সমঝোতার চেষ্টায় আজ ঢাকায় বৈঠক বিএনপির নেতাদের
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে বিএনপির চট্টগ্রামের নেতারা আজ ঢাকায় বৈঠকে বসছেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় এ বৈঠকে দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র আরও জানায়, বৈঠকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক নেতাদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হবে, যাতে বিরোধ মিটিয়ে নির্বাচনে একক মেয়র প্রার্থী দেওয়া যায়। এ বিষয়ে সমঝোতা হলে তা কেন্দ্রের কাছে তুলে ধরা হবে। এদিকে এই নির্বাচনে দলের অংশ নেওয়ার ব্যাপারে গতকাল বুধবার পর্যন্ত কেন্দ্র থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আজ বা কাল শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এ ক্ষেত্রে তিনি দলের চট্টগ্রামকেন্দ্রিক কেন্দ্রীয় নেতাদেরও মতামত নেবেন।দলীয় সূত্র জানায়, কেন্দ্র নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে। এ ছাড়া নির্বাচনে অংশ নিতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের চাপও বাড়ছে। এ কারণে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দলীয় নেতাদের নিরুৎসাহিত করা হচ্ছে না। তাই সম্ভাব্য কোনো কোনো প্রার্থী কাজও শুরু করেছেন।চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মেয়র নির্বাচনে অংশ না নিলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে। আমরা নির্বাচনের পক্ষে। আশা করছি, কেন্দ্র তৃণমূল পর্যায়ের নেতাদের মতামত বিবেচনা করে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ঘোষণা দেবে।’আজ ঢাকার একটি হোটেলে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চট্টগ্রামের বিএনপির নেতাদের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘মেয়র প্রার্থী হিসেবে আমরা দলের অনেক নেতার নাম শুনছি। কিন্তু যোগ্য প্রার্থী মনোনয়নের জন্য আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে কাল (আজ বৃহস্পতিবার) বৈঠকে বসব।’দলীয় সূত্র জানায়, বিএনপির ছয়জন নেতা মেয়র প্রার্থী হতে আগ্রহী কিংবা তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের প্রার্থী হিসেবে দেখতে চান। এঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এ ছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের নামও শোনা যাচ্ছে। তাঁকেও আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দলীয় একজন নেতা জানান, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।দস্তগীর চৌধুরী বলেন, ‘এক-এগারোর প্রথম নির্যাতনের শিকার হই আমি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলাম। করপোরেশন চালানোর মতো যথেষ্ট অভিজ্ঞতা আছে বলে দলীয় নেতা-কর্মীরা আমাকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান। আমি ঢাকার বৈঠকে এ বিষয়গুলো তুলে ধরে মনোনয়ন পেতে চেষ্টা চালাব।’