সমঝোতা না হওয়ায় জাতিসংঘের উদ্বেগ রয়েছে: ফার্নান্দেজ
আগামী নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় সংলাপ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতা না হওয়ায় জাতিসংঘের উদ্বেগ রয়েছে। যত দ্রুত সংলাপ শুরু হবে, তত সহজেই সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আজ সোমবার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ফার্নান্দেজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের যে প্রস্তাব দিয়েছেন, তাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাড়া দেওয়া উচিত। ফার্নান্দেজ বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব রাজনৈতিক দলকেই সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য দায়িত্ব পালন করতে হবে। আর এ পরিবেশ এমন হতে হবে, যাতে সবার জন্য সমান সুযোগ থাকে। আর নির্বাচনের উপযোগী সহায়ক পরিবেশ দ্রুত সৃষ্টির উদ্যোগ নিতে হবে।নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের চলমান সংঘাতময় রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত গত শুক্রবার ঢাকায় আসেন। সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই দফায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভী, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন পর্যায়ের আলোচনায় অস্কার ফার্নান্দেজ এক যুগসন্ধিক্ষণে দাঁড়ানো বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করা, স্থিতিশীলতা বজায় রেখে শান্তি ও উন্নয়নে গুরুত্ব দেওয়ার বিষয়ে তাগিদ দেন। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার ভূমিকা রাখা উচিত বলে মত দেন। সেই সঙ্গে সাম্প্রতিককালে বাংলাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন যে গভীরভাবে উদ্বিগ্ন, সে বার্তাটিও দিয়েছেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষকেই তিনি শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খুঁজে নিতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে অনুরোধ জানান।