সবুজবাগে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ থানার বাগানবাড়ি এলাকা থেকে আজ বুধবার সকালে পুলিশ একজন যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। তাঁর নাম আল-আমিন (৩২)। তিনি থাই অ্যালুমিনিয়ামের ঠিকাদারি ব্যবসা করতেন।সবুজবাগ থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ সকাল ছয়টার দিকে বাগানবাড়ি সড়কের পাশ থেকে আল-আমিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আল-আমিন মেরুল বাড্ডার এলাকায় ৭ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় থাকতেন। গতকাল মঙ্গলবার তিনি ব্যবসায়িক কাজে বের হন। রাতে বাসায় ফিরে না আসায় তাঁর স্ত্রী সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে এলাকার লোকজন বস্তাবন্দী লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিখোঁজ আল-আমিনের পরিবারকে জানানো হলে তারা থানায় এসে লাশ শনাক্ত করে।ওসি জানান, ধারণা করা হচ্ছে খুনিরা আল-আমিনকে হত্যার পর বস্তাবন্দী করে লাশ ওখানে ফেলে যায়।