সবুজ জামা লাল হয়ে গেল বোমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আফগান হিসেবে এবার পুলিত্জার জিতে নিয়েছেন এএফপির ফটোসাংবাদিক মাসুদ হোসাইনি। তাঁর ছবিতে উঠে এসেছে অস্থির আফগানিস্তানের নির্মম বাস্তবতা। কাবুলে আত্মঘাতী বোমা হামলার পর লাশের সারির মধ্যে ক্রন্দনরত এক মেয়ের ছবি তুলে তিনি বিচারকদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি বিবিসি অনলাইনের কাছে তিনি তাঁর ছবির পেছনের গল্প বলেছেন। ঘটনাটি ২০১১ সালের ৬ ডিসেম্বরের। ওই দিন ছিল পবিত্র আশুরা। মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেনের কারবালার প্রান্তরে নির্মমভাবে নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার স্মরণে মুসলমান সম্প্রদায় পবিত্র আশুরা পালন করেন। ওই দিন কাবুলে আশুরার অনুষ্ঠানে আরও অনেকের মতোই শামিল হতে গিয়েছিল ছোট্ট তারানেহ। নিম্নবিত্ত পরিবারের তারানেহ বায়না ধরেছিল, সবুজ জামা কিনে দেওয়ার। মা-বাবা সেই আবদার পূরণও করেছিল। সুন্দর সবুজ জামাটা পরে ভাইকে নিয়ে গিয়েছিল সে। এর পরের ঘটনার বর্ণনা দিলেন ৩০ বছর বয়সী ফটোসাংবাদিক মাসুদ হোসেইনি। কাবুলের রাস্তায় রাস্তায় সবে মাত্র আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তিনিও মনের আনন্দে ছবি তুলছিলেন। হঠাত্ করেই লোকের ভিড়ের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটে। ওই আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়। তারানেহ বেঁচে গেলেও নিহত হয় তার একমাত্র ভাইটি। মাসুদ হোসেইনি নিজেও আহত হন। তাঁর বাঁ-হাতে চোট লাগে, রক্ত ঝরতে থাকে। এক হাতেই ক্যামেরা ধরে ছবি তুলতে থাকেন তিনি। চোখে পড়ে লাশের সারির মধ্যে সবুজ জামা পরা তারানেহর কান্না। বোমার আঘাতে নিহত আশপাশের মানুষের রক্তে সবুজ জামাটা লাল হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝতে না পেরে অসহায়ের মতো কেঁদে যাচ্ছিল ছোট্ট মেয়েটি। মাসুদ ওই শিশুটিসহ ঘটনার আরও অনেক ছবি তুললেন। সেই ছবি পাঠিয়ে দিলেন এএফপির জন্য। পরে জানলেন, তারানেহর বিশ্বের নামী তিনটি পত্রিকা নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলস টাইমস ও ওয়াশিংটন পোস্ট তাঁর ওই ছবিটি প্রকাশ করেছে। ফটোসাংবাদিক হিসেবে এটা তাঁর জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি।তবে একই সঙ্গে ওই ঘটনার পর নিজের নৈতিক অবস্থানটির কথা ভোলেননি মাসুদ হোসেইনি। তাঁর ভাই চিকিত্সক আসেফ হোসেইনি জানালেন, গত দুই-তিন মাস ধরে তাঁরা তারানেহর পরিবারটিকে সহায়তা করে আসছেন।