সবার জন্য ই-কমার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার উদ্যোগটা ব্যবসা না এনজিও? ‘এনজিও নয়, প্রচলিত ব্যবসাও নয়। বলতে পারেন সামাজিক ব্যবসা।’ এভাবেই নিজের কাজ সম্পর্কে বলেছিলেন সাদেকা হাসান। মূলত বাণিজ্যই করেন, তবে মাধ্যম তথ্যপ্রযুক্তি, ই-কমার্স। ইতিমধ্যে তরুণ ই-কমার্স উদ্যোক্তা হিসেবে সাদেকার পরিচিতিটা বেশ ছড়ানো। স্বীকৃতি পেয়েছেন তাঁদের ‘আমার দেশ আমার গ্রাম’ নামের ই-কমার্স ওয়েবসাইটের জন্য। ধানমন্ডিতে নিজেদের ছোট অফিসে বসে কথা বলেন সাদেকা। ‘ই-কমার্সের ওয়েবসাইট বলতে যা বোঝায়, আমাদেরটাও তাই। তবে শুধু পণ্য বিক্রি করাটাই মুখ্য নয়। তাঁদের তৈরি বা উৎপাদিত পণ্য এখানে বিক্রি করা হয়, যাঁরা আর্থিকভাবে কিছুটা পিছিয়ে আছেন। ই-কমার্সের মাধ্যমে গ্রামের মানুষদের উন্নয়ন করা যায় কি না, সে চেষ্টা আমরা করছি।’ শুরুটা ২০০৯ সালে। স্বামীসহ ফিরে এসেছেন যুক্তরাজ্যের লন্ডন থেকে। এর আগের কথা একটু বলে নিই। সাদেকার পড়াশোনা ইংরেজি মাধ্যমে ঢাকার স্কলাসটিকা স্কুলে। এরপর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন স্থাপত্য নিয়ে। স্থাপত্যে স্নাতক হয়ে ভাবলেন, এ বিষয়ে লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেবেন। সেটা ২০০৬ সাল। এর মধ্যেই বিয়ে। লন্ডনে সাদেকার স্বামী আতাউর রহমান তখন পড়ছেন নেটওয়ার্ক প্রকৌশল বিষয়ে। সেখানেই চালু হলো ফিউচার সলিউশনস ফর বিজনেস (এফএসবি) নামের তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান। তখন সাদেকা বুঝতে পারলেন, তথ্যপ্রযুক্তি নিয়ে বাংলাদেশে অনেক কিছুই করার আছে। সাদেকার লন্ডনে থাকা হলো ঠিকই, কিন্তু স্থাপত্য নিয়ে আর উচ্চতর পড়াশোনাটা হলো না। ‘স্থাপত্য হলো আমার সৃজনশীলতার জায়গা। তবে আমি এমন কিছু করতে চেয়েছি যাতে দেশের মানুষের কিছুটা কাজে লাগে। লন্ডনে আমাদের তৃতীয় বিশ্বের মানুষ হিসেবেই দেখা হতো। এই বৈষম্যটা ভালো লাগত না। তৃতীয় বিশ্বের দেশ থেকেও যে কিছু করে দেখানো যায়, সে ইচ্ছাটা আমার মধ্যে প্রবলভাবে কাজ করে।’লন্ডন থেকে ফিরে এসে দেশে ঘাঁটি গাড়বেন, সাদেকা-আতাউর কারও পরিবারই এটা চায়নি। আতাউরের পুরো পরিবারই আবার প্রবাসী। ‘আমি ওয়েবসাইটের মাধ্যমে শুধু ফুল, বই বিকিকিনি করতে চাইনি। দেশের পণ্য তুলে ধরতে চেয়েছি।’ শুরুতে দেশের কিছু প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসের পণ্য বিক্রি করা হতো আমার দেশ আমার গ্রাম ওয়েবসাইটে। ‘একটা সময় মনে হলো, আমরা তো শুধু বড়দেরই বড় করছি। যাঁরা ছোট, তাঁদেরও ধীরে ধীরে বড় করা যায়।’ এখন যে কাজটা সাদেকা হাসান করছেন, সেটা শুরু হলো তখন, ২০০৯ সালে। চলে গেলেন বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালী গ্রামে। মিঠেখালী হলো সাদেকার নানাবাড়ি। অকালপ্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ হলেন সাদেকার বড় মামা। মা শরীফুন হাসান সমাজসেবার সঙ্গে যুক্ত। বাবা মাহমুদ হাসান ব্যবসা করেন। সাদেকা মিঠেখালী গ্রামের নারীদের তৈরি নকশিকাঁথা ও অন্যান্য হস্তশিল্পের ছবি তুলে দাম নির্ধারণ করে তুলে ধরলেন ওয়েবসাইটে। এরপর যোগ হলো ওই এলাকার মাছ। তবে মাছটা শুধু দেশের মধ্যেই বিক্রি করা হয়। উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে সেটার সঙ্গে নিজেদের একটা কমিশন যোগ করে তার দাম ধরা হয়। ডাকযোগে পণ্য চলে যায় ক্রেতার কাছে।ই-কমার্সের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ বা রক্ষণাবেক্ষণ করা দূর থেকে সব সময় সম্ভব না। ‘আমরা এ কাজটা স্থানীয়দের দিয়ে করিয়ে থাকি। এ জন্য যেসব জায়গায় আমাদের কাজ রয়েছে, সেসব জায়গায় ই-সেন্টার গড়ে তুলি। আমাদের উদ্দেশ্য ব্যবসা করা, গ্রামে তথ্যপ্রযুক্তিকেন্দ্র করে অনুদানের মাধ্যমে সেটি চালানো নয়। তাই আমরা একে টেকসই করার দিকে নজর দিয়েছি।’ আমার দেশ আমার গ্রামের ই-সেন্টারগুলো পরিচালনার জন্য কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়। তাঁরা বেতন পান। প্রথমে কম্পিউটারের দরকারি বিষয় শেখানো হয়। পরে তাঁরা আবার গ্রামের অন্যদের, বিশেষ করে তরুণদের শিখিয়ে দেন। ই-সেন্টারের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি, শিক্ষার্থীদের ডেটাবেইস, পরীক্ষার ফলাফল ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার বিনা মূল্যে তৈরি করে দেয় এফএসবি। এফএসবি বাণিজ্যিকভাবে তথ্যপ্রযুক্তির বিভিন্ন কাজ করে। এর একটা প্রকল্প আমার দেশ আমার গ্রাম। যেটা দেখছেন সাদেকা হাসান। জানালেন, এখন সাড়ে পাঁচ হাজার উৎপাদক আছেন তাঁদের সঙ্গে। এর মধ্যে নারীর সংখ্যা বেশি। এখন কাজ করছেন মংলা, জামালপুর, নরসিংদী, টাঙ্গাইলসহ আরও কিছু জায়গায়। তাঁদের সাইটে কী বিক্রি হয়? শাকসবজি, মাছ, পোশাক, গয়নাগাটি থেকে শুরু করে পেইন্টিংস পর্যন্ত—জানান সাদেকা। ২০১১ সালে একাধিক পুরস্কার পেয়েছে ‘আমার দেশ আমার গ্রাম’। এর মধ্যে আছে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড, বাংলাদেশের জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার, ই-এশিয়া ও ভারতের মন্থন পুরস্কার। সাদেকা বলেন, ‘জীবন তো একটাই। তাই পরবর্তী প্রজন্মের জন্য একটা শক্তিশালী জায়গা তৈরি করে রেখে যেতে চাই।’