সবুজ ঘাসে টেনিসের কবিতা
আগাসি-সাম্প্রাস, বোর্গ-ম্যাকেনরো, বেকার-এডবার্গ, কনর্স-ম্যাকেনরোদের পথ ধরে বিশ্ব টেনিস মাতিয়ে রেখেছে রজার ফেদেরার-রাফায়েল নাদাল দ্বৈরথ। উইম্বলডনে সেটি যেন হয়ে উঠে আরও বেশি উপভোগ্য। লিখেছেন রাজীব হাসানপ্রথমে ঐকিক নিয়মের একটা অঙ্ক কষে নিন। না, খাতা-কলম-ক্যালকুলেটরের দরকার পড়বে না। হাতে হাতে করলেই চলবে। ২০১০ ফ্রেঞ্চ ওপেন থেকে ২০১১ ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত এক বছরে রাফায়েল নাদাল গ্র্যান্ড স্লাম জিতেছেন ৪টি। আগামী পাঁচ বছরে তাহলে আরও কয়টি শিরোপা জিতবেন নাদাল? সহজ হিসাব—২০টি! ৩০ বছর বয়সে নাদালের নামের পাশে তাহলে থাকবে ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা!ঐকিক নিয়মের কাছে যাওয়া সাম্প্রতিক প্রশ্নটির কারণে—কোথায় গিয়ে থামবেন নাদাল? রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ডটা কি এখনই অশনিসংকেত দেখছে না!নাদাল আদৌ ফেদেরারকে টপকে যেতে পারবেন কি না সে তো সময়ই বলবে। তবে টেনিসের গ্র্যান্ড স্লাম শিরোপা কিন্তু পাটিগণিতের ঐকিক নিয়ম মেনে চলে না। তাই যদি হতো, ফেদেরারের শিরোপা-সংখ্যা কোথায় যে গিয়ে পৌঁছাত! ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭—এই চারটি বছরেই কেবল ১১টি শিরোপা জিতেছেন ফেদেরার। অথচ পরের চারটি বছরে (চলতি ২০১১সহ) জিতেছেন মাত্র ৪টি। ২০১০ অস্ট্রেলিয়ান ওপেনের পর সর্বশেষ পাঁচটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। আর ফেদেরার যে সময়টায় চারটি শিরোপা জিতে খরার দিকে এগিয়েছেন, একই সময়ে নাদাল ভেসেছেন শিরোপা-প্লাবনে। গ্র্যান্ড স্লাম জিতেছেন সাতটি! ফেদেরারের পতনরেখাতেই সূচিত নাদালের উত্থান।কিন্তু সমীকরণ নাদালের জন্য এত সহজ নয়। হবেও না। ফেদেরারের অগ্রযাত্রায় তিনি যেমন একের পর এক হার্ডল বানিয়ে রেখেছিলেন, তেমনি নাদালের যাত্রাপথেও একের পর এক হার্ডল তৈরি করে রাখার পূর্বাভাস দিয়েছেন নোভাক জোকোভিচ। এবং লড়াইয়ের ময়দান থেকে ফেদেরারও যে ছিটকে যাননি, গত ফ্রেঞ্চ ওপেনটাই তো তার বড় প্রমাণ। কী দুর্দান্তই না খেলছিলেন! দুর্ভাগ্য, ফাইনালে নেটের আরেক প্রান্তে তাঁকে পেয়ে শেষমেশ দারুণভাবে জ্বলে উঠলেন মাটির কোর্টের রাজা নাদাল। না হলে সেমিফাইনালে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা জোকোভিচকে হারানোর পথে যেসব শট ফেদেরার খেলেছিলেন, ফাইনালে নাদাল থাকা সত্ত্বেও অনেকের চোখে ফেদেরারই ছিলেন ফেবারিট।যতই জোকোভিচের উত্থান ঘটুক, দরজায় উঁকিঝুকি দিন অ্যান্ডি মারে; এখনো নাদালের এক নম্বর প্রতিপক্ষ ফেদেরারই। নাদাল-ফেদেরার দ্বৈরথ মানে এখনো আরও একটি মহাকাব্যিক মহারণের নিশ্চয়তা। পয়সা উসুলের পরিতৃপ্তি। এখন এই প্রশ্নও উঠছে, আগাসি-সাম্প্রাস, বোর্গ-ম্যাকেনরো, বেকার-এডবার্গ, কনর্স-ম্যাকেনরো, এভার্ট-নাভ্রাতিলোভা, গ্রাফ-নাভ্রাতিলোভা, উইলিয়ামস বোনেরা—টেনিসের সর্বকালের পরম প্রার্থিত সব দ্বৈরথ ছাপিয়ে এটাই সেরা দ্বৈরথ হয়ে উঠেছে কি না।