চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে সমঝোতা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নিয়মিত চলবে। কর্তৃপক্ষ শিক্ষক ও ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে আসার আহ্বান জানিয়ে বলেছে, তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সঙ্গে তাঁদের সমঝোতা হয়নি। আন্দোলন চলবে এবং বাস-ট্রেনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার তাঁরা নেবেন না।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী যথারীতি চলাচল করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। তা ছাড়া যেসব শিক্ষার্থী হাটহাজারী-নাজিরহাট সড়ক ব্যবহার করে বাস বা অন্য কোনো পরিবহনে করে বিশ্বদ্যািলয়ে আসবেন, তাঁদের সুবিধার্থে সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ১ নম্বর সংযোগ সড়ক থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা নিরাপদে ওই বাসের সুযোগ নিতে পারবেন। রেজিস্ট্রারের কার্যালয় থেকে পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা হয়ে গেছে। এখন ট্রেন-বাস চলাচলে আপনাদের সহযোগিতা চাই।’ শিক্ষকদের একটি সূত্র জানায়, তাঁদের বহনকারী বাসেও কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, সব রুটে বাস চলাচল করবে। তাঁদের জন্য বাসে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।তবে আন্দোলনরত ছাত্রলীগের নেতারা গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা হয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমরা আলোচনায় বসতে পারি। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস এবং বেসরকারি মিনিবাস সার্ভিস চলাচলের প্রশ্নে কোনো সুরাহা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কৌশলের আশ্রয় নিয়ে যদি পরিবহনব্যবস্থা স্বাভাবিক বলে অপপ্রচার চালায় এবং বাস-ট্রেন চলাচল করে, তাহলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার আন্দোলনকারী ছাত্ররা নেবেন না।’বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গঠনমূলক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব এবং কোনো রকম তৃতীয় শক্তির অপকৌশলে বাস, ট্রেন বা মিনিবাসের কোনো ক্ষতি হলে তার দায়ভার আন্দোলনকারীরা নেবেন না।’ বিজ্ঞপ্তিতে মো. মজিবুর রহমান, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর মিয়া, রিয়াদুল হক, নাবীর মামুন, মো. নাজমুল হাসান ও লিটন মিত্র—এ সাতজনের স্বাক্ষর রয়েছে। এ অবস্থায় শিক্ষক সমিতির নেতারা আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাগিদ দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম নছরুল কাদির প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। উপাচার্যও তাদের দলীয়। যারা আন্দোলন করছে, তারাও আওয়ামী লীগের অঙ্গসংগঠন। কাজেই সমস্যা সমাধানে বিশেষ কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। দ্রুত ক্যাম্পাসে ছাত্রদের আনার ব্যবস্থা করতে হবে।’