সম-অধিকার নিশ্চিত করার দাবিতে সোচ্চার সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম-অধিকার, সমান সুযোগ, সবার জন্য অগ্রগতি—এটাই ছিল এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য। এই ভাবনা বাস্তবায়নের দাবি সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল সোমবার পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস ঘোষণার ১০০ বছর উপলক্ষে এবার বিশেষ তাত্পর্য ছিল দিবসটির।১৯১০ সালে নারী আন্দোলনের অন্যতম পথিকৃত্ জার্মানির সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেিকন ডেনমার্কের কোপেনহেগেনে সাম্যবাদী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নারী দিবস হিসেবে পালিত হতে থাকে। জাতিসংঘ ১৯৭৪ সালে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।গতকাল বিপুল উত্সাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে দিনভর নানা কর্মসূচি। রাজধানীসহ সারা দেশেই সরকারি-বেসরকারি পর্যায়ে নারী ও সামাজিক সংগঠনগুলো আলোচনা, শোভাযাত্রা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম আলোর উদ্যোগে দেশের ১৫টি জেলায় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকায় দিবসের কর্মসূচি শুরু হয়েছিল রোববার রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আঁধার ভাঙার শপথ নিয়ে মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট নামের একটি সংগঠন দিবসের সূচনামুহূর্তে এর আয়োজন করে। এতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও সুলতানা কামাল, শাহীন আনাম, তালেয়া রেহমান, খুশী কবির, সারাহ কবির, লায়লা পারভীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজধানীতে সরকারি পর্যায়ের কর্মসূচি ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিবসটি উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।শহীদ মিনারে ৬১ সংগঠনের সমাবেশ: বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটি নারী সমাবেশের আয়োজন করে। ‘সম-অধিকার ও সুযোগ নিয়ে এগিয়ে যাব একসাথে’ স্লোগান নিয়ে ৬১টি নারী ও মানবাধিকার সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, সাংসদ মেহের আফরোজ প্রমুখ। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি কোহিনুর বেগম।সমাবেশ শুরুর আগে সংগঠনগুলো শোভাযাত্রা করে একে একে শহীদ মিনারে জড়ো হয়। এ সময় নিজেদের অধিকার আদায়ের স্লোগানসংবলিত প্লাকার্ড বহন করছিল তারা। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী অংশ নেয় এ সমাবেশে। শহীদ মিনার মুখর হয়ে ওঠে তাদের পদচারণে। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নারীদের প্রতি বঞ্চনা ফুটে ওঠে গানের মধ্য দিয়ে। ঠিক একই সঙ্গে জাগরণের প্রেরণাও দেওয়া হয়। সমাবেশে সংগীত পরিবেশন করেন সুরাইয়া শারমিন, বিজনচন্দ্র মিস্ত্রী প্রমুখ।সমাবেশের ঘোষণাপত্রে বলা হয়, গত ১০০ বছরে বিশ্বব্যাপী নারী আন্দোলন ব্যাপকতা লাভ করেছে। কিন্তু নারীরা আজও সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিপীড়নের শিকার। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীদের ইতিবাচক অবস্থান তৈরি হলেও পারিবারিক আইনসহ অন্যান্য আইনে এখনো বৈষম্য রয়ে গেছে। ঘোষণাপত্রে জাতীয় সংসদে সংরক্ষিত আসন এক-তৃতীয়াংশ করা, নারীদের জন্য আলাদা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন, উত্তরাধিকার আইন সংস্কার, ফতোয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নারী উন্নয়ন নীতিতে আদিবাসী নারীদের বিশেষায়িত অবস্থার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ ও সংসদে সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।সমাবেশে প্রতিমন্ত্রী শিরিন শারমিন বলেন, বর্তমান সরকার নারীর মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। শত বছরে নারীদের অর্জন অনেক। কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নারীদের আরও উদ্যোগী ও সক্রিয় হতে হবে।আয়শা খানম বলেন, নারীরা সমাজ ও মানবসভ্যতা নির্মাণের কারিগর। যুগ যুগ ধরে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো পূর্ণ মুক্তি আসেনি। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের আমলে নারীদের মর্যাদা আরও সমুন্নত হবে বলে আশা করেন তিনি।শোভাযাত্রা: নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন শোভাযাত্রার আয়োজন করে মহানগরে। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে ৬১ সংগঠনের উদ্যোগে বিকেলে বের হয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। সমাজের সব ক্ষেত্রে নারীদের সম-অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী শিরিন শারমিনের নেতৃত্বে বিভিন্ন পেশার নারীরা এতে অংশ নেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করে। সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মুক্তাঙ্গনে নারীশ্রমিকদের নিরাপদ মাতৃত্বের দাবিতে সমাবেশ ও পরে শোভাযাত্রার আয়োজন করে।মেলা: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উদ্যোগে শিশু একাডেমী মাঠে নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে ছয় দিনের মেলা। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এখানে।মহিলা আইনজীবী সমিতি: ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে বেলা তিনটা থেকে শুরু হয় এই সমিতির অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ। আলোচনা করেন সমিতির উপদেষ্টা জেবুন্নেছা রহমান। সাফলের কাহিনি উপস্থাপন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানরা। ধামরাই প্রগতি কেন্দ্র পরিবেশন করে নাটক আর নয় সহিংসতা। এ ছাড়া ছিল সংগীত, নৃত্য ও ‘কন্যা তোমার ঠিকানা কি’ নামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। নারী পুলিশদের জন্য আয়োজন: ‘নারীরা পুলিশের দায়িত্ব পালন করতে পারবে কি না, সে প্রশ্নের জবাব তাঁরা সাফল্যের সঙ্গেই দিয়েছেন।’ নারী দিবস উপলক্ষে নারী পুলিশ সহকর্মীদের উদ্দেশে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এ কথা বলেন। নিজেদের সাফল্যের স্বীকৃতি শুনে তাঁরা করতালিতে মুখর করে তোলেন। রাজারবাগ টেলিকম মিলনায়তনে নারী দিবস উপলক্ষে একত্র হন ঢাকা মহানগরে কর্মরত পুলিশের নারী কর্মকর্তা-কর্মচারীরা।দিবসের প্রতিপাদ্যকে স্মরণ করে মোমবাতি জ্বালানো হয় অনুষ্ঠানে। এ সময় ঢাকার পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, নারীদের ঘিরে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এই আলোয় তা আলোকিত হোক।অনুষ্ঠানে প্রথম নারী বিসিএস কর্মকর্তা বর্তমানে এসবি ডিআইজি ফাতেমা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। ২৪ বছরের চাকরিজীবনে সংবর্ধনা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরস্কার পেয়ে ভালো লাগছে। তবে আমাকে পুরস্কৃত না করা হলেও আমি নিজ দায়িত্বটা ঠিক এরকমভাবেই করে যেতাম।’অনুষ্ঠানে উপস্থিত নারীদের ফুল ও উপহার দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়। নারী ও পুরুষ পুলিশেরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।