সমকামীদের বিয়ের পক্ষে ওবামা (ভিডিও)
এবার সমকামীদের বিয়ের পক্ষে মত দিয়েছেন বারাক ওবামা। তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট, যিনি ‘বিতর্কিত’ এই ইস্যুর পক্ষে অবস্থান নিলেন। ‘সমকামী জুটিদের বিয়ে করতে দেওয়া উচিত’ এই বক্তব্যের মাধ্যমে ওবামা একদিকে যেমন নিজের অবস্থান স্পষ্ট করলেন, তেমনি নির্বাচনের আগে এই ইস্যুতে নিরপেক্ষ মার্কিন নাগরিকদের ভোট পাওয়া নিয়েও অনিশ্চয়তার মুখে পড়লেন।গতকাল বুধবার এবিসি টেলিভিশনের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানটিতে ওবামা বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এগিয়ে যাওয়া। এটা নিশ্চিত করতে আমি মনে করি, সমকামী জুটিদের বিয়ে করার অধিকার দেওয়া উচিত। তবে ওবামা আরও বলেন, এটা একান্তই তাঁর ব্যক্তিগত অভিমত এবং যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো নিজেদের মতো করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের সেনা, বিমান কিংবা নৌবাহিনীর সদস্যদের মধ্যে যাঁরা সমকামী, তাঁদের কথা বিবেচনা করে তিনি সমকামী বিয়ের পক্ষে কথা বলেছেন। কারণ তাঁদের অনেকেই এখনো এই সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে সংকোচ বোধ করছেন।সমকামী বিয়ে নিয়ে ওবামার এ বক্তব্যকে সমর্থন দিয়েছেন তাঁর দল ডেমোক্রেটিক পার্টির সমর্থক, সমকামী বিয়ের অধিকার চেয়ে আন্দোলনরত কর্মীরা। তাঁরা ওবামার এই বক্তব্যকে সমকামীদের বিয়ের ক্ষেত্রে একটি বড় অর্জন বলে উল্লেখ করেছেন।নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, প্রেসিডেন্টের বক্তব্য যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকারের ক্ষেত্রে বড় ধরনের এক অগ্রগতি।আর সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রেসিডেন্ট নীরা ট্যান্ডেন বলেন, প্রেসিডেন্ট ওবামার সমর্থনের মাধ্যমে দেশে সমতা প্রতিষ্ঠার বাস্তবতা অনুধাবনের ক্ষেত্র আরও এক ধাপ অগ্রগতি হলো।অন্যদিকে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ওবামার বক্তব্যের ব্যাপারে সরাসরি কিছু বলেননি। ওকলাহোমা সিটিতে নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, ‘আমি মনে করি, বিয়ে এমন একটি সম্পর্ক যা কেবল নারী এবং পুরুষের মধ্যে হতে পারে। তবে যারা সমকামী তাদের একসঙ্গে চিকিত্সা নিতে যাওয়া এবং গৃহস্থালি কাজে একে অন্যকে সহায়তা করার বিষয়টিকে আমি সমর্থন করি।’তবে ওবামার বক্তব্যের সমালোচনা করেছেন রিপাবলিকান দলের নেতা-কর্মী এবং রক্ষণশীল খ্রিষ্টান নেতারা। তাঁরা বলেছেন, বিতর্কিত একটি বিষয়ে ওবামার এই অবস্থান একটি বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি।কেউ কেউ বলেছেন, ওবামার বক্তব্য সমকামী বিয়ের বিপক্ষে থাকা নির্দলীয় ভোটাররা এখন মিট রুমনিকে সমর্থন দিতে পারেন।যুক্তরাষ্ট্রের রক্ষণশীল খ্রিষ্টানদের সংগঠন ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট টনি পার্কিনস বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো, আগামী নির্বাচনে এই বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। এর মাধ্যমে প্রেসিডেন্ট তাঁর এবং রুমনির পরিষ্কার ব্যবধান গড়ে দিলেন।প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসসের এক যৌথ জরিপে দেখা যায়, ৩৯ শতাংশ মার্কিন নাগরিক সমকামী জুটির আইনসিদ্ধ বিয়ের পক্ষে মত দেয়। ২৩ দশমিক ৫ শতাংশ মার্কিনি মনে করে, সমকামীদের সুশীল সমাজ গড়ার অধিকার আছে। তবে তাদের বিয়ে করার অধিকারের বিপক্ষে তারা। প্রায় ২৭ শতাংশ মার্কিনি সমকামীদের বিয়ে কিংবা সুশীল সমাজ গঠনের বিপক্ষে।