বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ পরিচালিত প্রতিবেদন
সবার জন্য সুপেয় পানি ও স্যানিটেশন এখনো দূরে
সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা ছায়া রানী মল্লিক। ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে তাঁদের বাড়ির পাশের পুকুরটিতে লোনা পানি ঢুকে পড়ে। এখনো লবণাক্ততা কাটেনি। এই পুকুরই ছিল ছায়া রানীর পরিবারের পানির প্রধান উৎস। এখন তাঁরা প্রতিদিন দুই কিলোমিটার দূরের বিড়ালাক্ষী গ্রাম থেকে ভ্যানে করে খাওয়ার পানি আনেন।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের অধিকাংশ মানুষ আর্সেনিকে আক্রান্ত। আর্সেনিকজনিত অসুখে মারা গেছেন চারজন। সরকারিভাবে নিরাপদ পানির কোনো ব্যবস্থা নেই। ওই অঞ্চলে সম্প্রতি কিছু এনজিও নিরাপদ পানির ব্যবস্থা করেছে, যা বেশ দূর থেকে সংগ্রহ করতে হয়।দেশের এ রকম বহু জনপদ এখনো সুপেয় পানির সুযোগ থেকে বঞ্চিত। এর মধ্যে রয়েছে উপকূলের ১৭টি জেলার অনেক এলাকা। আর্সেনিক-দূষণে আক্রান্ত দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ। শহরাঞ্চলের অনেক বস্তিবাসীও সুপেয় পানি পায় না।সরকারের দেওয়া হিসাবে অবশ্য সবার জন্য সুপেয় পানি প্রায় নিশ্চিত হওয়ার পথে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১২-তে বলা হয়েছে, দেশে সুপেয় পানি ব্যবহারকারীর হার এখন ৯৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ (২০১০) বলছে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ পরিবারের পানির উৎস টিউবওয়েল, সরবরাহ করা পানি ব্যবহারকারী ১০ দশমিক ৬২ শতাংশ আর ৪ দশমিক ০১ শতাংশের উৎস অনিরাপদ পুকুর-নদী-কুয়ার পানি।তবে বিশেষজ্ঞরা বলেন, পানীয় জলের উৎস হিসেবে নলকূপের (টিউবওয়েল) বিস্তৃতিকে মানদণ্ড ধরে ‘নিরাপদ’ বা সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সর্বজনস্বীকৃত তথ্য-উপাত্তের ভিত্তিতে নয়।উন্নয়নশীল দেশগুলোর জন্য পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রাপ্তি নিয়ে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য মানদণ্ড হচ্ছে ‘জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম’ (জেএমপি) প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় দুই বছর অন্তর এই প্রতিবেদন তৈরি হয়। এখানে ব্যবহার করা উপাত্তগুলো ইউনিসেফের কারিগরি সহায়তায় বিবিএস পরিচালিত বহুনির্দেশক গুচ্ছ জরিপ (মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে—মিকস) থেকে নেওয়া। ২০১২ সালের জেএমপি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ২০ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানি পায় না।পানীয় জল ও স্যানিটেশন নিয়ে কাজ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান মিকসের জরিপের বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘পানির প্রাপ্যতাকে পুরোপুরি গাণিতিক হিসাবে দেখা ঠিক হবে না। এখানে কিছু বাস্তব সমস্যা আছে। যেমন কোথাও নতুন নলকূপ দেওয়ার পর কিছুদিন ভালো চললেও একপর্যায়ে তা আর্সেনিক আক্রান্ত হয়ে পড়ে। এ ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ বাড়াতে হবে।’একটি ইতিবাচক বিষয় হচ্ছে, সাম্প্রতিক কয়েক বছরে বাজেটে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ লক্ষণীয়ভাবে বেড়েছে। মহাজোট সরকারের প্রথম বছরে এই খাতে দুই হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই সরকার ক্ষমতায় আসার আগের বছর ২০০৮-০৯ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিল প্রায় এর অর্ধেক—এক হাজার ২৯০ কোটি ৯৬ লাখ টাকা। ২০১১-১২ অর্থবছরে দুই খাতে বরাদ্দ আরও বাড়িয়ে প্রায় তিন হাজার ৬৮৪ কোটি টাকা করা হয়। তবে ২০১২-১৩ অর্থবছরে তা আবার প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকায় নেমে আসে।