সবুজ শহরের খোঁজে
ভ বিষ্যতের ঢাকা শহর সবুজে ছাওয়া হবে কি না, এটা নির্ভর করে এ ব্যাপারে আমরা কী মানসিকতা পোষণ করি, তার ওপর। ঢাকা শহরে সবুজ দরকার এবং শহরটা সবুজ করার অনেক পথ এখনো খোলা আছে। শহরের মানচিত্রের ওপর ভুবনচিলের মতো উড়তে উড়তে দেখা যায়, কিছু জল আর ছোট ছোট সবুজ দ্বীপ মিলিত হতে চায়। অযত্নে ফেলে রাখা এবং অমানবিক ব্যবহার থেকে অনেক জলও স্থানমুক্তি চায়। দরকার ব্যক্তিগত, সরকারি ও বেসরকারি—সব পর্যায়ের সম্মিলিত ইচ্ছা ও প্রচেষ্টা এবং সুপরিকল্পনা।ভবিষ্যতের সবুজ ঢাকা এমন হতে পারে—শহরের বাইরের বনভূমি ও জলাভূমির সঙ্গে শহরটা সবুজ ও জলের করিডরের মাধ্যমে সংযুক্ত থাকবে। এই করিডরের মধ্য দিয়ে বনবিড়াল, কাঠবিড়ালি, বেজি, শিয়াল, জলজ গাছপালা ও প্রাণী চলে আসবে শহরে।মনে রাখতে হবে, কোনো গাছই অপ্রয়োজনীয় নয়, কোনো গাছই অসুন্দর নয়। আমরা কোন স্থানে কী কারণে গাছ লাগাতে যাচ্ছি, সেটা বোঝা দরকার। কোনো গাছ অনেক আলোতে জন্মায়, কোনোটা ছায়ায়; কোনোটা উর্বর মাটি পছন্দ করে, কোনোটার পছন্দ অনুর্বর মাটি এমনকি পুরোনো বাড়ির দেয়াল; কোনোটা বেড়ে ওঠে রুক্ষ-শুষ্ক মাটিতে, কোনোটা স্যাঁতসেঁতে জায়গায়। যেখানে যে অবস্থা, সেটা বিবেচনায় নিয়ে গাছ লাগানোটাই সঠিক ব্যবস্থাপনার পরিচায়ক। গাছের মধ্যে বড় গাছ, ছোট গাছ, লতাগাছ, পরাশ্রয়ী গাছ এবং ঘাসের মতো মাটি কামড়ে থাকা অজস্র ধরনের গুল্ম আছে। ছোট-বড় সবাই মিলে গাছগুলো একেকটা গোষ্ঠীর মতো। কোনো গাছ থেকে বড় পাতা ঝরে পড়ে বলে ওই গাছ লাগানো যাবে না—এমনটি নয়। কারণ, ওই পাতাটা গাছের নিচের মাটিতে একধরনের ছায়া তৈরি করে। ওই পাতার নিচে আশ্রয় নেয় ছোটখাটো পোকা। মাটির উর্বরতাও বাড়ে। এই দৃষ্টিভঙ্গি থাকলে সব গাছই দরকারি ও সুন্দর মনে হবে। এমন গাছ আছে যারা মাটি, পানি ও বাতাসের নোংরা পরিষ্কার করতে পারে। মানুষের মানসিক স্বাস্থ্য, সৌন্দর্যবোধ ও আবহাওয়াগত চাহিদার কথাও মনে রাখতে হবে। ঢাকা শহরে গাছপালা না থাকলে এর নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ছন্দপতন হবে।শহরে দীর্ঘকাল ধরে সবচেয়ে বেশি ও বৈচিত্র্যময় গাছ লাগাতে পারে পাখপাখালি। কিন্তু তাদের তো নিমন্ত্রণ করে আনতে হবে। অনেক ঝোপঝাড় আর বিভিন্ন গভীরতার জলাশয় থাকতে হবে, যেখানে মানুষ তাদের কম বিরক্ত করতে পারবে। আমরা যদি চাই পাখি-প্রজাপতি থাকবে, তাহলে তাদের পছন্দের গাছ বট, ডুমুর, মান্দার, শিমুলসহ ছোট ফলের গাছ লাগাতে হবে। স্থানের পরিবেশের কথা মাথায় রেখে দেশি গাছের প্রাধান্য দেওয়া দরকার। আবার মানুষের মনের চাহিদা অনুযায়ী রং, আকার ও আলোছায়ার বৈচিত্র্য আনতে হরেক রকম গাছই লাগানো যেতে পারে। লক্ষ রাখতে হবে, আমাদের রাজধানী ঢাকা শহর যেন এই সুন্দর বদ্বীপ বাংলাদেশের ধারণার যথাযথ প্রতিফলন হয়ে ওঠে।ওপরের কথাগুলো অনেকের কাছে স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু ঢাকাই পৃথিবীর একমাত্র ভুলে ভরা শহর নয়; পৃথিবীর অনেক শহরই ভুল করেছে। কিন্তু তারা শুধরেও নিয়েছে। আবার ফিরে এসেছে প্রকৃতির ছন্দে। ভবিষ্যতের নগর হিসেবে ঢাকা শহরকে গড়ে তুলতে হলে ওই সব জ্ঞানের আদান-প্রদান দরকার।