সমঝোতার তিনটি উদ্যোগ নিয়েছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবান জলবায়ু সম্মেলনের মন্ত্রী পর্যায়ের প্রথম দুই দিনের বৈঠকেও কোনো আশার আলো দেখা যায়নি। সম্মেলনটি যাতে ব্যর্থ হিসেবে চিত্রিত না হয়, সে জন্য শেষ সময়ে এসে তোড়জোড় শুরু করেছেন বিশ্বনেতারা।সম্মেলনে তিনটি জোট যার যার অবস্থানে অনড় রয়েছে। এরা হচ্ছে: শিল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট অ্যানেক্স-১, উদীয়মান অর্থনীতির জোট বেসিক ও স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট এলডিসি, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোট এওসিস ও আফ্রিকান ইউনিয়নের সম্মিলিত জোট।এই তিন মতের তিন জোটকে একটি সমঝোতায় নিয়ে আসতে জাতিসংঘ উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রেও তিন পথে সমঝোতার চেষ্টা করছে তারা। তবে গতকাল বুধবার পর্যন্ত কোনো পথেই তেমন কোনো অগ্রগতি হয়নি।প্রথম প্রস্তাবে বলা হচ্ছে: শিল্পোন্নত ৩৭টি রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র ও উদীয়মান অর্থনীতির পাঁচটি রাষ্ট্র মিলে একটি নতুন চুক্তিতে পৌঁছাবে। এর আওতায় এসব রাষ্ট্র মিলে পৃথিবীর তাপমাত্রা যাতে চলতি শতাব্দীর মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যে কার্বন নিঃসরণ কমাবে।দ্বিতীয় প্রস্তাবে বলা হচ্ছে: শুধু শিল্পোন্নত ৩৭টি রাষ্ট্র ২০১২ সালের পর আবারও কার্বন নিঃসরণ কমানোর চুক্তি করবে। আর অন্য রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে রাজি হয়ে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা বাস্তবায়ন শুরু করবে।তৃতীয় পথ হচ্ছে: এ সম্মেলনে কোনো চুক্তি হবে না। ইউরোপীয় ইউনিয়ন স্বেচ্ছাপ্রণোদিতভাবে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করবে। অন্য দেশগুলোর মধ্যে যারা রাজি থাকবে, তারা একইভাবে নিঃসরণ কমাবে। ২০১৫ সালে গিয়ে মূল্যায়ন করা হবে, কে কতটুকু কমাল। ২০২০ সাল নাগাদ বিশ্বের সব রাষ্ট্র মিলে একটি নতুন চুক্তি হবে।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিনিধি কোনি হেডেগার্ড শেষ সময়ের এ তিনটি প্রস্তাবকে সামনে রেখে সমঝোতার চেষ্টা করছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও জোটগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছেন তাঁরা। কিয়োটো চুক্তিকে রক্ষা করে বিশ্বের শিল্পোন্নত ও দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকারে আসার আহ্বান জানাচ্ছেন এ নেতারা।এদিকে জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সভাপতি রাজেন্দ্র প্রসাদ পাচুরি গতকাল সম্মেলন উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, কার্বন নিঃসরণের বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি শতাব্দীর মধ্যে পৃথিবীর তাপমাত্রা আড়াই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এতে এই গ্রহ আরও উত্তপ্ত হয়ে দুর্যোগ ও দুর্ভোগের পরিমাণ বাড়াবে।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক পরিবেশবিদ আতিক রহমান ফলাফলের ব্যাপারে প্রথম আলোকে বলেন, যতটুকু মনে হচ্ছে, ডারবানে কোনো ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা কম। তৃতীয় পথ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ও চীন কার্বন নিঃসরণ কমানোর একটি স্বেচ্ছাপ্রণোদিত ঘোষণা দেবে। অন্য রাষ্ট্রগুলো রাজনৈতিক অঙ্গীকার করবে, কিন্তু নিঃসরণ কমানোর কোনো সুনির্দিষ্ট চুক্তিতে যাবে না। এতে কিয়োটো চুক্তি হয়তো বেঁচে থাকবে, তবে তা কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখার মতো অবস্থা হবে।গতকাল বাংলাদেশসহ স্বল্পোন্নত রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ঘোষণা করেছে। সেখানে তারা বলেছে, কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে কোনো আপস চলবে না। এ সম্মেলনেই রাষ্ট্রগুলোকে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তিতে আসতে হবে। গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) ছাড়ও এখান থেকে দিতে হবে।তবে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট বেসিক সংবাদ সম্মেলন করে স্পষ্ট বলে দিয়েছে, তারা ২০২০ সালের আগে কোনো চুক্তিতে আসতে রাজি নয়। ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে এই জোট গঠিত।এ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কী, তা জানতে চাইলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনবিষয়ক সমঝোতাকারী দলের সমন্বয়কারী কাজী খলীকুজ্জমান প্রথম আলোকে বলেন, এ সম্মেলনেই একটি চুক্তিতে আসার ব্যাপারে বাংলাদেশ চাপ দিয়ে যাচ্ছে।তবে কিয়োটো প্রটোকল চুক্তির ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা জানিয়ে খলীকুজ্জমান বলেন, কার্বন নিঃসরণ কমানোর জন্য বিশ্বের একমাত্র আইনগত বাধ্যবাধকতাসহ এ চুক্তি মারা গেলে তা পৃথিবীবাসীর জন্য আরও বেশি বিপদ ডেকে আনবে।