গণিত অলিম্পিয়াডের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে যায় ২০০৪ সালের এ রকমই এক শীতের সকালে দুরু দুরু বুকে আমাদের তিন বান্ধবীর ঢাকা বিভাগীয় গণিত উৎসবে অংশ নেওয়ার কথা। এরপর সবকিছু যেন স্বপ্নের মতো। সারাটা দিন গণিতরাজ্যের রথী-মহারথীদের সঙ্গে থেকে কীভাবে যে দিনটা শেষ হয়ে গেল, তা টেরই পেলাম না। ফেরার সময় বুঝলাম, সকালে উৎসবে প্রবেশের আগে আমার যে জ্ঞান ছিল, উৎসব থেকে বের হওয়ার সময় তার চেয়ে অনেক বেশি জ্ঞান নিয়ে ফিরে যাচ্ছি।এরপর ২০০৫ সালে প্রথম জাতীয় গণিত ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেলাম। তখন খুব ভয় পেয়েছিলাম এই চিন্তা করে যে আমি পারব তো এই ক্যাম্পের মেধাবী খুদে গণিতবিদ ক্যাম্পারদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম অন্য এক চিত্র। ক্যাম্পে কেউ কারও প্রতিযোগী নয়, বরং সবাই মিলে যেন এক পরিবার। প্রত্যেকে তার সহ-ক্যাম্পারদের গণিতের সমস্যা সমাধানে সহযোগিতা করছে। একজন যদি কোনো বিষয় ভালো পারে, তাহলে সে তা অন্যদের শেখায়। একইভাবে সে নিজে যে বিষয় কম জানে, তা অন্যদের কাছ থেকে জেনে নেয়। এভাবেই আদান-প্রদানের মাধ্যমে আমাদের গণিতের জ্ঞানের পরিধি আরও বড় হতে থাকে। ২০০৫ সালেই বাংলাদেশের মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম গণিত দল পাঠানোর পরিকল্পনা ছিল। ক্যাম্পের শেষ দিন গণিত দল নির্বাচনের পরীক্ষা হয়। যেদিন ক্যাম্প শেষ হলো সেদিন খুব মন খারাপ হয়েছিল এই ভেবে, আবার সেই গৎবাঁধা পড়াশোনার জীবনে ফিরে যেতে হবে। জ্ঞানের রাজ্য, পড়াশোনার জগৎ আর গণিতের ভুবন যে এত সুন্দর, আনন্দময় আর আকর্ষণীয় হতে পারে, তা এই গণিত ক্যাম্পে এসেই বুঝতে পেরেছিলাম। সেই ক্যাম্প ছেড়ে আসতে তো কষ্ট লাগারই কথা।এরপর এল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। যে ঘটনার কথা কখনো স্বপ্নে দেখার স্পর্ধাও করতাম না, সেই ঘটনা আমার জীবনে সত্যি হয়ে দেখা দিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জাতীয় গণিত দলের জন্য নির্বাচিত হয়েছি। এরপর মাহবুব স্যারের বাসায় গিয়ে কিছুদিন আইএমওর জন্য প্রস্তুতি নিয়েছি। স্যারের সংস্পর্শে এসে বুঝতে পারলাম আমেরিকায় পড়াশোনা করেও কেন তিনি বাংলাদেশে ফেরত এসেছেন, এত জ্ঞানী মানুষ হয়েও তিনি কতটা বিনয়ী আর নিবেদিতপ্রাণ। শুধু গণিত নয়, তাঁর কাছ থেকে ভালো মানুষ হওয়ার শিক্ষাটাও পেয়েছি। ধন্যবাদ স্যার।মেক্সিকো যাওয়ার পথে আমাদের (ছয়জন কিশোর-কিশোরী) যিনি সর্বক্ষণ আগলে রেখেছিলেন তিনি হলেন আমাদের মুনির হাসান স্যার। সারা বছরের প্রাপ্য ছুটিগুলোর পুরোটাই তিনি আমাদের পেছনে খরচ করেছেন। মেক্সিকো সিটিতে গিয়ে ফ্লাইট মিস করা, সারা রাত এয়ারপোর্টে কাটানো—এসব অভিজ্ঞতা তো কখনোই ভুলে যাওয়ার মতো না।এর পরের বছর স্লোভেনিয়ায় অনুষ্ঠিত আইএমওতে অংশগ্রহণের জন্য নির্বাচিত জাতীয় গণিত দলে আবার সুযোগ পেয়ে যাই। মেক্সিকোর পিরামিড, স্লোভেনিয়ার ব্লেড লেক—এ রকম আরও অনেক বিখ্যাত ও অপূর্ব সুন্দর জায়গা দেখার সুযোগ হয় আমাদের। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশটিই হলো অলিম্পিয়াডের মূল প্রতিযোগিতা। ১০০-এরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে একই কক্ষে পরীক্ষা দেওয়ার অনুভূতি সম্পূর্ণ অন্য রকম। সেখানে আমরা প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এটা ভেবেই গর্বে মনটা ভরে গিয়েছিল।বাংলাদেশের গণিত উৎসব, গণিত ক্যাম্প, আইএমও—সবকিছু আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর মধ্যে অগ্রগণ্য। গণিত অলিম্পিয়াড আমার মতো অনেক শিক্ষার্থীর মধ্যেই গণিতপ্রীতিকে জাগিয়ে তোলে, মেধাকে শাণিত করে। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সবার প্রতি আমার শুভকামনা রইল। আর যারা কখনো অংশ নাওনি কিংবা অংশ নেওয়ার কথা চিন্তাও করোনি, তাদের প্রতি আমার আহ্বান, একবার এসেই দেখো না এই উৎসবে, দেখো না তোমার গণিতভীতি দূর হয় কি না, গণিতের প্রতি আগ্রহ তৈরি হয় কি না, নিজের অজানা সুপ্ত প্রতিভা বিকশিত হয় কি না।২০০৫ ও ২০০৬ সালে আইএমওতে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় গণিত দলের সদস্য