সবার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হিসেবে সবার সহযোগিতা চেয়েছেন সদ্যনির্বাচিত অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আবদুল হামিদের স্বাধীনতা পুরস্কার-২০১৩ পাওয়া উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংসদ সচিবালয় আয়োজিত এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ সহযোগিতা চান। নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, ‘এমন একটা সময় আমি দায়িত্ব পাচ্ছি, যখন রাষ্ট্রের জন্য ক্রান্তিকাল। কীভাবে ইজ্জতের সঙ্গে দায়িত্ব পালন করতে পারব, সেটা আমি জানি না। ইজ্জতের সঙ্গে যাতে দায়িত্ব পালন করতে পারি এবং বিদায় নিতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।’বক্তব্যের শুরুতে আবদুল হামিদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি রুমালে চোখ মুছতে মুছতে বলেন, ‘এই সংসদে আমি ৪২ বছর কাটিয়েছি। আজকের দিনটা আমার জন্য বিষাদের। যেখানেই থাকি, মন এখানেই থাকবে। আমি হয়তো বঙ্গভবনেই থাকব, তবে অন্য রাষ্ট্রপতির চেয়ে আমি বেশি সংসদে আসব।’আবদুল হামিদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব এখানে আছেন। আমি আশা করব, তিনি আমাকে উপদেশ-পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এ ছাড়া এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন, তাঁরাও আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি।’এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘আমরা সবাই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সামনে অন্ধকার। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হয় না। নির্বাচিত রাষ্ট্রপতির কাছে অনুরোধ, আপনি সবাইকে ডাকুন, সবাই মিলে আলোচনা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি, আলোর সন্ধান করি।’সাবেক এই সেনাশাসক আরও বলেন, ‘আবদুল হামিদ সবাইকে হাসিয়ে সংসদ পরিচালনা করতেন। আমরা চাই এবার তিনি জাতির মুখে হাসি ফোটাবেন।’ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি সকলের ঐক্যের প্রতীক। আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে সব দলের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’ জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, ‘বাংলাদেশ অনেক ধরনের রাষ্ট্রপতি দেখেছে। বাংলাদেশ অনেক আরোপিত রাষ্ট্রপতি দেখেছে। দেখেছে বিদেশি পোশাক পরা সুগন্ধিমাখা রাষ্ট্রপতি। এবার দেখবে স্যুটেড-বুটেড অবস্থায় স্যান্ডেল পরা রাষ্ট্রপতি।’ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, চিফ হুইপ আব্দুস শহীদ, হুইপ সাগুফতা ইয়াসমিন প্রমুখ।