সবার প্রিয় সেই আরজিনা আপা
এখন আর পঞ্চায়েতপাড়া গ্রামে অনাচার বলতে কিছু নেই। ঘটে না কোনো বিবাহবিচ্ছেদ। নারী নির্যাতন, বাল্যবিবাহের ঘটনাও নেই। আর অভাব-অনাহারও সেখানে নেই। গ্রামটির গরিব মানুষের দুবেলা আহার আজ নিশ্চিত। অনেকের অবস্থা সচ্ছল। সারা দিনের পরিশ্রম শেষে গ্রামটির মানুষ রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আরও উজ্জ্বল দেশের কথা ভাবতে পারে। তাদের জীবনে এত বড় পরিবর্তন এসেছে শুধু একজনের জন্য, তাঁর নাম আরজিনা খাতুন।আরজিনা গ্রামটির অসহায় নারীদের একজোট করে সমিতি বানিয়ে একমুঠো করে চাল জমিয়ে প্রথমে হাঁস-মুরগি, তারপর ছাগল-গাভি কিনে দিয়ে সবার ঘর ভরে ফেলেছেন। পরে আবার সবজি ও মাশরুম চাষ করে কৃষি জমি বন্ধক নিয়ে ফসল ফলিয়ে দারিদ্র্যকে জয় করে চারদিকে হইচই ফেলে দিয়েছেন। এখন যৌতুক, জন্মনিয়ন্ত্রণ, বিবাহবিচ্ছেদ ও বাল্যবিবাহ রোধে কাজ করছেন। উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে পঞ্চায়েতপাড়া গ্রামে আরজিনার বাড়ি। গত ২৮ ডিসেম্বর আরজিনার বাড়িতে গেলে তিনি জানান তাঁর বর্তমান ও অতীত কাহিনী। ১৯৮৯ সালে মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়েছিল পাশের গ্রামের মমিনুল ইসলামের সঙ্গে। তারপর যৌতুকের জন্য অত্যাচার-নির্যাতন। এরপর বিবাহবিচ্ছেদ। আরজিনা ফিরে আসেন বাবার বাড়ি, বিয়ের মাত্র ১৩ মাসের মাথায়।স্বামীর ঘর থেকে চলে আসার পরও ভেঙে পড়েননি তিনি। স্বামীর বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়ে আরজিনা বাবার বাড়ি ফিরে এসে পড়ে যান সমাজের নাগপাশে। কয়দিন বাদে বাবা মারা গেলে আরজিনা পড়েন অথই সাগরে। অনেক ভেবেচিন্তে ঘর থেকে বের হন জীবিকার সন্ধানে। অন্যের বাড়িতে কাজ নেন ধান ভানার। হাতে কিছু টাকা আসে। সেই টাকা দিয়ে একদিন কিনে আনেন দুটি ছাগল আর নয়টি মুরগি। আরজিনা ভরসা পান। মানুষ ঠকায় কিন্তু হাঁস-মুরগি, গরু-ছাগল ঠকায় না। মুরগি ডিম পাড়ে, ছাগল বাচ্চা দেয়। আরজিনার মনে স্বপ্ন জাগে। ২০০২ সালে ৪০ জন নারীকে নিয়ে আরজিনা গঠন করেন পঞ্চায়েতপাড়া শ্রমজীবী নারীর দল। এই নারীরা প্রতিদিন জমা করেন ৪০ মুঠো চাল। সাত দিনে জমে ২৮০ মুঠো। সপ্তাহ পরে সেই চাল বেচে ৪০ জনের মধ্যে লটারি করে টাকাটা তুলে দেওয়া হয় একজনের হাতে। তিনি সেই টাকা দিয়ে কিনে আনেন হাঁস-মুরগি। পরের সপ্তাহে আবার লটারি হয় বাকি ৩৯ জনের মধ্যে। এভাবে ৪০ সপ্তাহে ৪০টি অভাবী সংসার ভরে ওঠে হাঁস-মুরগি, ডিম, ছানার সমৃদ্ধিতে। একটু একটু করে হাতে আসতে থাকে নগদ টাকা। আরজিনা তখন মুষ্টির চাল বাদ দিয়ে সমিতির তহবিলে জমা নেন দিনে দুই টাকা হারে চাঁদা। আগের নিয়মে লটারি করে এ টাকা দিয়ে এবার একেকজনকে কিনে দেওয়া হয় একটি ছাগল। ৪০ সপ্তাহে ৪০টি পরিবার হয়ে যায় একটি করে ছাগলের মালিক। সঙ্গে তো হাঁস-মুরগি আছেই। স্বপ্নগুলো একটু একটু করে আলোর মুখ দেখে।এই আলোর ইশারায় এগিয়ে আসেন বেসরকারি সংস্থা কেয়ারের মাঠকর্মী কামাল। তিনি সেখানে বাড়ির আঙিনায় সবজির বাগান, ঘরের ভেতরে মাশরুমের চাষ করতে বলেন। একদিন তাঁরা আরজিনাকে নিয়ে যান ভিয়েতনামে মাশরুম চাষের উন্নত প্রশিক্ষণের জন্য। সেখান থেকে ফিরলেই এগিয়ে আসে ব্র্যাক। আরজিনাকে সভানেত্রী করে ব্র্যাক ৩০০ সদস্যের একটি সমিতি গঠন করে, নাম পল্লীসমাজ।এ দুটি সমিতির মিলিত শক্তিতে বলীয়ান হয়ে নারীর ক্ষমতায়ন ঘটে চলেছে আরজিনাদের গ্রামে। সমিতি দুটির সহযোগিতায় আরজিনা বাল্যবিবাহ, যৌতুক, বিবাহবিচ্ছেদ ও নারী নির্যাতনের ঘটনা রোধ করে চলেছে। বর্তমান পঞ্চায়েতপাড়া গ্রামে কোনো অভাব-অনটন নেই। ঘটে না বাল্যবিবাহ। দিন-রাত আরজিনা গ্রামের অশিক্ষিত দরিদ্র গৃহবধূদের প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যা, জন্মনিয়ন্ত্রণ, যৌতুক, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন। যেখানে খবর পান, কোনো অভিভাবক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিচ্ছেন, তিনি ছুটে যান। নিরাপদ মনে করলে একাই যান, ঝামেলার আশঙ্কা থাকলে সমিতির সদস্যদের সহযোগিতা নেন। পঞ্চায়েতপাড়া গ্রামের নিরুপায় মেয়েদের বাঁচার উপায় এখন আরজিনা।তিনি অন্যদের ভাগ্য বদলে দেওয়ার পাশাপাশি নিজের ভাগ্যের চাকাও ঘুরিয়েছেন। হাঁস-মুরগি, গরু-ছাগল লালন-পালন ও সবজি চাষ করে ২০ শতক জমি কিনেছেন। বাড়িতে নলকূপ ও পাকা পায়খানা হয়েছে। তুলেছেন টিনের ঘর, বাড়ির সামনে আম, কাঁঠাল ও পেঁপের গাছ লাগিয়েছেন। বড় ভাই আফজালুলকে চালের ব্যবসা করার জন্য দিয়েছেন ২০ হাজার টাকা। নিজেই করছেন সেলাইয়ের কাজ। এখন আরজিনার চারটি ছাগল, চারটি গাভি ও অনেক হাঁস-মুরগি আছে। সমিতির তহবিলেও জমা আছে দেড় লাখ টাকা।