দুই বছর পর এসেছে সন্দীপনের নতুন অ্যালবাম ভাবের ঘরে। এটি শিল্পীর ষষ্ঠ একক অ্যালবাম। এতে মৌলিক গানের পাশাপাশি সন্দীপন গেয়েছেন চট্টগ্রামের মাইজভান্ডারি, কবিয়াল রমেশ শীল ও দ্বীজরাম প্রসাদের গান। রয়েছে শচীন দেববর্মন ও মুহিনের ঘোড়াগুলির গান। সংগীতায়োজন করেছেন হূদয় খান। এটি প্রকাশ করেছে অগ্নিবীণা। কথা হলো সন্দীপনের সঙ্গে।হূদয় খানের সঙ্গে এবারই প্রথম পুরো অ্যালবামের কাজ করলেন?হূদয়ের সুর ও সংগীতায়োজনে আমি প্রথম গান করি হূদয় মিক্স ২ অ্যালবামে। ওই অ্যালবামের ‘মাওলা’ শিরোনামের সুফি ধারার গানটি তখন শ্রোতাপ্রিয় হয়েছিল। বছর দুয়েক আগে যখন নতুন অ্যালবামটি নিয়ে হূদয়ের সঙ্গে আলোচনা করি, তখন সে নিজেই বেশ আগ্রহী হয়। আর আমিও এমনটাই চেয়েছিলাম।নতুন অ্যালবামের বিশেষত্ব কী?আগের পাঁচটি অ্যালবামের মাধ্যমে শ্রোতারা আমার গানের ধরনটার সঙ্গে পরিচিত হয়েছে। এবার তা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করেছি। এ কারণেই হূদয়ের সঙ্গে যুক্ত হওয়া। তার ভাবনার সঙ্গে আমার ভাবনার মিল ঘটাতে পেরে ভালো লাগছে। এর ফলাফল অবশ্য আমি এরই মধ্যে পেতে শুরু করেছি। ভাবের ঘরে অ্যালবামটির জন্য শ্রোতা ও পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক মতামত পাচ্ছি।‘ভাবের ঘরে’ অ্যালবামটি নিয়ে নতুন কিছু ভেবেছেন?শিগগিরই অ্যালবামটির মৌলিক গানগুলো নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করব। আরেকটা কথা, এই মৌলিক গানগুলোর গীতিকার গুঞ্জন চৌধুরী।আপনাদের ব্যান্ড সব্যসাচীর কী খবর?সব্যসাচী মঞ্চে নিয়মিত গান করছে। এরই মধ্যে কয়েকটি টিভি অনুষ্ঠানে আমরা গান করেছি। সব্যসাচীর প্রথম অ্যালবামের কাজ শুরু করেছি। আগামী বছরের মাঝামাঝি সময়ে অ্যালবামটি শ্রোতাদের হাতে দেওয়ার ইচ্ছা আছে। সব্যসাচী থেকে আমরা লোকগান নিয়ে কাজ করছি। এর সঙ্গে অবশ্য রক, জ্যাজ ও ব্লুজের একটা মিশ্রণ থাকবে।