সবার প্রিয় ‘ফয়জুন’ আপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটা সময় লোকজনকে পদ্ধতি (পরিবার পরিকল্পনা পদ্ধতি) বুঝাইতে খুব কষ্ট অইত (হতো)। লোকজন খেপিয়া (খেপে) উঠত। বাড়ি থাকি বাইর (বের) করি দিত। নানা সমালোচনা করত। অখন (এখন) দিন পাল্টাই (পাল্টে) গেছে।’ কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ১/ক-ইউনিটের পরিবারকল্যাণ সহকারী ফয়জুন্নেসা বেগম (৫০)। স্থানীয় লোকজন তাঁকে ‘ফয়জুন’ আপা নামেই ডাকে। তিনি এবার সিলেট বিভাগে শ্রেষ্ঠ মাঠকর্মী নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করেছেন। ১১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে ফয়জুন্নেসা এ পুরস্কার নেন। পুরস্কার হিসেবে তাঁকে ১০০ টাকা মূল্যের ২৫টি প্রাইজবন্ড, সনদ ও একটি ক্রেস্ট দেওয়া হয়েছে।ফয়জুন্নেসার মূল বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামে। বাবা মৃত কবির উল্লাহর চাকরির সুবাদে তাঁর জন্মকর্ম ফুলতলা চা-বাগানে। ১০ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। ফয়জুন্নেসা জানান, স্থানীয় ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ১৯৭৭ সালের ৮ জুলাই তিনি পরিবার পরিকল্পনা বিভাগে পরিবারকল্যাণ সহকারী হিসেবে যোগদান করেন।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থায়ী ও অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে গত বছরে লক্ষ্যমাত্রা অর্জনের সফলতার ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ মাঠকর্মী নির্বাচন করা হয়েছে। স্থায়ী পদ্ধতিগুলো হলো পুরুষ ও নারী বন্ধ্যাকরণ এবং অস্থায়ী হলো কপারটি, কনডম, খাওয়ার বড়ি, ইনজেকশন ও ইনপ্লান্ট। সূত্র জানায়, ওই এলাকার ১-এর ক-ইউনিটের আওতাধীন ফুলতলা চা-বাগানে মোট দম্পতির সংখ্যা ৭৩০। এর মধ্যে ৬৭১ জন বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছেন।ফয়জুন্নেসা জানান, তাঁর বাবা কবির উল্লাহ ফুলতলা চা-বাগানে প্রকৌশলীর কাজ করতেন। ১৯৮৭ সালে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। পরবর্তী সময়ে সংসারের হাল তাঁকেই ধরতে হয়। এরই মধ্যে সময় গড়িয়ে যায়। বিয়ের পিঁড়িতেও তাঁর বসা হয়নি। তিনি বলেন, ‘মা-বাবা চাননি আমি চাকরি করি। কারণ, ওই সময় মেয়েরা লেখাপড়া বা চাকরি করউক (করুক), এইটা পরিবারের লোকজন চাইত না। রীতিমতো যুদ্ধ করে চাকরিতে ঢুকতে অইছে (হয়েছে)।’ফুলতলা চা-বাগানের নারীশ্রমিক আরতি (৩৪) বলেন, ‘হামরা (আমরা) তাঁরে “ফয়জুন” আপা ডাকি। মেয়েলি ছমইচ্যা (সমস্যা) হইলে (হলে) আপাই তো বরছা (ভরসা)।’ফুলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমদ বলেন, ‘মাঠকর্মী ফয়জুন প্রচুর পরিশ্রম করতে পারেন। লোকজনকে ভালোভাবে বোঝাতেও পারেন।’ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ফয়জুনন্নেসার এই সাফল্য অন্য সহকর্মীদেরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।’