সভা মুলতবি, পোশাক খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ আজ
পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে খসড়া প্রস্তাব গ্রহণের সময় আরও এক দিন বাড়িয়েছে মজুরি বোর্ড। আজ মঙ্গলবার মজুরিকাঠামো নির্ধারণে খসড়া প্রস্তাব গ্রহণ করা হবে। গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত মজুরি বোর্ডের বৈঠকটি মুলতবি করা হয়।মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা জজ ইকতেদার আহমেদ বৈঠক মুলতবি করে সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা মজুরিকাঠামোর খসড়া প্রস্তাব গ্রহণ করব।’ তিনি আশা প্রকাশ করেন, সমঝোতা করেই নতুন মজুরি কাঠামোর খসড়া তৈরি করতে পারবেন।উল্লেখ্য, মজুরি বোর্ড খসড়া প্রস্তাব গ্রহণ করে তা গেজেট হিসেবে প্রকাশ করবে। একই সঙ্গে তা সরকারের কাছেও পাঠানো হবে। এ পর্যায়ে ১৪ দিন সময় দেওয়া হবে এই খসড়া গেজেটের ওপর মালিক বা শ্রমিকপক্ষের সংক্ষুব্ধতা প্রকাশের। তারপর উভয় পক্ষের সংক্ষুব্ধতা বিবেচনা করে মজুরি বোর্ড তা আনুষ্ঠানিকভাবে গেজেটে প্রকাশের জন্য সরকারের কাছে পাঠাবে।সূত্র জানায়, গতকাল দুই দফা পিছিয়ে মজুরি বোর্ডের বৈঠক বেলা তিনটায় শুরু হয়। মজুরি বোর্ডের সদস্য হাবিবুর রহমান সিরাজ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি বৈঠকে যোগ দিতে পারেননি। অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দেরিতে বৈঠকে উপস্থিত হন। এর আগেই মালিকপক্ষের দেরির কারণে বোর্ডের বৈঠক আজ দুপুর দুইটা পর্যন্ত মুলতবি করা হয়। মুলতবি করার পর মালিকপক্ষের প্রতিনিধি বৈঠকে এসে পৌঁছান। যোগাযোগ করা হলে শফিউল ইসলাম মহিউদ্দিন আজ খসড়া মজুরিকাঠামো নির্ধারণ হবে বলে প্রথম আলোর কাছে আশা প্রকাশ করেন। এদিকে একটি সূত্র জানিয়েছে, বর্তমান সাতটি ধাপের মজুরিকাঠামোকে কমিয়ে ছয়টি ধাপে আনতে চায় মালিকপক্ষ। এই ধাপ কমানোর কৌশলে সপ্তম ধাপকে উঠিয়ে দিয়ে ষষ্ঠ ধাপের মধ্যে তা সমন্বয় করে এটিকেই ন্যূনতম মজুরির স্তরে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের। আবার বর্তমান সপ্তম ধাপকে শিক্ষানবিশ/সহকারী পদে বিলীন করতে চায় মালিকপক্ষ। একই সঙ্গে এ পদের জন্য সর্বসাকল্যে মজুরি দুই হাজার ৫০০ টাকায় নির্ধারণ করে শিক্ষানবিশের মেয়াদ বৃদ্ধি করে এক বছর করতে চায় তারা। এটা হলে এ পদের শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেক ক্ষেত্রে বর্তমানের চেয়ে মজুরি কমে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।অবশ্য এই কৌশল মানতে রাজি নন শ্রমিকনেতারা। একই সঙ্গে গত রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ নেতাদের যে নির্দেশনা দিয়েছেন, তার সঙ্গে এই ধাপ কমানোর কৌশলের মিল নেই বলে একটি সূত্র দাবি করেছে।