হাইকোর্টের এজলাসে হট্টগোলের ঘটনায় উদ্ভূত সমস্যা সমাধানে সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দিনে গতকাল সোমবারের সমঝোতা বৈঠকেও আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা যোগ দেননি।এদিকে পৃথক দুই মামলায় ১২ আইনজীবীর জামিন আবেদনের ওপর গতকালও আদেশ হয়নি। অন্যদিকে তিন দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে রাত কাটানো আইনজীবী মোহাম্মদ আলীকে গতকাল আর আদালত প্রাঙ্গণে দেখা যায়নি। রাত আটটায় তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর বাসার টেলিফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ আলীর স্ত্রী শামীমা ইয়াসমিন জানান, ‘উনি বাসায় নেই। রোববারও বাসায় ছিলেন না।’এর আগে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, এই বৈঠকে ১১ জন আইনজীবী অংশ নেন। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক এম বদরুদ্দোজা ছাড়া এ এফ হাসান আরিফ, মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক, আবদুল ওয়াহাব, আবদুর রেজাক খান, আমিনুল হক, আবদুস সালেক ও মো. গিয়াসউদ্দিন অংশ নেন। এঁদের বেশির ভাগই বিএনপি-সমর্থক আইনজীবী।বৈঠক শেষে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘অপর পক্ষের অসহযোগিতার কারণে সমঝোতার প্রচেষ্টা সফল হয়নি। প্রধান বিচারপতির নির্দেশনার কারণে আমি উদ্যোগ নিয়েছিলাম। আমি কাল (আজ মঙ্গলবার) প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে বিষয়টি অবহিত করব। এরপর আইনজীবীদের জামিন আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এটা আইনি ব্যাপার। পুলিশ মামলা করেছে। এখানে সমঝোতার কিছু নেই। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে, তাঁদের উচিত নিম্ন আদালতে আত্মসমর্পণ করা।১২ আইনজীবীর জামিনের আদেশ হয়নি: পৃথক দুই মামলায় ১২ আইনজীবীর জামিন আবেদনের ওপর গতকাল সোমবার আদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু কোনো আদেশ হয়নি। সকালে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা সময়ের আরজি জানালে (নট টুডে) আদালত আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবির মেয়াদ বাড়ান।বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের ওপর আদেশ দেওয়ার কথা ছিল।এর আগে ২ আগস্ট হাইকোর্ট একটি বেঞ্চের এজলাসকক্ষে সরকার ও বিরোধী দল-সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। ওই দিন রাতেই শাহবাগ থানায় পুলিশ ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে। ৪ আগস্ট ম ৎ স্য ভবনের মোড় থেকে সাংসদ আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশকে মারধরের অভিযোগে ওই দিন রাতে নয় আইনজীবীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়।রমনা থানার মামলায় পাপিয়ার জামিন: সুপ্রিম কোর্টে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় কেন তদন্তে অগ্রগতি-সংক্রান্ত কাগজপত্র (সিডি) উপস্থাপন করা হয়নি, এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত।গ্রেপ্তার হওয়া বিএনপির সাংসদ ও আইনজীবী আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীর রিমান্ড বিষয়ে গতকাল শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এ এম জলিল মামলার সিডি উপস্থাপন না করায় আদালত বৃহস্পতিবার রিমান্ড বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।এদিকে গত জুন মাসে বিএনপির ডাকা হরতালের ঘটনায় রমনা থানায় করা একটি মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপির সাংসদ ও আইনজীবী আশিফা আশরাফী পাপিয়াসহ এ তিনজন। গতকাল সোমবার মহানগর হাকিম শাহদাত হোসেন এ জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্য দুজন হলেন আইনজীবী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।