সবুজ বেষ্টনী ধ্বংস করে মৎস্য প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় সবুজবেষ্টনী ধ্বংস করে মৎস্য প্রকল্প করার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থা নামে একটি সংগঠনের নামে। বরাদ্দ পাওয়ার আগেই সেখানকার ৪০ একর বনভূমির অন্তত ১০ হাজার কেওড়া ও বাইনগাছ উপড়ে ফেলা হয়েছে। এখন সেখানে জলাশয় খননের কাজ চলছে। বন বিভাগের মালিকানায় থাকা এই ভূমি মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থার নামে বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসকের বরাবর করা আবেদনপত্রে স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন সুপারিশ করেন। জানা গেছে, ইজারা বা বরাদ্দ পাওয়ার আগেই গত জুন মাসে মিরসরাইয়ের ডোমখালী সাহেরখালী এলাকার ৪০ একর বনভূমির সবুজবেষ্টনীর ওপর আঁচড় দেয় মুক্তিযোদ্ধাদের সংগঠনটি। বেড়িবাঁধের ভেতর ১৯৯৮-৯৯ সালে লাগানো প্রায় ১০ ফুট গাছ কাটার ফলে উপকূলের মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে। এ প্রসঙ্গে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু বলেন, ‘ওই ভূমিটি আমাদের। ওখানে আমাদের ১৫ বছরের পুরোনো ম্যানগ্রোভ বন রয়েছে। বন আইনের ৪ ধারায় বিজ্ঞপ্তি এই ভূমিটি বন বিভাগের জন্য নোটিফিকেশনকৃত। কিন্তু ওখানকার অন্তত ১০ হাজার চারাগাছ এখন কেটে ফেলা হয়েছে। ওটা সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছে।’ জানা গেছে, গাছ কাটা ও মাটি খননের সময় বনকর্মীদের সঙ্গে প্রকল্প নির্মাতাদের সংঘর্ষের ঘটনাও ঘটে। বন বিভাগ থেকে এ ব্যাপারে আদালত ও মিরসরাই থানায় পৃথক তিনটি মামলা ও জিডি করা হয়। তার পরও গাছ রক্ষা করা যায়নি। ২০১১ সালের ২২ ও ২৯ জুন দুই দফায় এই গাছ কাটা হয়। এখন জলাশয় খননের কাজ চলছে। সবুজবেষ্টনী ধ্বংস করার পর সর্বশেষ গত ৩০ মার্চ ডোমখালী এলাকার বেড়িবাঁধের ভেতরের ওই ভূমিতে মুক্তিযোদ্ধারা এক্সক্যাভেটর দিয়ে জলাশয় খনন শুরু করেন। বন বিভাগ বাধা দিলে বন কর্মকর্তাদের তাঁরা হুমকি-ধমকি দেন। পরে বনকর্মীরা এক্সক্যাভেটর চালককে ধরে আদালতে সোপর্দ করেন। এরপর একটি মামলাও করা হয়। এর আগের দিন ২৯ মার্চ মিরসরাই উপজেলা সমন্বয় সভাতে সাংসদ মোশাররফ হোসেন প্রকাশ্যে এই ভূমি মুক্তিযোদ্ধাদের ছেড়ে দেওয়ার সুপারিশ করে বক্তব্য দেন। সভায় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা কষ্টে রয়েছেন। তাঁরা ডোমখালী এলাকায় মৎস্য প্রকল্প করে চলবেন। এ ব্যাপারে একটু সবার সহযোগিতা দরকার।’ জানা গেছে, ২০০৯ সালের ডিসেম্বরে জেলা প্রশাসক বরাবর মিরসরাই মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থা মৎস্যচাষ, পশুপালন ও বনায়ন প্রকল্পের জন্য সাহেরখালীর মোট ১৮০ একর ভূমির জন্য আবেদন করা হয়। এর মধ্যে ৪০ একর বন বিভাগের নামে ৪ ধারায় নোটিফিকেশনকৃত বলে জানা গেছে। সংস্থার প্যাডে করা ওই আবেদনপত্রে মোশাররফ হোসেন সুপারিশ করেন। সুপারিশের কথা স্বীকার করে মোশাররফ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধারা মাছচাষ ও সামাজিক বনায়নের জন্য ওই জমি চেয়েছেন। তাঁরা বন বিভাগের জায়গায় যাননি। ওটা খালি জায়গা। আর বনরক্ষকেরা নিজেরাই তো ভক্ষক। মিরসরাইয়ে সবুজবেষ্টনী কিছু যদি নষ্ট হয়ে থাকে, তাহলে তা কাঠুরিয়ারা কিংবা গাছচোরেরা কেটেছে।’ ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়ের এক পরিপত্রের আদেশে বলা হয়, ‘বনভূমি হিসেবে নোটিফিকেশনকৃত এলাকায় কোনো খাসজমি অথবা সরকারের বিদ্যমান বননীতি অনুযায়ী বনায়নের জন্য বন বিভাগের প্রয়োজন এমন কোনো জমি ইজারা দেওয়া যাবে না।’ এ প্রসঙ্গে জানতে চাইলে মিরসরাই উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. রেজাউল করিম বলেন, ‘তারা আবেদন করলেও এখনো ইজারা কিংবা বরাদ্দ দেওয়া হয়নি। আমরা জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছি। ওখান থেকে অনুমোদন হয়ে এখনো আসেনি। তবু তারা কীভাবে কাজ শুরু করল, তা আমাদেরও প্রশ্ন। এখন তাদের বলেছি, যাতে ওখানে আর কাজ না করে।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মিরসরাই মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক জামসেদ আলম বলেন, ‘আমাদের এখনো ইজারা দেয়নি। তবে ২০০৯ সাল থেকে আমরা ওখানে কাজ করছি। ওখানে কিছু ছোট ছোট আগাছাজাতীয় গাছ ছিল। ওগুলো পরিষ্কার করে প্রকল্পের কাজ করা হচ্ছে। ওই জমি বন বিভাগের নয়। ওটা জেলা প্রশাসনের। আদালতে যেহেতু মামলা হয়েছে, এখন তারা নির্ধারণ করবেন।’