প্রশ্নটা আরও একবার তুলে দিল সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেন। ৭-৫, ৭-৬ (৭-৩), ৫-৭, ৬-১ গেমের ম্যাচটির প্রথম তিনটি সেট উপহার দিল সেই রোমাঞ্চেরই। যে রোমাঞ্চ আসলে পাওয়া গেছে দুজনের মুখোমুখি ২৫ ম্যাচের প্রায় সবগুলোতেই। এর ১৯টি ম্যাচই ছিল টুর্নামেন্টের ফাইনালে। এবং আটটি ছিল আবার গ্র্যান্ড স্লাম ফাইনাল, যেটিও একটি রেকর্ড।এই আট ফাইনালের চারটিই ফ্রেঞ্চ ওপেনে। ফলে রোলাঁ গারোঁতেই হয়তো এই দ্বৈরথ নিয়ে আলোচনা বেশি হয়। কিন্তু সবচেয়ে মহাকাব্যিক লড়াইগুলো চাক্ষুস করে মানুষ ধন্য হয়েছে উইম্বলডনেই। এখানে তিনবার এই দুজন ফাইনালে মুখোমুখি হয়েছেন। সেই তিন ফাইনালের শুধু স্কোরটাই দেখুন। ২০০৬-এর উইম্বলডন ফাইনালে ফেদেরার জিতলেন ৬-০, ৭-৬ (৭-৫), ৬-৭ (৭-২), ৬-৩ গেমে, প্রতিশোধ নিলেন ফ্রেঞ্চ ওপেন ফাইনালে হারের। ২০০৭-এ লড়াইটা আরও জমল, পাঁচ সেটে গড়াল। এবারও ফ্রেঞ্চ ওপেনের প্রতিশোধ ফেদেরার নিলেন ৭-৬ (৭-০), ৪-৬, ৭-৬ (৭-৩), ২-৬, ৬-২ গেমে জিতে। পরের বছর লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতামুখর। ৪ ঘণ্টা ৪৮ মিনিট স্থায়ী সেই ফাইনালে এবার নাদাল জিতলেন ৬-৪, ৬-৪, ৬-৭ (৭-৫), ৬-৭ (১০-৮), ৯-৭ গেমে! সে এমনই এক স্নায়ুক্ষয়ী লড়াই হয়েছিল, অনেকেরই হয়তো মনে আছে, শেষ পর্যন্ত ম্যাচ জিতে ক্লান্তি আর উচ্ছ্বাসে ভেসে যাওয়া নাদাল সটান শুয়ে পড়েছিলেন ঘাসের কোর্টে। প্রায়ান্ধকার কোর্ট মুহুর্মুহু ঝলসে উঠছিল আলোকচিত্রীদের ফ্লাশগানের আলোয়। সেই আলোতেই ঠাওরে নেওয়া যাচ্ছিল ফেদেরারের চোখের কোণে চিকচিক করা অশ্রুবিন্দু। প্রিয় উইম্বলডনের রাজত্বও নাদালের কাছে হাতছাড়া হওয়ার হতাশায় দলা পাকিয়ে ওঠা কান্না কোনোমতে আটকে রেখেছিলেন। কাঁদছিলেন নাদালও। অধরা উইম্বলডন জেতার আনন্দে। পরে প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘এখানে শিরোপা জেতা অন্য রকম এক অনুভূতি এনে দেয়। এটাই সবচেয়ে সেরা গ্র্যান্ড স্লাম।’দুটো কারণে উইম্বলডন আলাদা হয়ে আছে। প্রথম কারণ অবশ্যই এর ঐতিহ্য। ১৮৭৭ বিশ্ব ক্রীড়া ইতিহাসের উজ্জ্বল একটি বছর। ক্রিকেটপ্রেমীরা তো আন্দাজ করেই নিয়েছেন, এই বছরেই জন্ম নিয়েছিল টেস্ট ক্রিকেট। বছরটা উজ্জ্বল হয়ে আছে আরেকটি কারণে, এ বছর যাত্রা শুরু হয়েছিল টেনিসের সবচেয়ে পুরোনো, সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডনেরও। উইম্বলডন কেন উইম্বলডন, সেই উত্তর খুঁজে পাওয়া যাবে এর দীর্ঘ ঐতিহ্যে। খুব সাধারণ একটি বিষয়ই খেয়াল করে দেখুন। আর সব গ্র্যান্ড স্লামে আপনি যে কোনো পোশাক পরে খেলতে পারবেন। কিন্তু উইম্বলডনে? নৈব নৈব চ। এখানে সাদা পোশাক পরে খেলা বাধ্যতামূলক। শ্বেতশুভ্র একটা স্নিগ্ধতার অনুভূতিই ছড়ায় এই টুর্নামেন্ট।