সবুজবাগে গৃহকর্মী খুন, আটক ২
রাজধানীর সবুজবাগ থানাধীন আহমেদবাগ থেকে হালিমা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুরে পুলিশ ওই বাসার মেঝে থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।সবুজবাগ থানা সূত্রে জানা গেছে, হালিমা ১৩৩/১৩৪, আহমেদবাগের ছয়তলার বাসিন্দা আসাদুজ্জামানের বাসার গৃহকর্মী ছিল। আজ সকালে গৃহকর্মী হালিমাকে বাসায় একা রেখে আসাদুজ্জামান ও তার স্ত্রী কর্মস্থলে যান। তাঁদের সন্তানেরা যায় শিক্ষাপ্রতিষ্ঠানে। বেলা আড়াইটার দিকে আসাদুজ্জামানের দুই সন্তান বাসায় ফিরে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে তারা বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দেখেন, ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হালিমা মেঝেতে পড়ে আছে। ঘটনাটি তাঁরা মা-বাবাকে জানালে তাঁরা বিষয়টি সবুজবাগ থানায় জানান। পরে পুলিশ গিয়ে গৃহকর্মী হালিমার লাশ উদ্ধার করে। ঘটনার পর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ ওই বাসায় যান।উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, বাড়ির দারোয়ান পুলিশকে বলেছেন, সকাল বেলা ডিশ সংযোগ দেওয়ার কথা বলে এক যুবক ছয়তলার ওই বাসায় যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দারোয়ানসহ দুজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের ওই কর্মকর্তা জানান, সকাল থেকে দুপুরের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।