পাঁচবিবি উপজেলার উচাই কৃষি কলেজে চাকরি দেওয়ার নাম করে চার চাকরিপ্রার্থীর কাছ থেকে কলেজ কমিটির সভাপতি তিন লাখ টাকা নিয়ে আত্মসাত্ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরিপ্রার্থীরা আত্মসাত্কৃত টাকা উদ্ধারের জন্য পাঁচবিবি থানায় ২৩ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেছে। চাকরিপ্রার্থী আটাপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘কলেজের সভাপতি আক্কাস আলী আমাকে ফিল্ডম্যান পদে চাকরি দেওয়ার নামে ৫৮ হাজার টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়েছেন।’ বাজিতপুর গ্রামের আহসান হাবিব জানান, ‘কলেজের সভাপতি আমার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ৯৫ হাজার টাকা নিয়েছেন। আমাকে নিয়োগপত্র ও টাকাও ফেরত দেননি। টাকা চাইতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এ বিষয়ে উচাই কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, ‘আগের প্রিন্সিপাল এসব করেছেন, আমি এসবের কিছুই জানি না।’ তিনি জানান, ‘আমার জানামতে আইনুল হক নামের একজন চাকরিপ্রার্থীর দাবিকৃত টাকা ফেরত দেওয়া হয়েছে।’এ ব্যাপারে সভাপতি আক্কাস আলী জানান, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় আমার বিরুদ্ধে এসব বিষয়ে অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমার বিরুদ্ধে কতিপয় ব্যক্তিবিশেষ ভুয়া অভিযোগ তুলেছেন। পাঁচবিবি থানার সহকারী পরিদর্শক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই রওশন বলেন, উচাই কৃষি কলেজের সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। তিনি জানান, কৃষি কলেজের সভাপতির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।