ইউনূস প্রসঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
সমঝোতা না হলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে
ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সমঝোতার মাধ্যমে সুরাহা না হলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আর সম্মানজনকভাবে বিষয়টির সমাধান হলে হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের আয়োজন সহজ হবে।গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। তিনি গতকাল বিকেলে ঢাকায় আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির ব্যাপারে আশাবাদী কি না জানতে চাইলে রবার্ট ব্লেক বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, সব পক্ষকে সন্তুষ্ট করে একটি সমাধানে পৌঁছানো সম্ভব। আর এ সমঝোতা গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য ও কার্যকারিতা নিশ্চিত করবে। তাই আমি সব পক্ষকেই সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনায় বসতে উৎসাহিত করব।’বিষয়টির সমঝোতা বলতে যুক্তরাষ্ট্র ঠিক কী বোঝাতে চাইছে—এমন প্রশ্নের উত্তরে রবার্ট ব্লেক বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সমঝোতার উপায় সম্পর্কে কোনো পরামর্শ দেবে না। মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেবে।মার্কিন সরকার যেভাবে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কি না জানতে চাইলে ব্লেক সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি বলেন, সমগ্র যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত। তিনি ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সম্পর্কে মার্কিন কংগ্রেসের সদস্য, প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রে সবার কাছে বেশ ভালো ধারণা রয়েছে। তাই তাঁর বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত আগ্রহের। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্তের কারণে আগামী এপ্রিলে হিলারি ক্লিনটনের প্রস্তাবিত ঢাকা সফর এবং একই মাসে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় বারাক ওবামার সাক্ষাৎ বাতিল হয়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো অনুমানের ওপর নির্ভর করতে চান না বলে জানান। তবে বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন। রবার্ট ব্লেক বলেন, ‘শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস বাংলাদেশের জন্য ব্যাপক সম্মান বয়ে এনেছেন। সাম্প্রতিক সময়ে তিনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন, তাতে যুক্তরাষ্ট্র গভীরভাবে বিচলিত। বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন। কারণ, এটি ব্যাপক অর্থে সুশীল সমাজ এবং নির্দিষ্ট করে গ্রামীণ ব্যাংকের কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ তাঁর মতে, এ বিষয়টি একটি বিচ্যুতি এবং বাংলাদেশ যেসব অসামান্য অগ্রগতি অর্জন করেছে, তা থেকে অযথা সরে এসেছে বলে তাঁরা মনে করেন। হিলারি ক্লিনটন কবে বাংলাদেশ সফরে আসবেন জানতে চাইলে তিনি জানান, মুহাম্মদ ইউনূসের বিষয়টির সুরাহা হলে তিনি তাঁকে বাংলাদেশ সফরে আনার চেষ্টা করবেন।বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা; বিশেষ করে, নিজের দেশের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মত দেন। ব্লেক বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভালো করছে। তবে দুর্নীতি রোধে আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আর উল্লেখযোগ্য হারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দুর্নীতি রোধ করাটা জরুরি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোর সুরাহা হওয়া উচিত বলে মত দেন।