দ্বিতীয় কারণটি খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। ফ্রেঞ্চ ওপেন শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যায় উইম্বলডন। মাটির কোর্ট থেকে দ্রুতই ঘাসের কোর্টে খেলোয়াড়দের মানিয়ে নিতে হয়। কাজটা যে কত কঠিন সেটি একই বছরে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন-জয়ীদের তালিকা দেখলেই বোঝা যাবে। ১৯৬৮ সালে টেনিসে ওপেন যুগ শুরুর পর থেকে মাত্র চারজন একই বছরে ফ্রেঞ্চ ওপেন-উইম্বলডন জিতেছেন। ১৯৬৯ সালে রড লেভার। ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০তে বিয়ন বোর্গ। ২০০৮ সালে রাফায়েল নাদাল। ২০০৯ সালে রজার ফেদেরার। কঠিন কাজটা বোর্গ তিনবার করেছেন। এ কারণেই তিনি নমস্য।আশ্চর্য ব্যতিক্রম ছিলেন বোর্গ। ফেদেরার আর পিট সাম্প্রাস—দুই কিংবদন্তিকে উদাহরণ হিসেবে নিন। মাত্র একবারই ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ছয়বার উইম্বলডন জেতা ফেদেরার। সাতবার উইম্বলডন জেতা সাম্প্রাস ফ্রেঞ্চ ওপেন জেতেননি একবারও। অথচ বোর্গ তাঁর ১১টি শিরোপার ছয়টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে, পাঁচটি উইম্বলডনে। অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেনের ঘর একেবারেই খালি!উইম্বলডনে কী, কখন ১৮৭৭ সালে ২২ জন পুরুষ প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। মহিলা একক এবং পুরুষ দ্বৈত এতে অন্তর্ভুক্ত হয় ১৮৮৪ সালে। মহিলা ও মিশ্র দ্বৈতে প্রতিযোগীরা খেলার সুযোগ পান ১৯১৩ সালে। ১৯৮৬ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টে ব্যবহূত হয় হলুদ বল। ১৯২২ সালের আগ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য খেলতেন শুধু ফাইনালে। ঘাসের কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। পোশাকের স্বীকৃত রং সাদা। তবে এখন সাদার কাছাকাছি অন্য হালকা রঙের পোশাকও পরতে পারেন প্রতিযোগীরা।সবচেয়ে বেশি ৯টি শিরোপা নিয়ে মহিলা এককে উইম্বলডনের সবচেয়ে সফল মার্টিনা নাভ্রাতিলোভা (১৯৭৮, ১৯৭৯, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৯০)। একক ও দ্বৈত মিলিয়ে সবচেয়ে বেশি শিরোপাজয়ী পুরুষ খেলোয়াড় যুক্তরাজ্যের লরি ডোহার্টি। উন্মুক্ত যুগের আগে তিনি জেতেন ১৩টি শিরোপা (এককে ৫টি, দ্বৈতে ৮টি)। সর্বোচ্চ ২০টি উইম্বলডন শিরোপা জিতেছেন দুই মহিলা প্রতিযোগী—মার্টিনা নাভ্রাতিলোভা (একক ৯, দ্বৈত ৭, মিশ্র দ্বৈত ৪) ও বিলি জিন কিং (একক ৬, দ্বৈত ১০, মিশ্র দ্বৈত ৪)। উইম্বলডনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার (৩২৬)। পুরুষ এককে টানা সবচেয়ে বেশি ৬ বার শিরোপা জিতেছেন উইলিয়াম রেনশ। এটি উন্মুক্ত যুগের আগের রেকর্ড। উন্মুক্ত যুগে টানা সবচেয়ে বেশি ৫ বার টুর্নামেন্ট জিতেছেন বিয়ন বোর্গ ও রজার ফেদেরার।