কুড়িগ্রাম জেলা বিএনপি অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিকশিত হতে পারছে না। জেলার সভাপতি ও সম্পাদক এলাকায় না থাকায় দলীয় কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর সম্মেলনের মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি গঠিত হয়। তাসভিরুল ইসলাম সভাপতি এবং সাইফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহসভাপতি হন মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক। মূলত এর পর থেকে সভাপতি ও সম্পাদক এক পক্ষ এবং তিন সহসভাপতি অন্য পক্ষে অবস্থান নেন। গত পৌরসভা নির্বাচনে দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। দলের একটি সূত্রের দাবি, কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল যে পৌরসভায় যাঁরা বিএনপির সমর্থিত মেয়র আছেন, তাঁরাই মেয়র পদে নির্বাচন করবেন। কিন্তু কুড়িগ্রাম পৌরসভার মেয়র ও জেলা কমিটির সহসভাপতি আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি নুরুল ইসলাম। এতে নুরুল ইসলামকে সমর্থন দেন জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক। সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও শফিকুল ইসলাম সমর্থন দেন আবু বকর সিদ্দিককে। নির্বাচনে নুরুল ইসলাম জয়ী হলে সহসভাপতিদের পক্ষ কোণঠাসা হয়ে পড়ে।গতকাল বুধবার দুই পক্ষ পৃথকভাবে যুবদলের নেতা বিপুলের হত্যাকারীদের গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পক্ষের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও আবু বকর সিদ্দিক।দলের নেতা-কর্মীরা জানান, জেলা পর্যায়ের দলীয় কোন্দলের জের অঙ্গসংগঠনসহ উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এ কারণে জনসমর্থন ও কর্মী থাকা সত্ত্বেও দল বিকশিত হচ্ছে না। দ্বন্দ্বের কারণে অনেক ত্যাগী নেতা-কর্মী অভিমান করে দলীয় কর্মকাণ্ডের যোগ দেন না। জানা যায়, সাইফুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা পুরাতন পোস্ট অফিসপাড়ায় জেলা কার্যালয় বসেন। আর মোস্তাফিজুর রহমানের অংশ ঘোষপাড়ায় বিএনপির পৌর কার্যালয়ে বসেন। কয়েকজন কর্মী জানান, জেলা কার্যালয় প্রতিদিন খোলা হলেও কেন্দ্রীয় কর্মসূচি বা দলীয় সভা থাকলেই শুধু জমজমাট থাকে। ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক তালুকদার অভিযোগ করেন, জেলা থেকে অঙ্গসংগঠনের নেতারা এসে তাঁদের না জানিয়ে বিভিন্ন কমিটি করে দেন। এতে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি মোকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর ছাত্তারের মধ্যে দ্বন্দ্বের কারণে দল বিপর্যস্ত হয়ে পড়েছে। ৯ মার্চ উপজেলা কমিটির সভায় আবদুর ছাত্তারকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তা লিখিতভাবে জেলা কমিটিকে জানানো হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। চিলমারী উপজেলা বিএনপির সভাপতি হামিদুল হকের অভিযোগ, বৈধ কমিটি ভেঙে দেওয়ায় তাঁরা আদালতের আশ্রয় নেন। আদালতের অনুমতি পেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। রৌমারী উপজেলা কমিটির সভাপতি সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান মারা যাওয়ার পর দলের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সব উপজেলায় নেতা-কর্মীরা জেলা কমিটির দুই পক্ষের যেকোনো এক পক্ষের সমর্থক। কিন্তু বর্তমান কমিটির বিরুদ্ধে কথা বলে কেউ জেলা নেতাদের বিরাগভাজন হতে চান না। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। জেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলামের অভিযোগ, জেলা কমিটির সভাপতি তাসভিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঢাকায় থাকেন। ফোন করলেও ধরেন না। এভাবে দল চলতে পারে না।এ ব্যাপারে জানতে মুঠোফোনে তাসভিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান দাবি করেন, দল অন্য সময়ের চেয়ে সুসংগঠিত। তবে বড় দল হিসেবে কিছু সমস্যা থাকবে। কাজের মধ্যে দিয়ে এসব ঠিক হয়ে যাবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।