সভা ডাকা নিয়ে উত্তেজনা, বালাগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপি সিলেটের বালাগঞ্জে একই স্থানে সভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এলাকায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর বাজারসংলগ্ন মাঠে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ইউনিয়ন বিএনপির পূর্বনির্ধারিত জনসভা ছিল। স্থানীয় আওয়ামী লীগ গতকাল বুধবার বিকেলে একই স্থানে একই সময়ে আরেকটি সভার ডাক দেয় । এ নিয়ে উভয় দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ উপজেলা প্রশাসন মাইকিং করে জনসভাস্থলে আজ সকাল নয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘এটি খুব লজ্জাজনক বিষয়। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী মত দমনে সরকার নির্লজ্জ ভূমিকা পালন করছে। আমাদের পূর্বনির্ধারিত জনসভাকে পণ্ড করতে সরকারি দলের লোকজন পাল্টা সভা ডেকেছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া দাবি করেন, আওয়ামী লীগের পক্ষ থেকেই প্রথমে ওই স্থানে সভা ডাকা হয়। পরে বিএনপি পাল্টা সভার ডাক দিলে তাদের সঙ্গে আপসের চেষ্টা করা হয়। কিন্তু এতে কোনো ফল হয়নি। তাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আওয়ামী লীগের ডাকা সভাটি স্থগিত করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান বলেন, দুই দল একই স্থানে সভা আহ্বান করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।