কম বয়সী, বেশি বয়সী ১৫ বছর ২৮২ দিন বয়সে মহিলা দ্বৈতের শিরোপা জিতে উইম্বলডনের সর্বকনিষ্ঠ মহিলা চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস (১৯৯৬)। মহিলা এককে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লটি ডড। ১৮৮৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৫ বছর ২৮৫ দিন বয়সে। সবচেয়ে বেশি বয়সী পুরুষ চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের আর্থার ডব্লু গোর। ১৯০৯ সালে শিরোপা জেতেন ৪১ বছর ১৮২ দিন বয়সে। সবচেয়ে বেশি বয়সী মহিলা চ্যাম্পিয়ন চার্লোট কুপার স্টেরি। ১৯০৮ সালে তিনি শিরোপা জেতেন ৩৭ বছর ২৮২ দিন বয়সে। উইম্বলডনের সর্বকনিষ্ঠ পুরুষ চ্যাম্পিয়ন বরিস বেকার। ১৯৮৫ সালে শিরোপা জয়ের সময় জার্মান এই প্রতিযোগীর বয়স ছিল ১৭ বছর ২২৭ দিন।দীর্ঘতম ২০০৮ সালের পুরুষ এককে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ফাইনালটি টুর্নামেন্টের ইতিহাসে দীর্ঘতম। ৪ ঘণ্টা ৪৮ মিনিটের এই ফাইনালে নাদাল ৬-৪, ৬-৪, ৬-৭ (৫), ৬-৭ (৮), ৯-৭ গেমে হারিয়েছিলেন ফেদেরারকে। সময়ের হিসাবে মহিলা এককের ফাইনালটি ভেনাস উইলিয়ামস ও লিন্ডসে ডেভেনপোর্টের (২০০৫, ২ ঘণ্টা ৪৫ মিনিট)। পুরুষ এককে দীর্ঘতম ম্যাচটি হয়েছিল ১৯৬৯ সালে। তখনো টেনিসে টাইব্রেকার চালু হয়নি। পাঞ্চো গঞ্জালেস এবং চার্লি প্যাসারেলের এই ম্যাচটি ছিল ১১২ গেমের। গঞ্জালেস জিতেছিলেন ২২-২৪, ১১-৬, ১৬-১৪,৬-৩ ও ১১-৯ গেমে। সবচেয়ে লম্বা সময় ধরে উইম্বলডন খেলার রেকর্ড ফ্রান্সের জ্যঁ বারোত্রার। অবিশ্বাস্য হলেও সত্যি, ৫৫ বছর ধরে টুর্নামেন্ট খেলেছেন তিনি। ১৯২২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি পুরুষ এককে ৩৫ বার অংশ নিয়েছেন। এরপর ১৯৬৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি খেলেছেন পুরুষ দ্বৈতে। সময়ের হিসাবে মহিলা এককের দীর্ঘতম ম্যাচটি সেরেনা উইলিয়ামস ও এলেনা দেমেন্তিয়েভার। ২০০৯ সালের তাঁদের এই ম্যাচটিতে সময় লেগেছিল ২ ঘণ্টা ৪৯ মিনিট।অন্যান্য রেকর্ড সবচেয়ে বেশি ৩৩ বার পুরুষ এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা। মহিলা এককেও শিরোপা জেতার শীর্ষে যুক্তরাষ্ট্র—৫৪ বার। প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিযোগী হিসেবে ১৯৫৭ সালে উইম্বলডন জেতেন অ্যালথিয়া গিবসন। সর্বশেষ কোনো বিবাহিত মহিলা প্রতিযোগী উইম্বলডন এককের শিরোপা জিতেছেন ১৯৮১ সালে। তিনি ক্রিস এভার্ট। মহিলা এককের প্রথম রাউন্ডে কখনোই হারেননি সেরেনা উইলিয়ামস। শাহরিয়ার ফিরোজ