লোকালয়ের গাছগাছালিতে আমাদের নজর এড়িয়ে লম্বাটে যে পাখি সর্বদা লুকিয়ে চলাফেরা করে, তার পোশাকি নাম সবুজঠোঁট মালকোআ। লুকিয়ে চলার অসাধারণ দক্ষতা আছে বলে সুলভ এ পাখিটি আমজনতার কাছে অচেনাই রয়ে গেছে। গোপনে চলাচলের কারণে কেউ কেউ এর নাম দিয়েছে চোর-পাখি, যদিও চুরির কোনো অপবাদ তার নেই। শুঁয়োপোকা, ঝিঁঝি, সিকেডা ও টিকটিকি আহার করেই সে বেঁচে থাকে, কারও গাছের কোনো ফল ছুঁয়েও দেখে না। এ দেশের পাখিদর্শকমহলে পাখিটি শুধু মালকোআ নামেই পরিচিত। বাংলাদেশে মাত্র এক জাতের মালকোআ আছে বলে সবুজঠোঁট বিশেষণটি ব্যবহার না করলেও চলে। তবে পৃথিবীতে ১২ প্রজাতির মালকোআ আছে, তাই এ বিশেষণ ছাড়া আবার সব ক্ষেত্রে চলে না। পৃথিবীর তাবৎ মালকোআ পাখির বসবাস উত্তর ও উত্তর-পূর্ব এশিয়ার আটটি দেশেই সীমাবদ্ধ এবং এক এলাকায় একাধিক প্রজাতি কমই দেখা যায়। প্রতিটি মালকোআ প্রজাতি তার নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা; পৃথিবীতে কোনো পরিব্রাজক মালকোআ নেই।বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে শুধু সবুজঠোঁট মালকোআ আছে। কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলে এ প্রজাতি অনুপস্থিত। সেখানে নীলমুখ মালকোআ বাস করে, যা আবার আমাদের এই দিকে নেই। কোনো কোনো মালকোআ প্রজাতির বাস ছোট ছোট দ্বীপেই সীমিত রয়ে গেছে। যেমন— লালমুখ মালকোআ শুধু শ্রীলঙ্কায়, হলদেঠোঁট মালকোআ শুধু সুলাওয়েসি দ্বীপে এবং ঝুঁটিদার মালকোআ শুধু লুজন দ্বীপে দেখা যায়। অজ্ঞাত কারণে আমাদের সবুজঠোঁট মালকোআ প্রজাতির বিস্তৃতিও বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে সীমিত, রাজশাহী বিভাগে আজও এর দর্শন মেলেনি। মালকোআ প্রজাতির সবাই দীর্ঘ লেজধারী লম্বাটে পাখি। সবারই রঞ্জিত ঠোঁট ও চোখের পাশে পালকহীন চামড়ায় বাহারি রং থাকে। দৈর্ঘ্যে সবুজঠোঁট মালকোআ পুরো পৌনে দুই ফুট। থাকে থাকে সাজানো লেজের দীর্ঘ পালকের জন্যই একে অতটা লম্বা দেখায়, যদিও এর দেহ মাঝারি আকারের এবং ওজন মাত্র ১১৫ গ্রাম। আমাদের অতি পরিচিত দাঁড়কাক দৈর্ঘ্যে মালকোআর চেয়ে ছোট, কিন্তু ওজনে পাঁচটি মালকোআর চেয়েও ভারী। আলোকচিত্রে এর দীর্ঘ লেজ আর রক্ত-রং চোখের পট্টি দেখে মনে হবে না যে লোকালয়ে এসেও কোনো মালকোআ মানুষের নজর এড়িয়ে যেতে পারে; যদিও অহরহই সেটা ঘটে থাকে। পাখিটি ঘন পল্লবের আড়ালে নিঃশব্দে পোকা শিকার করে, বনবিড়ালের মতো ডাল থেকে ডালে হেঁটে চলে এবং আশপাশে মানুষ না থাকলে এক গাছ ছেড়ে দ্রুত অন্য গাছের আশ্রয়ে উড়ে যায়। মানুষের দৃষ্টি এড়িয়ে চলার জন্য তার এ কঠোর সাধনার প্রকৃত কারণ আজও অজানা।কুকুলিডি পরিবারের যে ১৭ প্রজাতির পাখি আজও বাংলাদেশে আছে, মালকোআ ছাড়া এরা সবাই অপরের বাসায় ডিম পাড়ে। পরিবারের অন্য পাখির ওই বিদ্ঘুটে জীবনযাত্রা পরিহার করে মালকোআ নিজের তৈরি বাসায় তিনটি সাদা ডিম পেড়ে নিষ্ঠার সঙ্গে তা দেওয়া ও ছানা পালনের কাজ করে। বংশরক্ষার ব্যাপারে অপরের দ্বারস্থ না হওয়া এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরার কারণেই হয়তো বাংলাদেশে এ পাখির জন্য ভবিষ্যৎ-বিলুপ্তির সতর্ক-সংকেতটা এখনো দিতে হচ্ছে না। প্রাকৃতিক বন ধ্বংস করে গড়া অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস, রাবার, মেহগনি, সেগুন ইত্যাদি ভিনদেশি গাছের বাগানেও পাখিটি টিকে আছে দেখে আমরা এর ভবিষ্যৎ নিয়ে ততটা শঙ্কিত নই।