সবার দৃষ্টি ৬ এপ্রিলের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কা ও উৎকণ্ঠা নিয়ে দেশের মানুষ তাকিয়ে আছে ৬ এপ্রিলের দিকে। আগামীকাল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চ, ২৩ সংগঠনের দেশব্যাপী পাল্টা হরতাল ও গণজাগরণ মঞ্চের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, আজ জুমার নামাজের পর তারা সারা দেশ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। কাল শনিবার সকাল ১০টার মধ্যে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে পৌঁছার জন্য নেতা-কর্মী ও অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক এ সংগঠন। সেখানে হেফাজতে ইসলামকে শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।দলটির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে লংমার্চ ও সমাবেশ করার আশ্বাস দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে এ কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা করা হচ্ছে।এদিকে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে কাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৩টি সংগঠন দেশব্যাপী হরতাল ডেকেছে। এ হরতালে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন মহাজোটের শরিক বামপন্থী বিভিন্ন দল। হরতাল আহ্বানকারী উল্লেখযোগ্য কয়েকটি সংগঠন হচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডারস ফোরাম।তবে এ হরতাল প্রত্যাহার না করা হলে রোববার থেকে সারা দেশে লাগাতার হরতাল দেওয়ার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।এ ছাড়া গণজাগরণ মঞ্চ আজ সন্ধ্যা ছয়টা থেকে কাল বিকেল চারটা পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। লংমার্চ কর্মসূচির দিন শনিবার বিকেল চারটায় শাহবাগে পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিও রয়েছে গণজাগরণ মঞ্চের। ওই দিন সরকারি দল আওয়ামী লীগের নেতা-কর্মীরাও রাজপথে থাকবেন বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন।হেফাজতে ইসলামের এই আন্দোলনের প্রতি ইতিমধ্যে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী, বিকল্পধারা বাংলাদেশ ও ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি।সরকারের আশঙ্কা, হেফাজতে ইসলামের কর্মসূচিতে বিএনপি ও জামায়াত ঢুকে পড়বে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে খবর আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা লংমার্চে জঙ্গিবাদী শিবির ও বিপথগামী বিএনপির নেতারা নাশকতার চেষ্টা চালাবেন। কিন্তু তাঁদের অপচেষ্টা দমন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’সব মিলিয়ে কাল ৬ এপ্রিল নিয়ে দেশবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আজ শুক্রবার থেকেই সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কারণ, হেফাজতে ইসলাম আজ জুমার নামাজের পর দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ঘোষণা দিয়েছে। সংগঠনের প্রধান হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ইতিপূর্বে অনুসারীদের উদ্দেশে বলেছেন, যেখানে বাধা আসবে, সেখানেই বসে পড়বেন। সবাইকে তসবিহ, জায়নামাজ ও শুকনা খাবার নিয়ে রওনা হতে বলেছেন তিনি।তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে বাস ও অন্যান্য যানবাহন ভাড়া নিয়ে একযোগে ঢাকায় আসার সুযোগ পাবেন না হেফাজতে ইসলামের কর্মীরা। কারণ, ২৩ সংগঠনের হরতাল ডাকার কারণে আজ সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কুমিল্লায় নাশকতার শিকার রেলের ইঞ্জিন লাইনে তোলার কাজের অজুহাতে ঢাকা-চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ থাকতে পারে। এটা হলে লংমার্চের ২৪ ঘণ্টা আগে থেকেই ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।তবে বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ঢাকায় আসতে না পারলে হেফাজতে ইসলামের কর্মীরা সংগঠিত হয়ে নিজ নিজ এলাকায় মহাসড়কে অবস্থান করবেন। সে জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।লংমার্চ কর্মসূচি বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে কয়েক দিন ধরেই হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ইতিপূর্বে সরকারের একজন মন্ত্রী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাটহাজারী মাদ্রাসায় গিয়ে আল্লামা আহমদ শফীর সঙ্গে বৈঠক করেছেন। তবে এ বৈঠক ফলপ্রসূ হয়নি। এরপর হেফাজতে ইসলামকে আস্থায় নিতে সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে চারজন ব্লগারকে গ্রেপ্তার করেছে।সমঝোতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে গতকালও তৎপরতা লক্ষ করা গেছে। গোয়েন্দা সংস্থার পাশাপাশি মহাজোটের শরিক একটি দলের একজন নেতাও হেফাজতে ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।সমঝোতা চেষ্টার পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের বলেছেন, হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের সমস্যা তৈরি হলে এ জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী থাকবে। তিনি অভিযোগ করেন, ‘সরকারের মদদপুষ্ট কিছু সংগঠন পাল্টা হরতাল ডেকেছে এবং কিছু পরিবহন মালিক সংগঠন পরিবহন বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে মারাত্মক হলো, আওয়ামী লীগ বলছে, তারা মাঠে থাকবে। অর্থাৎ তারা বাধা দিতে চাইছে।’গত ৫ ফেব্রুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। রায় প্রত্যাখ্যান করে ওই দিনই কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধীর ফাঁসির দাবিতে শাহবাগে প্রতিবাদ শুরু করে ব্লগার ও অনলাইন সক্রিয় কর্মীদের উদ্যোগে তরুণ প্রজন্ম, যা পরে গণজাগরণ মঞ্চ হিসেবে পরিচিতি পায়। এই আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী দলের আন্দোলনসহ দেশের চলমান অন্য সব বিষয় চাপা পড়ে যায়। গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার এক মাসের মাথায় কতিপয় ব্লগার আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের অবমাননা করেছেন বলে দুটি পত্রিকায় খবর বের হয়। এরপর কথিত নাস্তিকদের বিচারের দাবিকে কেন্দ্র করে সংগঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কওমি ধারার কয়েক হাজার আলেম সমবেত হয়ে ১৩ দফা দাবিতে ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও শাহবাগ গণজাগরণ মঞ্চকে ‘নাস্তিকদের মঞ্চ’ বলে আখ্যায়িত করে বক্তব্য দেন। মূলত এর পর থেকে দেশের রাজনীতি নতুন মোড় নেয়। এক মাসের মধ্যেই মানবতাবিরোধী অপরাধীদের বিচারকেন্দ্রিক চলমান আন্দোলন এবং নির্বাচনকেন্দ্রিক সরকার ও বিরোধী দলের রাজনীতিতে সবকিছু ছাপিয়ে উৎকণ্ঠার কেন্দ্র হয়ে উঠেছে হেফাজতের আন্দোলন।