সবুজবাগে প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় অর্পণা আক্তার ওরফে আপন (১৮) নামের এক তরুণী তাঁর প্রেমিকের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ অর্পণার প্রেমিক রুবেল হোসেনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও অর্পণার পারিবারিক সূত্র জানায়, রুবেল সিএনজিচালিত অটোরিকশার মিস্ত্রি। অর্পণার মা-বাবার সঙ্গে ৪২, দক্ষিণ বাসাবোতে থাকতেন। গতকাল রাতে অর্পণা তাঁর প্রেমিক রুবেলের দক্ষিণগাঁওয়ের এক নম্বর সড়কের বাসায় যান। এ সময় তাঁদের দুজনের মধ্যে বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অর্পণা রুবেলের শোবার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। এরপর তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। অর্পণার গোঙানির শব্দে পাশের কক্ষ থেকে রুবেল এসে দরজা ভেঙে তাঁকে নামান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। অর্পণার বোন রেহানা আক্তার জানান, রুবেলের সঙ্গে অর্পণার প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ভ্যালেনটাইন ডে-তে রুবেল অর্পণাকে নিয়ে বেড়াতে না যাওয়ায় তিনি অভিমান করে আত্মহত্যা করতে পারেন। অর্পণা কমলাপুর কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অর্পণা ও রুবেলের মধ্যে মতবিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রুবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।