সমকামীদের মধ্যে এইচআইভি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সমকামী পুরুষের মধ্যে এইচআইভি ভাইরাসে সংক্রমণের হার বর্তমানে সবচেয়ে বেশি। ২০১১ সালে এই হার অতীতের সব পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। ওই দেশের হেলথ প্রোটেকশন এজেন্সির (এইচপিএ) তথ্যে এই উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়েছে, ২০০৭ সালে এ উদ্বেগজনক প্রবণতা শুরু। প্রতিবছর এই সংখ্যা শুধু বাড়ছেই। গত বছর ছয় হাজার ২৮০ জন সমকামীর এইচআইভি ভাইরাসের সংক্রমণের পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, প্রতি ২০ জন সমকামীর মধ্যে একজন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। এইচপিএ জানায়, যাঁদের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, তাঁদের এখনো রক্ষা পাওয়ার পথ রয়েছে। এইচআইভি নজরদারিবিষয়ক প্রতিষ্ঠানের প্রধান ভেলেরি ডেলপেচ বলেন, ‘এটি মারাত্মক অসুস্থতা। আমরা দেখছি, সমকামীদের মধ্যে এ বছর সংখ্যাটা রেকর্ড পরিমাণে দাঁড়িয়েছে।’ নিরাপদ যৌনজীবন এইচআইভি ভাইরাস থেকে রক্ষার সবচেয়ে ভালো উপায় বলে তিনি মন্তব্য করেন।যুক্তরাজ্যে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯১ হাজার থেকে বেড়ে গত বছর ৯৬ হাজারে পৌঁছেছে। এর মধ্যে লন্ডনে এই সংখ্যা সবচেয়ে বেশি। তবে উন্নত চিকিত্সার কারণে মৃত্যুর সংখ্যা এখনো তত বেশি নয়। এইচপিএর তথ্যে দেখা গেছে, এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রতি চারজনের একজন সংক্রমণ সম্পর্কে একেবারে অজ্ঞ। তাঁরা কোনো ধরনের চিকিত্সা নিচ্ছেন না। অজান্তে এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছেন। ন্যাশনাল এইডস ট্রাস্টের প্রধান নির্বাহী ডেবোরা জ্যাক বলেন, যৌনসংক্রমণ ও এইচআইভির ব্যাপারে সমকামীদের বছরে অন্তত একবার পরীক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ। তবে এইচআইভি নেগেটিভ কিন্তু যৌনসংক্রমণ আছে এমন সমকামীদের সুরক্ষায় উদ্যোগ নেওয়ার এখনই সময়। কারণ, তাঁরা এইচআইভির সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।