সমঝোতার চেষ্টা চলছে
৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে কওমি মাদ্রাসাভিত্তিক কয়েকটি সংগঠনের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ওলামা-মাশায়েখদের একটি দল আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলবে। কওমি মাদ্রাসার এ অংশটির লংমার্চে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে ওই সূত্রটি জানিয়েছে।এদিকে লংমার্চের তিন দিন আগেই রাজধানীতে চলে এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় এসে পৌঁছান বলে জানা গেছে।৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা থাকলেও চট্টগ্রাম থেকে আগের দিন শুক্রবার জুমার নামাজ পড়েই ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতারা প্রথম আলোকে জানান, চট্টগ্রাম থেকে বাস, মাইক্রোবাস ও গাড়ি নিয়ে তাঁরা ঢাকায় লংমার্চ করবেন। গতকাল ঢাকার পুরানা পল্টনে মিছিলপূর্ব সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির নেতারা লংমার্চ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।তবে সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে পর্যায়ক্রমে অন্যান্য অরাজনৈতিক দাবি পূরণেরও আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে লংমার্চ কর্মসূচি বাতিলের অনুরোধ করা হয়েছে।সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, আলোচনায় ফয়সালা না হলেও লংমার্চে যাতে উপস্থিতি কম হয়, সে জন্য কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের আলোচনায় বিভিন্ন কওমি মাদ্রাসার শতাধিক আলেম ও মাদ্রাসার অধ্যক্ষ অংশ নেবেন। আলোচনায় কওমি মাদ্রাসার আলেমদের পক্ষে নেতৃত্ব দেবেন সম্মিলিত কওমি মাদ্রাসা বোর্ডের মহাসচিব মাওলানা রুহুল আমিন এবং জামেয়া উলুম ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান।এর আগে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী গণভবনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের আলেমদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, এম এ আউয়াল ও আল্লামা ছদরুন আমিন রিজভী। আলোচনায় হেফাজতে ইসলামের লংমার্চে জামায়াত-শিবির ঢুকে সহিংসতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যেসব ব্লগার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, তাদের ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। মহানবী (সা.)-কে কটাক্ষ ও ধর্মের অবমাননা কোনোমতেই বরদাশত করা হবে না। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।সরকারের একাধিক মন্ত্রী ও নীতিনির্ধারণী সূত্রে জানা যায়, হেফাজতে ইসলামের লংমার্চ নিয়ে চিন্তিত না হলেও এ কর্মসূচি ঘিরে জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কায় সরকারে প্রচণ্ড উৎকণ্ঠা আছে। বিশেষ করে, নাশকতা বা কোনো সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে গেলে হেফাজতে ইসলামের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সরকার তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করছে।জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, কোনো ব্লগার ইসলাম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর কিছু প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। হেফাজতে ইসলামের এটা বন্ধ করার দাবি যৌক্তিক নয়। সরকারি সূত্রগুলো আরও জানায়, কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনকে হেফাজতে ইসলামের কর্মসূচি থেকে বিরত রাখতে আলোচনা জোরদার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকেও আলোচনায় যুক্ত করা হয়েছে। এ ছাড়া একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।তবে সরকারের অপর একটি অংশ মনে করে, হেফাজতে ইসলাম লংমার্চ কর্মসূচি করলেও খুব বেশি লোকসমাগম ঘটাতে পারবে না। তাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের এ অংশের মত, হেফাজতে ইসলামের কর্মীদের সহিংসতা করার আশঙ্কা নেই। তবে বিএনপি-জামায়াত এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে নাশকতা সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে।