শুধু সভাপতি ও সম্পাদক দিয়ে ছয় বছর ধরে চলছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। বছর দেড়েক আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে অনুমোদনের জন্য জমা দেওয়া হলেও তা ঝুলে আছে। এ নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।অপরদিকে মহানগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ ২০০৮ সালে শেষ হয়। তবে সম্প্রতি ওই কমিটিই ২০১১ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। কমিটি নবায়নের কারণে নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে সাংসদ ওমর ফারুক চৌধুরীকে নির্বাচিত করা হয়। কিন্তু সভাপতি ও সম্পাদকের দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছিল না। ২০০৯ সালে সাবেক কিছু ছাত্রনেতার উদ্যোগে দুই নেতার সমঝোতার চেষ্টা হয়। এরপর কেন্দ্রের নির্দেশে সভাপতি ও সাধারণ সম্পাদক একমত হয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা জমা দেন। সেই কমিটি এখনো অনুমোদনের অপেক্ষায়। এই পরিস্থিতিতে উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন। চারঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রায়হানুল হক বলেন, জেলা কমিটি না থাকায় উপজেলা পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো কাজ করতে পারছে না। দল ক্ষমতায় আসার পর কোনো সাংগঠনিক কার্যক্রমও চলছে না। বাঘা উপজেলার তুলসীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বুঝতেই পারছি না দল ক্ষমতায় আছে। মনে হয়, বিরোধী দলে থাকার সময়ই আমাদের বেশি মূল্যায়ন হয়েছে। সব মিলিয়ে আমরা এখন হতাশ।’একই ধরনের হতাশা জেলা সভাপতি তাজুল ইসলামের কণ্ঠেও—‘আমাদের সাংগঠনিক অবস্থা ভালো নয়। স্থানীয় সাংসদেরাই এখন সব করছেন। তাঁরা মনে করেন আমরা বাতিল, পুরাতন’। তবে তাঁর সঙ্গে দ্বিমত প্রকাশ করে সাধারণ সম্পাদক ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘সাংগঠনিক অবস্থা ভালোই রয়েছে। সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি সক্রিয় রয়েছে। বছর দেড়েক আগে জমা দেওয়া জেলা কমিটি যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে।’এদিকে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মারা যাওয়ার প্রায় দুই বছর পর সম্প্রতি এক নম্বর সহসভাপতি বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করে কমিটির মেয়াদ ২০১১ সাল পর্যন্ত বাড়ানো হয়। এই কমিটির সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে। একজন পদত্যাগ করেছেন। আর দুজন মারা গেছেন। সব মিলিয়ে ওই কমিটির অধিকাংশ সদস্য নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাধারণ সম্পদকের পদ থেকে মেয়র এখনো পদত্যাগ করেননি। অথচ একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এভাবে সংগঠন চলতে পারে না।তবে বিষয়টি খুব স্বাভাবিক বলেই মনে করেন এ এইচ এম খায়রুজ্জামান। তিনি বলেন, ‘এ রকম নজির কেন্দ্রীয় আওয়ামী লীগেও আছে। আমাদের সাংগঠনিক কোনো সমস্যা নেই।’ মেয়রের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রহমান সংগঠনের ভেতরে অসন্তোষের কথা স্বীকার করেন।তবে দ্বন্দ্ব থাকলেও দলের মহানগর কার্যালয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সব সময় জমজমাট থাকে। জেলা আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই।