সবে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি...ইউরোপের সেরা ক্লাবগুলো বাংলাদেশে আসবে! বিস্মিত হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমার এই কথা শুনে আপনার মনে একটা ধাক্কা লাগতেই পারে। কিন্তু আর্জেন্টিনার মতো দুবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের ফুটবলারদের বাংলাদেশে আসা সেটি দূর করে দিচ্ছে। বর্তমান সময়ে এই ধরাতলের সবচেয়ে বড় ফুটবলারটির পা পড়ছে আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এরপর বার্সেলোনা-ম্যানইউর ঢাকা আসা আর অসম্ভব মনে করবেন না প্লিজ।নিজেই বলি, আমি স্বপ্ন বিলাসী মানুষ। স্বপ্ন দেখতে আমার ভালো লাগে। এ কারণেই ‘পারব না’ শব্দ দুটিকে অত ভয় পাই না। মনে পড়ছে, এই গত মার্চের কথা। গোটা দেশে তখন বিশ্বকাপ ক্রিকেটের উত্তাপ। একদিন কলকাতার কাগজে খবর বেরোল, কলকাতায় আসছে আর্জেন্টিনা। কলকাতায় খেলে মেসিরা ঢাকায় যাবে। ওই খবর দেখে ঢাকার সাংবাদিক সমাজের সে কী কৌতূহল। আমার কাছে ফোনের পর ফোন আসতে লাগল। সত্যিই কী মেসি এবং তাঁর দল আর্জেন্টিনা ঢাকায় আসবে?তখন আমি একটা কথাই বলেছিলাম, অপেক্ষা করুন। ঢাকায় যদি আর্জেন্টিনা আসে তাহলে সময় হলে সব জানাব। তখন ভেতরে ভেতরে কাজটা কিছু দূর এগিয়ে নিয়ে যাই। কিন্তু টাকার সংস্থান না করে ঘোষণা দিতে পারছিলাম না। অনেক টাকার ব্যাপার। শুরুতে প্রস্তাবটা পেয়ে আমি কিন্তু ‘এত টাকা কোথায় পাব’ জাতীয় দুর্ভাবনায় নিজেকে বন্দী করে ফেলিনি। আজ একটা সত্যি কথা বলি, প্রথম প্রস্তাবটা পেয়ে আমার কাছে কিন্তু অসম্ভবই মনে হয়েছিল। তারপর তো জানেনই। বেক্সিমকো গ্রুপ বাফুফের পাশে দাঁড়িয়েছে। এই সুযোগে আমি বেক্সিমকোকে কৃতজ্ঞতা জানাব। গোটা আয়োজনের অর্থনৈতিক দায়টা নিয়ে বাফুফেকে সামনে এগোনোর পথ করে দিয়েছে বেক্সিমকো। ‘লাভ হলে ফুটবল ফেডারেশনের, লোকসান হলে আমাদের’—বেক্সিমকোর এই অবস্থান সত্যি করে তুলেছে গোটা আয়োজনটাকে। আজ গর্ব লাগে, ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের নাম দেখে। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের অফিশিয়াল স্বীকৃতি দিয়েছে ফিফা। আন্তর্জাতিক মিডিয়ার সৌজন্যে সারা বিশ্ব দেখবে, বাংলাদেশ নামের ৫৫ হাজার বর্গমাইলের দেশটা মেসিদের মতো তারকাদের ম্যাচ আয়োজন করতে পারে। এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। সারা বিশ্বের কাছে বাংলাদেশ খবর হবে ইতিবাচক ইমেজ নিয়ে। আমি যখন কোটি টাকার সুপার কাপ ফুটবল আয়োজনের ঘোষণা দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করতে পারেননি। এখনো অনেক সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞেস করেন, কী করে ওই চিন্তাটা আমার মাথায় এল। আমি বলি, নতুন এবং আকর্ষণীয় কিছু করার তাগিদ থেকেই উদ্যোগটা নিয়েছিলাম। তবে আমি নই, ওটা ফুটবল ফেডারেশনের উদ্যোগ এবং এর সব সাফল্য ফেডারেশনের। আমি নিজে কোনো কৃতিত্ব নিতে চাই না। তবে একটা কথা না বলে পারছি না, বড় কাজে নামলে আসলে অনেক শিক্ষা হয়। এই কিছু দিনে আমি অনেক কিছু শিখেছি। ভালো-খারাপ দুই রকম শিক্ষাই আছে। ভালোটা হলো, সবাই মিলে কাজ করছি বলে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটা করা যাচ্ছে। আবার এটি করতে গিয়ে কত যে ঝক্কি পোহাতে হচ্ছে, সে আপনাদের কল্পনারও বাইরে। টিকিট বিক্রিতে প্রত্যাশিত সাড়া না পাওয়া, মোটা অঙ্কের লোকসানের আশঙ্কা...ইত্যাদি মাথায় নিয়ে চলতে হচ্ছে ফেডারেশনকে। থাক, আমি এখন সেসব বলে আপনাদের মন ভারাক্রান্ত করতে চাই না। সমস্যা ডিঙিয়ে এগিয়ে চলার সাহসই আসল। আমার সেটা আছে। আছে বলেই এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আমি এটাও বলি, আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটা ভালোভাবে করতে পারলে আমাদের জন্য একটা দুয়ার খুলে যাবে। এখন আমরা নিজেদের আগ্রহে আর্জেন্টিনাকে আনছি, ভবিষ্যতে অনেক বড় বড় দল নিজেরাই বাংলাদেশে আসতে আগ্রহী হবে। শুনতে বাড়াবাড়ি মনে হতে পারে, তবে এটা ঘটনা, তখন আমাদের পেছনে ছুটবে অনেক দল। বাংলাদেশে ম্যাচ খেলে যেতে চাইবে। এখন মৌসুমের শুরুতেই বিশ্বের বড় বড় ক্লাবগুলো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়ায় খেলার জন্য নিজেরাই যোগাযোগ করে, তখন আমাদের এখানে তারা আসতে চাইবে।তাই বলছি, আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটা আমাদের ফুটবলের জন্য একটা টার্নিং পয়েন্ট। এটি ভালোভাবে শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। সবার কাছে দোয়া প্রত্যাশী আমি। কারণ, এতে গোটা দেশের সম্মান জড়িত। এতে প্রমাণিত হবে, বাংলাদেশ জঙ্গিদের দেশ নয়। এ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। নইলে এই সময়ের সবচেয়ে বড় ফুটবল তারকা এ দেশে আসে না। এতে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা একটা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাবে। পাবে কী, এরই মধ্যে তো পেয়ে গেছেও।গত শুক্রবার সকালে কলকাতা থেকে ঢাকায় ফিরে এই লেখা লিখছি। কলকাতায় গিয়েছিলাম মেসিদের ৩ সেপ্টেম্বর মানে শনিবার ঢাকায় আসার ব্যাপারটা নিশ্চিত করতে। কিন্তু দুদিন পর মানে ৫ তারিখ আসছে। ৩ বা ৪ তারিখে এলে ভালো হতো। যাই হোক, মেসিকে ঢাকায় আনব বলে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। অপেক্ষা করুন, সামনে আরও চমক দেখবেন।