সবুজবাগে পুলিশ-অস্ত্রধারী গুলিবিনিময়, আহত ২
রাজধানীর সবুজবাগ এলাকায় আজ সোমবার সকালে পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গুলিবিনিময়ে দুই পথচারী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।আহত ব্যক্তিরা হলেন: ব্যবসায়ী নিপু সরকার (৩৮) ও কলেজছাত্র ইমরান হোসেন চৌধুরী (১৯)। ঘটনা সম্পর্কে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা ১১টার দিকে খিলগাঁও বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে মোটরসাইকেলে করে জাবেদ আলী, ধলু ব্যাপারী ও সোহেল রামপুরার দিকে যাচ্ছিলেন। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁদের থামতে বলে। কিন্তু তাঁরা না থেমে পুলিশকে লক্ষ্য করে গুলি করেন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রাস্তার পাশে চায়ের দোকানে বসে থাকা ব্যবসায়ী নিপু সরকার ও রিকশারোহী ইমরান হোসেন গুলিবিদ্ধ হন। নিপুর পায়ে ও চোয়ালে এবং ইমরানের পিঠে গুলি লাগে। আহত অবস্থায় ইমরান ও নিপুকে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ইমরান গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নিপু সরকার নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী। পুলিশ জাবেদ ও ধলুকে ঘটনাস্থল থেকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা সোহেল পালিয়ে যান। আটক দুজনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।