রতিবাদ ও আন্দোলন করাই টি পার্টির কাজ। এমন কথাও সূত্রগুলো বলছে, শর্ত পূরণ ছাড়া বাংলাদেশকে পদ্মা সেতুর অর্থ দিলে এর বিরুদ্ধে রবার্ট জোয়েলিক প্রকাশ্য অবস্থান নেবেন বলেও ওয়াশিংটনে আলোচনা ছিল। তবে বিশ্বব্যাংকের ভেতর থেকে একটি বড় অংশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এতে অবস্থান শক্তিশালী হয়েছে নতুন প্রেসিডেন্টের। ফলে প্রথমবারের মতো বিশ্বব্যাংক তার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) দেওয়া ঋণচুক্তি বাতিল করেও আবার ফিরে এসেছে। আইডিএর ঋণ সহজ শর্তের। এর আগে কোনো দেশের ক্ষেত্রে আইডিএর ঋণ পুনর্বহালের নজির নেই বিশ্বব্যাংকের। ঘটনাবহুল ১৯ ও ২০ সেপ্টেম্বর: বিশ্বব্যাংক চারটি শর্ত দিয়েছিল বাংলাদেশকে। এর মধ্যে মসিউর রহমানের ছুটিতে যাওয়া ছাড়া বাকি সব শর্ত পূরণ করা হয় আগেই। কিন্তু মসিউর রহমান ছুটিতে যাবেন কি না, তা নিশ্চিত ছিল না। একাধিকবার তিনি ছুটিতে না যাওয়ার কথা বলেছেন। এমনকি ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। কথা ছিল, ১৯ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সরকারের বার্তা নিয়ে ওয়াশিংটনে যাবেন। এর আগে চারটি শর্তের শেষ শর্তটিও পূরণ করা হবে। তবে শর্ত পূরণ হচ্ছিল না, উত্তেজনা বাড়ছিল। সেদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসিউর রহমানের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন। সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা জানিয়ে দেন মসিউর রহমানকে। তারপরই রাতে ড. গওহর ওয়াশিংটন রওনা হন।নির্ভরযোগ্য সূত্রটি জানায়, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভী একসঙ্গে বিমানবন্দর ত্যাগ করলেও গওহর রিজভী একাই ওয়াশিংটনে যান। বিশ্বব্যাংকের বোর্ডসভা ছিল ২০ সেপ্টেম্বর। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে শর্ত পূরণের কথা জানানো হয়। ঋণচুক্তি পুনর্বহালের সংকেতও দেওয়া হয় বাংলাদেশকে। কিন্তু এ সময়েই বাংলাদেশে মসিউর সাংবাদিকদের ছুটিতে যাওয়া নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন। এর প্রভাব পড়ে ওয়াশিংটনের আলোচনায়। তাঁর ছুটি নিয়ে সন্দেহ তৈরি হয়। ফলে শেষ পর্যন্ত ছুটিতে যাওয়ার প্রমাণ দিতে হয় বাংলাদেশকে। আর তাতেই অবসান ঘটে সব অনিশ্চয়তার। সূত্রমতে, বিশ্বব্যাংকের ওই দিনের বৈঠকে পদ্মা সেতুর ১২০ কোটি ডলার ছাড়াও বাংলাদেশের জন্য কয়েকটি উন্নয়ন প্রকল্পে আরও ৫২ কোটি ৭০ লাখ ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়। একটিমাত্র বৈঠকে এই পরিমাণ অর্থের অনুমোদন বাংলাদেশের প্রতি আস্থার প্রকাশ বলেই মনে করছেন সরকারের একজন উপদেষ্টা।নতুন চুক্তির প্রয়োজন নেই: জানা গেছে, বিশ্বব্যাংকের সঙ্গে নতুন করে আর চুক্তি করতে হবে না। আগের চুক্তির আওতায় পুনরায় সম্পৃক্ত হবে সংস্থাটি। তবে বিভিন্ন বিষয়ে নতুন করে আলোচনা করতে হবে। এতে বাড়তি সময় লাগতে পারে। জাইকাও গতকাল সোমবার তাদের ঋণচুক্তির মেয়াদ আরও নয় মাস বাড়িয়েছে। অর্থাৎ এর মধ্যেই সব ধরনের আলোচনা শেষ করে কাজ শুরু করে দিতে হবে।