সভাপতি গ্রেপ্তার, হরতাল ডেকেই ধ্বংসযজ্ঞ শুরু শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। আজ রোববার সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হরতালের ঘোষণা আসে। এর পর থেকেই শিবির রাজধানীতে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।আজ বিকেলে রাজধানীর শ্যামলীর একটি বাসা থেকে শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কাল সোমবার সারা দেশে বিক্ষোভ ও মঙ্গলবারের হরতাল কর্মসূচি ঘোষণা করে শিবির।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, সাম্প্রতিক হরতাল ও বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে শিবির সভাপতির বিরুদ্ধে। এসব বিষয়ে দায়ের হওয়া অনেকগুলো মামলার এজাহারভুক্ত আসামিও তিনি। মামলার আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, শ্যামলী এলাকায় নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন, এমন খবরে দুপুর থেকে অভিযান শুরু করে ডিবি। অভিযান আঁচ করতে পেরে শিবিরের নেতা-কর্মীরা এলাকা ছাড়েন। একটি মোটরসাইকেলে চড়ে শ্যামলীর এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন শিবিরের সভাপতি। বিকেল চারটার দিকে ওই বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি।সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালআজ সন্ধ্যা ছয়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে শিবির। একই বিজ্ঞপ্তিতে সভাপতিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন শিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভাপতিকে মুক্তি না দিলে সারা দেশে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার পতনের এক দফা আন্দোলনের মাধ্যমে সারা দেশ অচল করে দিয়ে সরকারের পতন ঘটানো হবে।শিবিরের সভাপতিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বিবৃতিতে রফিকুল শিবির সভাপতিসহ সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার জামায়াত-শিবিরের সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেছেন।জ্বালাও-পোড়াও শুরুসন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডিতে হরতালের পক্ষে শিবিরের একটি মিছিল বের হয়। সেই মিছিল থেকে একটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডা-নতুন বাজার সড়কে যানবাহন ভাঙচুর শুরু করেন শিবিরের কর্মীরা। যানজটে থেকে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এ সময় সুবাস্তু নগরভ্যালির সামনে বিআরটিসির নতুন একটি দোতলা বাস পুড়িয়ে দেওয়া হয়। বাসটি মোহাম্মদপুর থেকে নতুনবাজার রুটে চলাচল করত। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি-সোঁটা নিয়ে একদল শিবিরকর্মী বাসটির নিচতলায় ভাঙচুর শুরু করেন। আতঙ্কিত যাত্রীরা ওপর থেকে নেমে আসতে না আসতেই বাসটিতে আগুন জ্বলতে দেখেন।ঘটনার প্রত্যক্ষদর্শী একজন স্থপতি প্রথম আলো ডটকমকে বলেন, সুবাস্তু নজরভ্যালির সামনে তাঁর মোটরসাইকেলটি রাখা ছিল। ভাঙচুরের সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাঁর মোটরসাইকেলের সামনে বাংলাদেশের পতাকা স্টিকার লাগানো ছিল। শিবিরের কর্মীরা মোটরসাইকেলটি উল্টে ফেলে পতাকায় পা দিয়ে লাথি মেরে মেরে সামনের অংশটি ভেঙে ফেলেছে।পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, ১০/১২ জনের মতো ব্যক্তি সুবাস্তু নজর ভ্যালির সামনে রাখা কিছু মোটরসাইকেল ভাঙচুর করেছেন ও একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দিয়েছেন।এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির এলাকায় সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি মিরপুর থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত চলাচল করত। একই সময়ে মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে একসঙ্গে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির’ ব্যানার হাতে জজকোর্ট এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার মোড় এলাকায় এসে সহিংস হয়ে ওঠে। মিছিল থেকে পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়, একটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।