সভা-সমাবেশ নিষিদ্ধ করায় ১৪ দলের বৈঠকে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ঘটনায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সভায় জোটের নেতারা সরকারের এ সিদ্ধান্তকে ‘সংবিধানের পরিপন্থী’ বলে মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিমসহ জোটের শরিক দলের অন্য নেতারা রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা-সংক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। এ সময় আওয়ামী লীগের একাধিক নেতা হেফাজতে ইসলামের তাণ্ডবের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানান। বৈঠক শেষে রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা সংবিধানের পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত থেকে কোনো রাজনৈতিক সুবিধা পাওয়া যায় না। বরং রাজনৈতিকভাবে সরকারেরই ক্ষতি বেশি হয়। বৈঠকে উপস্থিত বেশির ভাগ সদস্যই এই মতকে সমর্থন করেছেন। শরীফ নুরুল আম্বিয়া প্রশ্ন তোলেন, ‘যে পদ্ধতিতে এত দিন সভা-সমাবেশ হয়ে আসছিল, তা বহাল থাকলে সমস্যা কোথায়?’ তিনি বলেন, বিশেষ কোনো দলের ব্যাপারে আপত্তি থাকলে তাদের অনুমতি না দিলে হয়। এ জন্য তো মৌলিক অধিকার ক্ষুণ্নের দরকার হয় না।এ বিষয়ে মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, সরকারিভাবে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। তবে কোনো দল সভা করতে চাইলে অবশ্যই তাদের আইন মেনে করতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ১৯ মে গণমাধ্যমকে বলেছিলেন, আগামী এক মাস কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। তিনি এ জন্য সভা-সমাবেশের নামে সন্ত্রাসের আশঙ্কার কথা জানান। অবশ্য একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতের পর দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে সভা-সমাবেশ এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তারেককে ধরে আনার দাবি: ১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি তারেক রহমানকে ধরে এনে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান। এ ছাড়া মোহাম্মদ নাসিম পোশাকশ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নৈরাজ্য চালিয়ে অধিকার আদায় করা যায় না। এতে দেশের পোশাক খাত ধ্বংস হয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেন, পঁচাত্তরের পর ক্যান্টনমেন্টে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনা তদন্তের জন্য কমিশন গঠনের দাবি জানান।