সবুজ দেশ, সুন্দর রাজধানী
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটি দেশ। সবাই আমাদের দেশটাকে তৃতীয় বিশ্বের একটা দেশ বলে। আমি স্বপ্ন দেখি এই শব্দটা বদলে যাওয়ার। আমাদের দেশটা তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে উন্নীত হয়ে যাবে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়ে যাবে—এই স্বপ্ন দেখাটা কি খুবই অবাস্তব কিছু? আমি মনে করি না এই স্বপ্ন দেখা একেবারে অসম্ভব। জনসংখ্যা-সমস্যা থেকে কিছুটা হলেও আমরা বের হয়ে আসতে পেরেছি। এখন দারিদ্র্য, বেকারত্ব ও দুর্নীতি থেকে রেহাই পেলে স্বপ্নের বাংলাদেশের পথে আমরা অনেকটাই এগিয়ে যাব।আমি স্বপ্ন দেখি এমন বাংলাদেশের, যে দেশে শিক্ষিত তরুণ সমাজ হাতে ডিগ্রির ঝুলি নিয়ে আর বেকার থাকবে না। কর্মসংস্থানের জন্য অন্য দেশে গিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হবে না। আমার স্বপ্ন বরং এর বিপরীত—অন্য সব দেশগু থেকে বাংলাদেশে মানুষ আসবে জীবিকার সন্ধানে।আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে এখন কত কথা বলা হয়। আমি আশা করি, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা আরও বাস্তবমুখী ও কার্যকর হবে। আমরা আর শুধু বই মুখস্থ করব না। সত্যি সত্যিই অনেক কিছু শিখতে পারব, গড়ে তুলতে পারব নিজেদের।বাংলাদেশকে আমরা ডাকি ‘সবুজের দেশ’ বা ‘নদীমাতৃক দেশ’ বলে। কিন্তু সেই সবুজ আর নদী বাঁচাতে এ দেশে আমাদের এখন আন্দোলন করতে হয়। আমার মনে আছে, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ নামে একটা আন্দোলন অনেক জনপ্রিয় হয়েছিল। তাতে অনেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কিন্তু নদীগুলো এখনো বেঁচে ওঠেনি। আমি স্বপ্নে বহুবার দেখেছি, নদীগুলোতে নৌকা চলছে। স্বচ্ছ পানিতে নৌকায় ভেসে চলেছি। দুর্গন্ধে নাকে হাত দিয়ে নয়, বরং নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে আনন্দিত মনে এগিয়ে চলেছি। আমার তো মনে হয় না এটা খুব অসম্ভব একটা স্বপ্ন?ঢাকা মনে হয় শুধু নামেই বাংলাদেশের রাজধানী। আমার ধারণা, কোনো দেশের রাজধানী শুধু বাণিজ্যকেন্দ্র বা প্রশাসনিক কেন্দ্র হতে পারে না। একটি দেশের রাজধানী প্রতিনিধিত্ব করে সেই দেশটির। আমাদের দেশের রাজধানী হবে দেশের সবচেয়ে সুন্দর শহর। ঢাকাকে শুধু উঁচু দালানের একটি শহর হিসেবে আমি দেখতে চাই না। স্বপ্নে দেখি, রাজধানী ঢাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, ঝামেলামুক্ত। ঢাকার সৌন্দর্যবর্ধনে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেসবের পাশেই যদি ডাস্টবিন থেকে উঠে আসে প্রকট দুর্গন্ধ, তহলে সে সৌন্দর্যের মূল্য কোথায়? এ ছাড়া শুধু ভিআইপি রাস্তাগুলো বা নির্দিষ্ট কিছু এলাকা সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করে রাজধানীর সার্বিক কোনো উন্নতি করা সম্ভব নয়। যেকোনো প্রান্ত থেকেই যেন ঢাকা শহরকে সুন্দর দেখায়। আমরা যেন এমন নগরের অধিবাসী হতে পারি, যেখানে নিরাপত্তার নিশ্চয়তা আছে, সময়ের মূল্য আছে, স্বাস্থ্যকর পরিবেশ আছে।ঢাকার আরেকটি বড় সমস্যা হয়ে ওঠে বর্ষা ঋতুতে। বৃষ্টির সময় তখন ঢাকার রাস্তাগুলো খাল হয়ে যায়। এই তো কয়েক দিন আগে সামান্য বৃষ্টিতে পুরো ঢাকা শহর তলিয়ে গেল। আমি আশা করি, ঢাকার সব কটি নালা-নর্দমা পরিষ্কার ও সচল করে ফেলা হবে। বৃষ্টির পানি রাস্তায় জমে না থেকে সহজেই গড়িয়ে নেমে যাবে।একই সঙ্গে দেখতে চাই, রাস্তায় খোঁড়াখুঁড়ি করে যেখানে-সেখানে যেন নর্দমা বানিয়ে রাখা না হয়। কাজ শেষ হলে সঙ্গে সঙ্গেই যেন আবার ঠিক করে ফেলা হয় ঢাকার রাস্তা। আমার স্বপ্নের রাজধানীতে পথেঘাটে মূল্যবান সময় নষ্ট হবে না আমাদের।যানজটে স্থবির হয়ে থাকা রাস্তা দেখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যেন আমাদের মন খারাপ হয়ে না যায়। রাস্তায় বের হয়ে আমরা কেউ এখন নিশ্চিতভাবে বলতে পারি না, কখন গন্তব্যে পৌঁছাব বা আদৌ পৌঁছাতে পারব কি না। স্কুল-কলেজে সময়মতো আমরা পৌঁছাতে পারি না। এমন ঢাকার স্বপ্ন আমি দেখি, যেখানে থাকবে না কোনো রকমের যানজট।এ কথা সত্যি, রাজধানী হওয়ার কারণে ঢাকা নগর সব সময়ই জনবহুল থাকবে। কিন্তু আমার কাছে মনে হয়, ইচ্ছে করলে এটিও নিয়ন্ত্রণ করা যায়। বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে ঢাকার ওপর চাপ কমানো যায়। অন্য দেশের গুরুত্বপূর্ণ নেতা অথবা বহিরাগত পর্যটকেরা যখন আমাদের দেশে বেড়াতে আসেন, ঢাকা শহর দেখেই তারা পুরো দেশটি সম্পর্কে ধারণা নেন। আমি চাই, সেই ধারণাটা যেন সুন্দর হয়ে ওঠে। ঢাকা দেখে বাংলাদেশ সম্পর্কে একটি আনন্দময় স্মৃতি নিয়ে তারা দেশে ফেরেন।যাদের ক্ষমতা আছে, তারা মনে হয় স্বপ্ন দেখে না। আমরা নতুন প্রজন্ম। আমরা স্বপ্নবিলাসী। স্বপ্ন দেখতে ভালোবাসি। আমাদের হয়তো ক্ষমতা কম। সেই কম ক্ষমতা দিয়েই আমরা বদলে দিতে চাই আমাদের দেশটাকে।