জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বিশেষ সংখ্যা
সবার জন্য ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা
আমরা যখন ছোট ছিলাম, তখন স্কুলজীবনে মাত্র একটা পরীক্ষা ছিল—সেটা ছিল এসএসসি। তোমাদের কী মজা, প্রথমে পিএসসি, তারপর জেএসসি এবং সবশেষে এসএসসি। তিন-তিনটি পরীক্ষা। বোঝাই যাচ্ছে, এতগুলো পরীক্ষা দেওয়ার কারণে পুরো পরীক্ষার ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে ডাল-ভাত হয়ে যাবে। আমাদের মতো নিশ্চয় তোমরা দুরু দুরু বক্ষে পরীক্ষার হলে যাবে না। তোমরা যাবে হাসিমুখে আনন্দ করতে করতে।এই বেলা তোমাদের গোপনে একটা কথা বলে রাখি, পরীক্ষার এ ব্যাপারগুলো কিন্তু আমি কখনোই খুব সিরিয়াসলি নিই না। এর কারণটা কী, জানো? কারণ হচ্ছে, মানুষের কিন্তু অনেক ধরনের বুদ্ধিমত্তা থাকে। তাই কাউকে যদি যাচাই করতে হয়, তাহলে তার সব ধরনের বুদ্ধিমত্তা যাচাই করা দরকার। কিন্তু এ পরীক্ষাগুলো দিয়ে আমরা শুধু লেখাপড়ার বুদ্ধিমত্তাগুলো যাচাই করি, অন্য বুদ্ধিমত্তাগুলো যাচাই করতে পারি না। তাই যদি শুধু এ পরীক্ষা দিয়ে কাউকে যাচাই করে একটা সার্টিফিকেট দিয়ে দিই, তাহলে কি সেটা যুক্তিযুক্ত হবে?আগে ব্যাপারটা আরও ভয়ংকর ছিল। সবাই মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় সবকিছু উগরে দিত। এখন অন্তত সৃজনশীল পদ্ধতি এসেছে, তোমরা চিন্তাভাবনা করে, কল্পনা করে পরীক্ষা দিতে পারো। কে কতটুকু সৃজনশীল, এর খানিকটা হলেও বের করতে পারি।কাজেই তোমরা সবাই এসে চমৎকারভাবে পরীক্ষা দাও। পরীক্ষা যদি ভালো হয়, তার জন্য অভিনন্দন। যদি ভালো না হয়, মন খারাপ করার কিছু নেই। ভবিষ্যতে ভালো করার আরও অনেক সুযোগ আসবে। পরীক্ষা একধরনের প্রতিযোগিতা। আমি প্রতিযোগিতা দুই চোখে দেখতে পারি না। এর কারণ হলো, প্রতিযোগিতা মানেই হচ্ছে অন্যকে হারিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এ প্রতিযোগিতাটাই খুব চমৎকার ব্যাপার হতে পারে, যদি সেটা হয় নিজের সঙ্গে প্রতিযোগিতা। তুমি যতটুকু করতে পারো, পরীক্ষায় তার চেয়ে বেশি ভালো করতে হবে। কাজেই সবাইকে নিজের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে দেখাতে হবে, তুমি কতটুকু পারো।শেষ কথাটি বলে দিই, পরীক্ষার আগের রাতে কিন্তু রাত জেগে একেবারেই পড়বে না। সকাল সকাল শুয়ে পড়ে নাক ডেকে ঘুমাবে। বিজ্ঞানীরা দেখেছেন, মানুষ যখন ঘুমায়, তখন মস্তিষ্কে তথ্যগুলো ঠিক ঠিক রাখা হয়। না ঘুমালে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে।সবার জন্য ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা।২০১১ সালের প্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। আশা করি, খুব ভালো করে প্রস্তুতি নিয়েছ। পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্যদেশের সেরা স্কুলের শিক্ষকদের বিষয়ভিত্তিক লেখা ও দরকারি পরামর্শনিয়ে ছাপা হলো এই বিশেষসংখ্যা। বিষয়ভিত্তিক লেখা ও পরামর্শগুলো তোমাদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। আসন্ন জেএসসি পরীক্ষায় তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।