সমঝোতা না করায় সওজের প্রকৌশলীর কক্ষে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কক্ষে গতকাল বৃহস্পতিবার দুই ঘণ্টা তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুরের ইটাখোলা থেকে মনোহরদীর মাস্টারবাড়ি পর্যন্ত ৩২ কিলোমিটারের উন্নয়নের কার্যাদেশ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সমঝোতা না করায় প্রকৌশলীর কক্ষে তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগের নেতারা সমঝোতার বিষয়টি অস্বীকার করে বলেছেন, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ফাঁকি ও সড়ক সংস্কারের কাজ শুরু করতে বিলম্ব করায় তাঁরা এর প্রতিবাদ করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুল আলম ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ খান একদল নেতা-কর্মী নিয়ে সওজ অধিদপ্তরের শিবপুরের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তাঁরা সঙ্গে নিয়ে আসা একটি তালা উপবিভাগীয় প্রকৌশলী মো. তোফায়েল মিয়ার কক্ষের দরজায় লাগিয়ে দেন। কিছুক্ষণ পর সামসুল আলম ও অরুণ খান সওজের অফিস থেকে বেরিয়ে যান।খবর পেয়ে দুপুর ১২টার দিকে প্রকৌশলী মো. তোফায়েল মিয়া অফিসে ছুটে আসেন। তিনি তাঁর কক্ষে তালা দেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে এক নেতা চাবি নিয়ে এসে তালা খুলে দেন।নরসিংদীর সওজ অফিস সূত্রে জানা যায়, জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় ঢাকা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুরের ইটাখোলা থেকে মনোহরদীর মাস্টারবাড়ি পর্যন্ত সড়কের উন্নয়নের দরপত্র আহ্বান করা হয় চলতি বছরের ২৬ জানুয়ারি। এতে ব্যয় ধরা হয় ১০ কোটি নয় লাখ ৫২ হাজার ৮৮৪ টাকা। দরপত্র বাছাই শেষে গত ১৫ জুন মেসার্স প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু কার্যাদেশ পাওয়ার সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করেনি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার বলেন, শিবপুরের সব উন্নয়নকাজের দরপত্রের নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগের নেতা সামসুল আলম। কিন্তু ঢাকা-মঠখোলা সড়কের উন্নয়নকাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের এড়িয়ে কাজটি বাস্তবায়ন করতে চেয়েছিল। এতে তাঁরা উত্তেজিত হয়ে উপবিভাগীয় প্রকৌশলীর কক্ষে তালা ঝুলিয়েছেন।প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, ‘সকালে আমার কক্ষে তালা ঝোলানোর খবর পেয়ে অফিসে ছুটে যাই এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করে তালা খোলার ব্যবস্থা করি।’ কী কারণে তালা ঝোলানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরকারি চাকরি করি। ইচ্ছা করলেই সব কিছু বলা যায় না।’এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা সামসুল আলম বলেন, ‘শিবপুরে সওজের অফিসের একজন কর্মকর্তা-কর্মচারীও নিয়মিত অফিস করেন না। তাঁদের কখনো অফিসে গিয়ে পাওয়া যায় না। ঢাকা-মঠখোলা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। ছয় মাস আগে কার্যাদেশ দেওয়া হলেও এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। সর্বশেষ আগামী শনিবার উন্নয়নের কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা হঠা ৎ করে বাতিল করা হয়েছে। এ কারণে আমরা প্রকৌশলীর অফিসে গিয়েছিলাম এ বিষয়ে জানতে।’ ঠিকাদার সমঝোতা না করায় প্রকৌশলীর অফিসে তালা ঝোলানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি প্রকৌশলীর অফিসে তালা লাগাইনি। ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ফাঁকি ও সংস্কারের কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় এর প্রতিবাদ করেছি।’আওয়ামী লীগ নেতার অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্সের বক্তব্য পাওয়া যায়নি।