পানীয় জল ও স্যানিটেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি সংগঠন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এ এস এম রশীদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের বেশ কিছু অর্জন আছে। তবে বর্তমানে অগ্রগতির যে ধারা, তাতে সরকারঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা কার্যত অসম্ভব।’বিশেষজ্ঞরা বলেন, সাম্প্রতিক সময়ে বরাদ্দ বাড়লেও অগ্রাধিকার চিহ্নিত করায় সমস্যা রয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান সর্বশেষ অর্থবছরে বরাদ্দ কমানোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার আগের তুলনায় বেশি বরাদ্দ দিলেও সেটি পর্যাপ্ত নয়। কারণ, এই দুই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি।’শহরকেন্দ্রিক, গ্রাম উপেক্ষিতবর্তমান সরকারের প্রথম বছরে পানি ও স্যানিটেশনে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, এর মধ্যে মাত্র ১৭ দশমিক ৫ শতাংশ গ্রামের জন্য। চার বছরে শহরে বরাদ্দ ৮০ শতাংশের বেশি থেকেছে। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পানি সরবরাহ-সংক্রান্ত ২৫টি প্রকল্পের ২৩টিই শহরের।আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের বাংলাদেশের প্রতিনিধি মো. খায়রুল ইসলাম এই আঞ্চলিক বৈষম্য প্রসঙ্গে বলেন, ‘বরাদ্দের চিত্র থেকে এটা স্পষ্ট যে, সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না। কিন্তু বাস্তবায়নকারী সংস্থাগুলো অগ্রাধিকার নির্ধারণে সুবিচার করেনি।’গুরুত্ব পায়নি প্রত্যন্ত এলাকাও২০১২-১৩ অর্থবছরের এডিপিতে ‘বাংলাদেশের ঘূর্ণিঝড় উপদ্রুত এবং সিডর-আক্রান্ত উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন’ নামের একটি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৩১ কোটি টাকা। একই এডিপিতে রাজধানীর একটিমাত্র লেকের (গুলশান-বারিধারা) দূষণ নিয়ন্ত্রণ করতে নেওয়া হয়েছে ১৮ কোটি টাকার প্রকল্প।দেশের প্রায় ৫ শতাংশ মানুষ চরাঞ্চলে বাস করে। অথচ ২০১১-১২ অর্থবছরে চরাঞ্চলের পানি ও স্যানিটেশন খাতে ব্যয় হয়েছে মাত্র এক কোটি টাকার কিছু বেশি।স্যানিটেশন-পরিস্থিতিজেএমপির হিসাব অনুসারে, বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ স্যানিটেশনের সুবিধা পায়। তবে ২০১১-১২ সালের বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ হার ৯০ দশমিক ৬ শতাংশ।বাংলাদেশে স্যানিটেশন খাতে সবচেয়ে বড় অগ্রগতি হলো খোলা জায়গায় মলত্যাগের হার কমানো। মিকসের হিসাব অনুযায়ী, ২০১০ সালে এর হার ছিল ৪ শতাংশ। ভারত ও পাকিস্তানে এই হার যথাক্রমে ৫১ ও ২৩ শতাংশ।এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের এ এস এম রশীদ বলেন, ‘বাংলাদেশে স্যানিটেশনের নামে ল্যাট্রিনায়ন করা হয়েছে। মানসম্মত পায়খানার ব্যবস্থা করলেই স্যানিটেশন নিশ্চিত হয় না। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অঞ্চলভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের দিকেও নজর দিতে হবে।’ওয়াটার এইডের মো. খায়রুল ইসলাম বলেন, ‘পানি ও স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ কমানোর বদলে সরকারের উচিত তা আরও বাড়ানো এবং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা।’