আশার কথা হচ্ছে, আমাদের দেশের বেশির ভাগ মানুষই প্রকৃতির ছন্দ থেকে বেশি দূরে সরে যায়নি। আমরা বাঙালি এক অনন্য জাতি—ভাবুক ও কাব্যিক। আবেগের প্রাধান্য আমাদের জীবনে বেশি। সম্ভবত আমাদের এই জল, জঙ্গল, মাটি, হাওয়া আমাদের মনের এই সজীবতা তৈরি করেছে। এই জাতিগত আবেগ দিয়ে আমরা অনেক কিছু অর্জনও করেছি।বিন্দু বিন্দু জল দিয়ে যেমন মহাসমুদ্র, তেমনি আমরা ব্যক্তিগত ছোট ছোট উদ্যোগ নিয়ে ঢাকা শহরকে বাগানে ভরিয়ে ফেলতে পারি। সেটা হতে পারে মাত্র পাঁচ বর্গফুটের জমি, ফুটপাতের পাশে একচিলতে মাটি, বারান্দা বা ছাদে। যে রাজনীতিবিদ বা পরিকল্পনাবিদ নিজের বাড়িতে বাগান করেন, নিজের শহরটাকেও তিনি সবুজ দেখতে চাইবেন। আমাদের দেশে রাজনীতিবিদ বা পরিকল্পনাবিদদের আবেগটা তাই খুব গুরুত্বপূর্ণ। রাজা-বাদশাহদের মতো কেবল অন্যকে নির্দেশ দিয়ে বাগান করালে হবে না। কারণ যিনি নিজে বাগান করেন, গাছগুলোর জন্য তাঁর ভালোবাসা জন্মায়। গাছের প্রজাপতি, ফড়িং, পতঙ্গের প্রতিও তাঁর ভালোবাসা গড়ে ওঠে। তিনি প্রাণবৈচিত্র্যের পরস্পরনির্ভর সম্পর্ক উপলব্ধি করতে শুরু করেন। এভাবে একটু একটু করে ইতিবাচক একটা মানসিকতা তৈরি হয়। রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, গবেষক, পেশাজীবী, নাগরিক—সবার জন্যই এই সবুজ শহর আমাদের দরকার। গাছে গাছে সবুজ হয়ে উঠবে শহর, পাখিরা ডাকবে, বাহারি রঙের ফুলে ফুলে ভরে থাকবে চারপাশ—আমরা কি চাই না আমাদের ঢাকা শহর এমনটাই হয়ে উঠুক?‘ছোটদের জন্য স্থাপত্য’ নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ কিশোর-কিশোরীদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান করে থাকে। বস্তিবাসী কিশোর-কিশোরী ও ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তারা একবার শহরে তাদের স্বপ্নের একটি জায়গা আঁকিয়েছিল। ওদের বড় বড় কাগজের পৃষ্ঠাগুলো সবুজ মাঠ, গাছপালা, নীল জলাশয়, রংবেরঙের পাখপাখালি আর কীটপতঙ্গে ভরে উঠেছিল। যারা সবুজের মধ্যে বড় হয়ে ওঠার সুযোগই পায়নি, এসবের প্রতি এত টান তাদের কোত্থেকে জন্মাল? অনেকে বলেন, আমাদের প্রাকৃতিক সত্তার প্রতি এ আমাদের এক অপ্রতিহত আকর্ষণ। এ আমাদের বেঁচে থাকার টান। শিশু-কিশোরেরা এখনো নষ্ট হয়ে যায়নি বলে এই টান ওরা আমাদের চেয়ে বেশি অনুভব করতে পারে।এ-ও মনে রাখা দরকার, গাছপালা লাগানোর চেয়ে এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বেশি কঠিন। ভবিষ্যতের ঢাকা শহরটা সবুজ করতে চাইলে তার বীজ মাটিতে ফেলার পাশাপাশি নগরবাসীর মনের মধ্যেও ফেলতে হবে। দেশের বিশিষ্ট নিসর্গী দ্বিজেন শর্মার কথা দিয়ে শেষ করি, ‘গাছ লাগাও। অত রঙের বৈচিত্র্য না থাকলেও চলবে। শহরটা অন্তত সবুজ দেখতে হবে। তা-ই সুন্দর।’ [email protected]খোন্দকার হাসিবুল কবির: শিক্ষক, স্থাপত্য বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।