রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার স্বার্থে এবং চারটি শর্ত সাপেক্ষে নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মলয় ভৌমিক বলেন, ‘বিভাগের কিছু শিক্ষক আইন নিজের হাতে তুলে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি লঙ্ঘন করে ৩১ মার্চ দুপুরে কর্মচারীদের বের করে দিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। ওই শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত দাবি না করেই তাঁর অপসারণের দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলনের নামে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছেন।’মলয় ভৌমিক বলেন, এ বিষয়ে নানা মহলের উসকানিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তাই বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার স্বার্থে এবং চারটি শর্ত সাপেক্ষে তিনি ওই বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। মলয় ভৌমিকের শর্ত চারটি হচ্ছে—বিধিবহির্ভূতভাবে যেসব শিক্ষক আইন হাতে তুলে নিয়ে বিভাগের অচলাবস্থার সৃষ্টি করেছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সিন্ডিকেট গঠিত তদন্ত কমিটি যেসব শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছিল তা বাস্তবায়ন করা, এ পর্যন্ত ওই বিভাগের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিভাগের সব দালিলিক নথিপত্রের সংরক্ষণ নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় পরিবারের বিবেকবান শিক্ষকদের ব্যানারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে মলয় ভৌমিক উপাচার্যের দপ্তরে গিয়ে পদত্যাগের ঘোষণা-সংবলিত স্মারকলিপি ও পদত্যাগপত্র দেন। উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, সার্বিক ব্যাপারে সিন্ডিকেট সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে মলয় ভৌমিককে নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি হিসেবে প্রেষণে নিয়োগ দেয়।