তবে নির্ভরযোগ্য সরকারি সূত্রগুলো জানায়, বাংলাদেশ চাইবে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দিতে। এ লক্ষ্যে সবার আগে নির্মাণ তদারকি প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে। দুর্নীতির অভিযোগ উঠেছিল এখান থেকেই। এ ক্ষেত্রে বাংলাদেশ বহুল আলোচিত এসএনসি-লাভালিনকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান বা বাকিদের মধ্য থেকে কাজ দিতে প্রস্তাব দেবে। তবে দাতা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সবকিছু ঠিক করা হবে। জানা গেছে, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা থেকে তিনটি পৃথক প্রতিনিধিদল আসবে কয়েক দিনের মধ্যেই। তাদের সঙ্গে আলোচনা করে কাজের পদ্ধতি ঠিক করা হবে। পাশাপাশি আরেকটি প্রতিনিধিদল দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কাজ করবে। জানা গেছে, কোনো দেশ বা দাতাই এককভাবে নির্মাণকাজ তদারকি করবে না। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকেরও একক কর্তৃত্ব থাকবে না; বরং সব অর্থায়নকারীর সমন্বয়ে তৈরি একটি দল সব ধরনের সিদ্ধান্ত নেবে। তবে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে থাকবে সেতু বিভাগ। আর পদ্মা সেতু কর্তৃপক্ষ নামে একটি আলাদা সংস্থা তৈরি করা হতে পারে বলে জানা গেছে। বঙ্গবন্ধু সেতু তৈরির সময়ও যমুনা সেতু কর্তৃপক্ষ নামে আলাদা সংস্থা ছিল।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সাংবাদিকদের বলেছেন, আগামী বছরের এপ্রিল-মে মাসে পদ্মা সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে। আর দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যাত্রার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বিশেষ বৈঠক করেন। এর আগে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা ছাড়া কাউকে পদ্মা সেতুর ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে মানা করেছেন।সরকারের মধ্যে এ রকম অভিমত রয়েছে যে পদ্মা সেতু প্রকল্পটি এক বছর পিছিয়ে যাওয়ায় এর ব্যয়ও কিছুটা বাড়তে পারে। বর্তমান প্রাক্কলিত ব্যয় ২৯০ কোটি ডলার। এখন এই ব্যয় ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে দ্রুত কাজ শুরু করতে পারলে বাড়তি ব্যয় খানিকটা কমানো যাবে বলে মনে করছে সরকার।তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শর্ত পূরণে সরকার বেশি বিলম্ব করায় প্রকল্পটি পিছিয়ে গেছে, তাতে ব্যয়ও বাড়ছে। পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এপ্রিলে দুর্নীতির অভিযোগ জানিয়ে শেষ চিঠিটি দিয়েছিল বিশ্বব্যাংক। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এর পর চারটি শর্ত দিলেও তা নিয়ে চলে নানা টালবাহানা। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ ও তা গ্রহণ করা নিয়েও হয় নানা নাটক। সবশেষে অনিশ্চয়তা তৈরি হয় মসিউর রহমানের ছুটিতে যাওয়া নিয়ে। তবে দেরিতে হলেও অনিশ্চয়তার অবসান হয়েছে। শুরু হবে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের কাজ। বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা হয়েছে। ঋণের মেয়াদ বাড়িয়েছে জাইকা। এডিবিও সঙ্গে আছে। আইডিবি আগে থেকেই সম্পৃক্ত ছিল। আশা করা যায়, সবার সমন্বয়ে পদ্মা সেতু প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে যাবে।