সমঝোতার কথা নাকচ মমতার
তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের ওপর থেকে তাঁর দলের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো আভাস দেননি।সরকারের সংস্কারমূলক কয়েকটি সিদ্ধান্ত বাতিলের জন্য এর আগে তিনি যে দাবি করেছিলেন, সে ব্যাপারেও কোনো ধরনের সমঝোতা করা হবে না বলে আজ বুধবার জানিয়ে দিয়েছেন।ক্ষমতাসীন জোট থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণার এক দিন পর আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমার অবস্থানে নড়চড় হবে না। দেখুন কী ঘটে...তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা তাঁদের পদত্যাগপত্র দাখিল করবেন।’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এমন কোনো বিষয়ে আমি সমঝোতা করতে পারি না।’ এই বক্তব্য দেওয়ার আগে তিনি ফেসবুকে তাঁর সর্বশেষ বার্তায় লেখেন, ‘যদি আমার নতুন কিছু বলার থাকে, তাহলে আমি তা আপনাদের সরাসরিই বলব। আমি আবারও বলছি, আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছি যা জনগণের স্বার্থে এবং তা জনগণেরই নেওয়া সিদ্ধান্ত। আমরা জনগণের সঙ্গে আছি।’প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও খুচরা বাজারে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার রাতে মমতা ইউপিএ সরকারের ওপর থেকে তাঁর দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে জানিয়ে দেন, আগামী শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা তাঁর দলের ছয়জন মন্ত্রী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন। তাঁর দাবি পূরণ করা হলে তিনি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন বলেও তিনি ওই সময় জানান।মমতার সমর্থন প্রত্যাহারের ঘোষণার পর আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কংগ্রেসের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ইউপিএ চেয়ারপারসন ও কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিসহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। বৈঠক শেষে পি চিদাম্বরম বলেন, আলোচনায় জ্বালানি তেলের মূল্য কমানো বা গ্যাস সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কথা হয়নি। প্রধানমন্ত্রী কয়েকবার মমতার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁর সাড়া পাননি। তৃণমূলের মন্ত্রীরা নয়াদিল্লিতে আসছেন। তাঁরা চাইলে তাঁদের সঙ্গে কথা হতে পারে।তবে অর্থমন্ত্রীর বক্তব্য নাকচ করে মমতা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ভর্তুকি মূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ ও খুচরা বাজারে বিদেশি পুঁজি বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে কিংবা পরে নয়াদিল্লি থেকে সরকারের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।মমতা এ সময় সরকারের বিরুদ্ধে অসত্য তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ করেন। কংগ্রেসের নেতাদের প্রতি প্রকৃত ঘটনা বিকৃত না করার আহ্বান জানান তিনি। মমতার সঙ্গে কংগ্রেসের নেতাদের যোগাযোগের চেষ্টা নিয়ে প্রকাশিত খবর নাকচ করে দেন তৃণমূলের কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়ও। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ইউপিএ সরকারের পক্ষে মমতার দাবি মানা সম্ভব নয়। কারণ, তেলের দাম কমানো ও গ্যাস সিলিন্ডারের সরবরাহ বাড়ানো গেলেও খুচরা বাজারে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করা কঠিন। প্রধানমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, পুঁজি বিনিয়োগের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের সুযোগ নেই। বিশ্লেষকেরা বলেন, কংগ্রেসের একাংশ চাইছে না দলকে আবারও মমতার কাছে মাথা নত করাতে। ওই অংশ মনে করছে, তৃণমূলের ১৯টি আসন চলে গেলেও মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির ২৩টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টির ২১টি ও ডিএমকের ১৮টি আসনের সমর্থন তাদের থাকবে। ডিএমকে বলেছে, তারা মমতার মতো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নয়। সমাজবাদী পার্টির সাংসদেরাও কাল বৃহস্পতিবার ইউপিএ সরকারকে সমর্থনের প্রশ্নে এক বৈঠকে বসছেন। মায়াবতী কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থনের কথা আগেই জানিয়েছেন। ফলে অঙ্কের হিসাবে এই মুহূর্তে সরকার পতনের আশঙ্কা নেই।