সবার মুখে মাতৃভাষা বাংলার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে কথা বলতে পারা নাকি আমাদের দেশের মানুষকে চৌকস করে। কিন্তু বাংলা ভাষা জেনে-বুঝে ব্যবহার ও শুদ্ধ করে বলার মধ্যে সেই যোগ্যতা আরও বাড়ে। কারণ, ইংরেজি অন্যের ভাষা। আর বাংলা আমাদের মাতৃভাষা। এই উপলব্ধি টানা তিন বছর ভাষা প্রতিযোগে অংশ নেওয়া খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শারমীন জাহানের। ওর পাশে বসে ছিল সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শিহান ইরতাজ। সে জানাল, ভাষা প্রতিযোগ আসলে নিজের মাতৃভাষা সম্পর্কে মমত্ববোধ জাগিয়ে তোলে। মাতৃভাষা বাংলা যে কতটা সমৃদ্ধ, তা এখানে এসে উপলব্ধি হলো।গতকাল শুক্রবার এইচএসবিসি-প্রথম আলো ষষ্ঠ ভাষা প্রতিযোগ ২০১০ খুলনা অঞ্চলের উত্সবে অংশ নেওয়া শারমীন ও শিহানের মতো শত শত শিক্ষার্থী এবং অভিভাবকের মুখে এভাবেই উচ্চারিত হয় মাতৃভাষা বাংলার কথা। আহ্বান জানানো হয় শুদ্ধভাবে বাংলা ভাষাকে জানা ও বোঝার। খুলনা জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র কুশল ঘোষের অভিভাবক কবরী ঘোষ বলল, প্রথম আলোর এ আয়োজন বাংলা ভাষা সম্পর্কে শিশু-কিশোরদের আগ্রহী ও সচেতন করে তুলছে। তার পাশে বসে থাকা আরেক অভিভাবক দিলরুবা মঈন বলেন, ‘নিজের ভাষাকে নিয়ে এমনভাবে কখনো ভাবিনি। এর যে আলাদা কদর আছে, এত দিন বুঝিনি। এমন আয়োজন প্রতিটি জেলায় ছড়িয়ে দিলে বাংলা ভাষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে জাগরণ সৃষ্টি হবে।’খুলনা মহানগরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এ উত্সবে বাংলা ভাষার ওপর আলোচনা, মজার মজার প্রশ্নোত্তর, গানসহ সব পর্বেই ছিল মাতৃভাষাকে ভালোবেসে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়।উত্সবে শিক্ষার্থী-অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকেরাও এসেছিল। সকাল সোয়া নয়টায় খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা আরজুমান এবং ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী। উত্সবের উদ্বোধন ঘোষণা করেন খুলনা বি এল কলেজের অধ্যক্ষ আহমেদ রেজা। প্রতিযোগের চারটি বিভাগে খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনীর পর শিক্ষার্থীরা বাংলা ভাষার ওপর ৩০ মিনিটের মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষা শেষে শুরু হয় মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী বলেন, ‘এই ধরনের ভাষা প্রতিযোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমাদের সন্তানদের ভাষা বিষয়ে উন্নয়ন ঘটছে, যা দেশ ও সমাজের জন্য ভালো।’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হাবিব রহমান বলেন, যেকোনো প্রতিযোগিতায় নামতে হলে শিখতে হয়। ভাষা প্রতিযোগ বাংলা ভাষা সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলছে। ভালো ব্যাকরণও জানতে হবে। বাংলা বানানের প্রতি গুরুত্ব দিতে হবে।অধ্যক্ষ আহমেদ রেজা বলেন, বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করা উচিত। ভাষা নিয়ে প্রথম আলোর এই উদ্যোগের ব্যাপ্তি ঘটুক। পাখির অজানা নানা তথ্য নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের কৌতূহলী করে তোলেন পাখি বিশেষজ্ঞ শরীফ খান। শিক্ষার্থীদের বাংলা ভাষাবিষয়ক নানা মজার মজার প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সৌরভ সিকদার, খুলনা বি এল কলেজের সাবেক অধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ, বি এল কলেজের সাবেক উপাধ্যক্ষ মোস্তফা কামালসহ আলোচক ও অতিথিরা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, এইচএসবিসির সহকারী ব্যবস্থাপক ফুয়াদ ইব্রাহীম রেজাউল ইসলাম। দুই পর্বের অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ও জাফর আহমদ রাশেদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান ও বন্ধুসভার সভাপতি মনোজ কুমার মজুমদার।অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক লায়লা আরজুমানের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ও কীর্তন পরিবেশন করে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে তোলেন অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। আর প্রাকৃতিক সপ্তাচর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বেসরকারি সংস্থা রূপান্তরের ফোক থিয়েটারের শিল্পীরা পটগান পরিবেশন করেন। চার পর্বে ৫২ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে পুরস্কার হিসেবে বই, পদক ও সনদ তুলে দেন অতিথিরা। এ ছাড়া মজার প্রশ্নকারীদেরও বই উপহার দেওয়া হয়।